
কাল ১৪২ রানের অসাধারণ এক ইনিংস খেললেন তামিম ইকবাল। মিরপুরে প্রাইম ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছে তাঁর দল আবাহনী। ম্যাচের পর তামিম কথা বললেন নিজের ইনিংস, লিগে দলের পারফরম্যান্স ও আবাহনীর দিকে ছুটে আসা সমালোচনা নিয়ে
*এবারের লিগের সর্বোচ্চ ইনিংস খেললেন, দল জিতেছে। কেমন লাগছে?
তামিম: এই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন, এমন সমীকরণ ছিল আমাদের। সকালে এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তারওপর শুরুতে দ্রুত উইকেট হারালাম। এ জন্য সময় নিয়ে ইনিংস বড় করেছি। সবশেষে বলব খুব পরিকল্পিত ইনিংস এটি। আমি খুশি। মোসাদ্দেকেরও ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল। ও এসে আমার ওপর থেকে চাপ কমিয়ে দিয়েছে। এটা পুরোপুরি দলীয় চেষ্টার ফসল।
*যেভাবে ব্যাট করছিলেন, ডাবল সেঞ্চুরিও হতে পারত...
তামিম: হ্যাঁ, মোসাদ্দেকও বলছিল যে ভাই দুই শ হয়ে যাবে। আমি বলেছি মারতে থাকি, যদি হওয়ার থাকে তো হবে। অত বড় রান করতে নিশ্চিতভাবেই এক্সট্রা অর্ডিনারি কিছু শট খেলতে হয়। ওই শটটা (আউট) ছয় হয়ে গেলে এবং এরপর এ রকম কিছু শট খেললে হয়তো হয়ে যেত। আমি আউট হয়েছি ৪৫তম ওভারে। যদি ৫০ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারতাম তাহলে হয়ে যেত।
*দোলেশ্বরের বিপক্ষে ম্যাচের ঘটনায় বোর্ডের দেওয়া শাস্তি কীভাবে নিচ্ছেন?
তামিম: হ্যাঁ, মেনে নিয়েছি। আমি মনে করি আমার ভুল হয়েছিল। এই শাস্তি থেকে আমার শিক্ষা নেওয়া উচিত। আগেই বলেছি, অনেকে আমাকে অনুসরণ করে অথবা আমার খেলা পছন্দ করে। সবার আগে আমাকে মানুষ হিসেবে ভালো হতে হবে। ওই ভুলের পুনরাবৃত্তি না করলে ভালো মানুষ ও ভালো ক্রিকেটার হিসেবে পরিচিতি পাব।
*শেষের দিকে আপনার দল এত ভালো খেলল। কিন্তু তা নিয়ে আলোচনা নেই, আলোচনা তো সব নেতিবাচক কারণে...
তামিম: আমার মনে হয়েছে, সমালোচনাটা অনেক বেশি হয়েছে। সমালোচনা হতেই পারে। কিন্তু খারাপ লাগছে আবাহনীর খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে তেমন আলোচনা না হওয়ায়। মোসাদ্দেক অসাধারণ খেলেছে। কিন্তু আবাহনীর আলোচনায় কিন্তু ওর পারফরম্যান্সটা উঠে আসেনি। কিন্তু ও তো একই সঙ্গে ব্যাটিং করে, বোলিং করে দলকে জিতেয়েছে। এই দিক থেকে আমি একটু হতাশ। সমালোচনা থাকতে পারে, কিন্তু এ কারণে খেলোয়াড়দের পারফরম্যান্স ঢাকা পড়ে যাবে সেটা আমার পছন্দ নয়। তবে সমালোচনা এমন জিনিস যে এটা আমি বলে-কয়ে থামাতে পারব না।
*মোসাদ্দেক কত দূর যেতে পারবে বলে মনে করেন?
তামিম: এ রকম গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টে এ রকম তরুণ একজন ক্রিকেটার এত ভালো খেলল। আমি তো মনে করি ওর মাথাটা ৪৫ বছর বয়সী মানুষের মতো। আমার কাছে ওকে এতটাই পরিপক্ব মনে হয়। ওকে মূল্যায়ন করা উচিত ছিল। ব্যাপারটা ওর জন্য ভালো হয়নি। পুরো বছরই ও ভালো করেছে। ও যদি এভাবে খেলতে থাকে, তাহলে ওর যে লক্ষ্য সেই জাতীয় দল খুব একটা দূরের পথ নয়।