'সম্ভবত আমার ক্যারিয়ার-সেরা বছর'

চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত সোমবার প্যারিসে আনুষ্ঠানিক ঘোষণার পর ফ্রান্স ফুটবল সাময়িকী তাঁর একটা সাক্ষাৎকারও ছেপেছে। সান্তিয়াগো বার্নাব্যুতে দেওয়া সেই সাক্ষাৎকারে রোনালদো কথা বলেছেন বেশ মন খুলে—
* প্রথম যখন ব্যালন ডি’অর জিতেছিলেন, এবারের অনুভূতিটা কি সেই একই রকম?
ক্রিস্টিয়ানো রোনালদো: প্রথমবার যখন কিছু জিতবেন, সেই অনুভূতিটা তো আলাদা হবেই। তখন আমি আকাশে উড়ছিলাম, ওটা আমার কাছে ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমার বয়স তখন ২৩ বা ২৪, ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। আমার আবেগ এখনো একই রকম আছে। আসলে এটাই আমার কাজ, আমার পেশা। আমি সব সময়ই সেরা হতে চেয়েছি। সে জন্য পরিশ্রম করতে, সব রকম ত্যাগ স্বীকার করতেও কার্পণ্য করিনি। এই পুরস্কার জেতাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে সবকিছুর ওপরে অবশ্য দল। আমি যদি রিয়াল মাদ্রিদ বা পর্তুগালের হয়ে কিছু জিততে না পারতাম, তাহলে এই পুরস্কারটাও জিততাম না।
* আপনি কি মনে করেন পর্তুগালের হয়ে ইউরো জয় আপনার ব্যালন ডি’অর পাওয়ায় বড় ভূমিকা রেখেছে?
রোনালদো: সত্যি বলতে, এটা সম্ভবত আমার ক্যারিয়ার-সেরা বছর। ব্যক্তিগত ও দলগত দুই ভাবেই। প্রথমবারের মতো পর্তুগালের হয়ে কিছু জেতা, এটা আমার ক্যারিয়ারের অন্যতম বড় ঘটনা। তবে চ্যাম্পিয়নস লিগের কথাও ভুলে গেলে চলবে না। রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছে, আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি, সেরা গোলটাও আমার। আসলেই এটা আমার ক্যারিয়ারের সেরা বছর।
* রিয়ালের হয়ে উনডেসিমা জয় কতটা গুরুত্বপূর্ণ?
রোনালদো: রিয়াল মাদ্রিদ আর পর্তুগালের মধ্যে পার্থক্য হচ্ছে, রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জেতারই কথা। রিয়াল ১১ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে, পর্তুগাল এর আগে কিছুই জেতেনি। এই জন্যই পর্তুগালের হয়ে ইউরো জয়টাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। তবে চ্যাম্পিয়নস লিগ জয়টাকেও বিন্দুমাত্র খাটো করছি না। আসলে ইউরো জয়টা একটা বিশেষ কিছু। এটা আমার প্রথম ব্যালন ডি’অরের মতোই বিশেষ।
* তার মানে এবারের ব্যালন ডি’অর জিতেই আপনি সবচেয়ে বেশি আনন্দিত?
রোনালদো: এই সম্মান, এই প্রশংসা আসলেই আনন্দের। আমি বছরজুড়ে যে পরিশ্রম করেছি, যে ত্যাগ স্বীকার করেছি, এটা তারই ফল। আমি খুবই আনন্দিত এবং যাঁরা আমার ওপর বিশ্বাস রেখেছেন, সবাইকেই ধন্যবাদ। আমার সতীর্থ, আমার বন্ধু, যাঁরা আমার সঙ্গে কাজ করেছেন, যাঁরা আমার দেখাশোনা করেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ।
* সান্তিয়াগো বার্নাব্যুতে এই পুরস্কার হাতে পাওয়া কতটা আনন্দের?
রোনালদো: অবশ্যই আনন্দের কারণ, এই ক্লাব আমার হৃদয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যখন জিতেছিলাম, তখনো সেটা বিশেষ ছিল। দুটি আনন্দই একই রকম।
* শেষ প্রশ্ন, এখন কোনটা বেশি কঠিন মনে হচ্ছে, পঞ্চম ব্যালন ডি’অর জয় নাকি পর্তুগালের হয়ে আরেকটা শিরোপা?
রোনালদো: এটা আসলেই কঠিন প্রশ্ন। দুটিই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি যেটা বলতে পারি, আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করব, যেমনটা প্রতিবছরই করি। নতুন বছর মানে নতুন চ্যালেঞ্জ। আমি চেষ্টা করব রিয়াল মাদ্রিদের হয়ে সবকিছু জিততে, পর্তুগালের হয়েও। কাজটা খুবই কঠিন যদিও। তবে আমি পরিশ্রম করে যাব। এখন আমি শুধু এ মুহূর্তটা উপভোগ করতে চাই।