'সমস্যাগুলো কাটিয়ে উঠেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রনি তালুকদার
রনি তালুকদার

২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন সোহরাওয়ার্দী শুভ, রুবেল, মার্শাল, নাসিরদের সঙ্গে। পরে পেছনে পড়ে গিয়েছিলেন যুবদলের অনেক সতীর্থের। ঘরোয়া ক্রিকেটে পেরিয়েছেন চড়াই-উতরাই। এই মৌসুমে দুই সংস্করণেই করেছেন অসাধারণ পারফরম্যান্স। সেটারই পুরস্কার হিসেবে বাংলাদেশ দলে ডাক পাওয়া। নারায়ণগঞ্জের ছেলে রনি তালুকদার শোনালেনতাঁর ক্যারিয়ারের গল্প আর ভবিষ্যৎ লক্ষ্য
. কখন জানতে পারলেন খবরটি?
রনি তালুকদার: বিসিএলের অনুশীলন ছিল সকালে। সেখান থেকে ফিরে দুপুরে ঘুমিয়েছিলাম, বিকেল সাড়ে ৫টার দিকে এক সাংবাদিকের ফোনে জানতে পারলাম। ওই মুহূর্তের ভালো লাগা আসলে বলে বোঝানো সম্ভব নয়।
. দলে ডাক পাওয়াটা নিশ্চয়ই প্রত্যাশিতই ছিল?
রনি: অনেক রান করেছি এই মৌসুমে। সবাই বলাবলি করছিল, এভাবে খেলতে থাকলে দলে ডাক পাবই। ওসব শুনে চেষ্টা করেছি আরও ভালো খেলতে। নিজের ভেতরেই তাই একধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল যে ডাক পেতে পারি। তবু নিশ্চিত তো হওয়া যায় না! খুব ভালো লাগছে।

. গত কয়েক দিন ধরে অবশ্য লিটনের নামই বেশি শোনা যাচ্ছিল...

রনি: লিটনও অনেক রান করেছে এবার, অনেক ভালো ব্যাটসম্যান। সেও ডাক পেতে পারত, দ্রুতই নিশ্চয়ই খেলবে। এ ধরনের প্রতিযোগিতা থাকলে দলের জন্যও ভালো।

. ৭ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন, সেই দলের অনেকের তুলনায় একটু বেশিই সময় লাগল দলে আসতে...

রনি: ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর আবাহনীর হয়ে দুটি মৌসুম ভালোই খেলেছিলাম। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলেও ছিলাম। পরে ইনজুরি হলো। ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছিলাম না তেমন। আসলে ফোকাস হারিয়ে ফেলেছিলাম। ব্যাটিংয়ে প্রায়ই মনোযোগ হারিয়ে ফেলতাম। এখন সেই সমস্যাগুলো কাটিয়ে উঠেছি। বুঝতে শিখেছি যে ক্রিকেটে ডিসিপ্লিন আর ডেডিকেশন খুব দরকার।

. এই মৌসুমের সাফল্যের রহস্য কি এই উপলব্ধিই?

রনি: বলতে পারেন অনেকটাই। শুধু মাঠে নয়, ভালো ক্রিকেটার হতে গেলে মাঠের বাইরেও শৃঙ্খলা খুব জরুরি। সেটা বুঝতে পেরে নিজেকে এখন সেভাবেই গড়ে তুলেছি। আর কষ্ট তো করেছিই। অফ সিজনে জাহাঙ্গীর ভাইয়ের (সাবেক জাতীয় ক্রিকেটার জাহাঙ্গীর আলম) সঙ্গে ব্যাটিং নিয়ে অনেক খেটেছি। প্রিমিয়ার লিগে বাবুল স্যারও (কোচ মিজানুর রহমান) বারবার মনে করিয়ে দিয়েছেন ফোকাস না হারানোর কথা। আগে সেট হয়েও আউট হয়ে যেতাম ২০-৩০-৪০ করে। এখন মনোযোগ হারিয়ে ফেলার সমস্যাটা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি।

. এই মৌসুমে কিছু একটা করে দেখানোর জেদ ছিল?

রনি: বয়সভিত্তিক পর্যায়ে আমার সঙ্গে খেলা অনেকেই জাতীয় দলে খেলেছে অনেক আগে। আর এখন আমার বয়স ২৪-২৫, ৩-৪ বছর পর হয়তো আর বিবেচনাই করা হবে না জাতীয় দলে। এসব ভেবেই খুব সিরিয়াস ছিলাম। এবারই দলে আসতে হবে তা নয়, তবে বছর দু-একের মধ্যে ঢুকব, এই লক্ষ্য ছিল। এবারই হলো। ঈশ্বর যা করেন, ভালোর জন্যই করেন।

. ক্রিকেটের শুরু আর বেড়ে ওঠার গল্প বলুন...

রনি: বড় ভাইকে দেখে ক্রিকেট শুরু। বড় ভাই রাজীব তালুকদার ধানমন্ডি ক্লাবে খেলত। ও আমাকে ২০০৪-০৫ সালের দিকে নিয়ে গেল ধানমন্ডি ক্লাবে, জালাল স্যারের কোচিংয়ে। ওখান থেকেই পরে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাই। ২০০৭ সালে প্রথম বিভাগে খেলি। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার পর ওই বছরই জাতীয় লিগে খেলি বরিশালের হয়ে। পরে আবাহনী-গাজী ট্যাংকে খেলেছি।

. আপনার ছোট ভাই জনি তালুকদারও তো ঢাকা লিগ, জাতীয় লিগ খেলছে!

রনি: এই মৌসুম থেকেই খেলছে। জনিও ওপেনার, তবে বাঁহাতি। ও যদি পরিশ্রম করতে পারে, সঠিক পথে থাকে, স্বপ্ন দেখি একদিন দুই ভাই একসঙ্গে ওপেন করব বাংলাদেশের হয়ে।

. এই সিরিজে আর ক্যারিয়ারে লক্ষ্য?

রনি: এই সিরিজে ভালো করতে চাই যাতে দলে জায়গা পাকা হয়। ম্যাচ জেতানো ইনিংস খেলতে চাই। ক্যারিয়ারে লক্ষ্য, যত দিন সম্ভব বাংলাদেশ দলে খেলা।

. আদর্শ কেউ আছেন?

রনি: দেশে মুশফিকুর রহিম। এ মুহূর্তে দেশের সেরা ব্যাটসম্যান। অনেক পরিশ্রম করেন। মানুষ হিসেবেও ভালো। মাঠের ভেতরে-বাইরে সবই ভালো লাগে। দেশের বাইরে শচীন টেন্ডুলকার। এখন বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সকে ভালো লাগে।