'সমর্থকদের খুশি করতে চাই'

দলবদলের একেবারে শেষ মুহূর্তে মোনাকো থেকে ধারে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন রাদামেল ফ্যালকাও। ম্যানচেস্টারে এসেই কলম্বিয়ান স্ট্রাইকার কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড টিভির সঙ্গে। কী বললেন তিনি?
ম্যানচেস্টার ইউনাইটেডে স্বাগত রাদামেল! কেমন লাগছে?
রাদামেল ফ্যালকাও: অনেক অনেক ধন্যবাদ। এত বড় একটা ক্লাবের অংশ হতে পেরে আমি খুব খুশি। এই মুহূর্তটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। আমি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়।
দলবদল করতে গিয়ে তো এক দিনেই বেশ লম্বা একটা ভ্রমণ করতে হলো। এখন নিশ্চয়ই খুব রোমাঞ্চিত?
ফ্যালকাও: হ্যাঁ, দিনটা খুব লম্বাই ছিল। খুবই কঠিনও। আমাদের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, তবে আমি বিশ্বাস হারাইনি। আমি এখন এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব। আমি খুব খুশি।
লুই ফন গালের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপনি কি রোমাঞ্চিত?
ফ্যালকাও: হ্যাঁ, আমি খুবই রোমাঞ্চিত। ফন গাল খুব ভালো প্রশিক্ষক, তাঁর অভিজ্ঞতাও অনেক। দলের জন্য, তাঁর জন্য ও সমর্থকদের জন্য আমি আমার সেরাটাই দিতে চাই।
আপনি এখন প্রিমিয়ার লিগে। তো ইংলিশ ফুটবল সম্পর্কে কী ভাবছেন?
ফ্যালকাও: প্রিমিয়ার লিগে খেলাটা আমার স্বপ্ন ছিল। আমি সব সময়ই এখানে খেলতে চেয়েছি, কারণ লিগটা খুবই ভালো। এখানে অনেক ভালো দল আছে, এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ডের সেরা দল। সব মিলিয়ে আমার জন্য সবকিছুই ঠিকঠাক হলো।
এখানে এখন স্প্যানিশভাষীর অভাব নেই, তাঁরা নিশ্চয়ই আপনাকে মানিয়ে নিতে সাহায্য করবে...
ফ্যালকাও: অবশ্যই, আশা করছি তাঁরা সেটাই করবে। ইংলিশ অনুশীলন করতে তাঁদের সাহায্য প্রয়োজন। আমি মনে করি তাঁরা আরও অনেক ব্যাপারে আমাকে সাহায্য করবে যাতে আমি ক্লাবে স্বাচ্ছন্দ্য বোধ করি।
ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দলটা সম্পর্কে কেমন ধারণা?
ফ্যালকাও: আমাদের শীর্ষ পর্যায়ের অনেক খেলোয়াড় আছে। আমি তাদের গুণমুগ্ধ। আমি প্রথমবারের মতো তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি নিশ্চিত আমাদের জন্য এই মৌসুমটা অসাধারণ যাবে।
সমর্থকদের জন্য কিছু বলার আছে?
ফ্যালকাও: হ্যাঁ। আমি তাঁদের ধন্যবাদ দিতে চাই, কারণ আমি তাঁদের পাঠানো অনেক মেসেজ পড়েছি। আশা করছি আমি তাঁদের খুশি করতে পারব, পারব গোল ও শিরোপা উপহার দিতে।
‘সমর্থকদের খুশি করতে চাই’