'সাকিব অন্যদের মতোই একজন খেলোয়াড়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ততক্ষণে সাকিব আল হাসানের শাস্তি কমানোর সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু সেন্ট কিটস ম্যারিয়ট রিসোর্টে তখনো সকালের নাশতার আবহ। গত পরশু সকালে টিম হোটেলের লবিতে বসে যখন এই সাক্ষাৎকারটি দিচ্ছিলেন, কোচ চন্ডিকা হাথুরুসিংহে তখনো আনুষ্ঠানিকভাবে জানতেন না বিসিবি সাকিবের শাস্তি তিন মাস কমিয়ে দিয়েছে। এ ব্যাপারে তাই কোনো মন্তব্যও করতে রাজি হননি। তবে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যর্থতা নিয়ে, জানিয়েছেন বাংলাদেশ দল নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও—

চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

l ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো দল। হতাশ নিশ্চয়ই?
চন্ডিকা হাথুরুসিংহে: ৩-০-তে সিরিজ হারায় অবশ্যই হতাশ। আমি খুব খুশি হতাম যদি আমরা তিনটা ম্যাচই জিতে সিরিজ জিততাম। কারণ আমার মনে হয় তিনটা ম্যাচেই আমরা জেতার মতো অবস্থায় ছিলাম।
l কিন্তু কেন জেতার সম্ভাবনা জাগিয়েও তিন ম্যাচেই হারতে হলো?
হাথুরুসিংহে: নির্দিষ্ট একটা কারণ দায়ী নয়। বেশ কিছু কারণ আছে। অনেক জায়গা আছে, যেখানে আমাদের কাজ করতে হবে। কিছু জায়গায় অনেক বেশি উন্নতি করতে হবে।
l একটু কি বলবেন, কোন জায়গাগুলোতে উন্নতি দরকার?
হাথুরুসিংহে: ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই উন্নতি করতে হবে। ভারত সিরিজের সময় থাকলেও আমি দলের আসল চেহারাটা দেখিনি। এই প্রথম আমি তাদের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দেখছি। কী পরিস্থিতিতে তারা কীভাবে সাড়া দেয়, কীভাবে পরিস্থিতি সামলায়, সেটা দেখেছি। দেখে আমার মনে হয়েছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন জায়গাতেই অনেক উন্নতি দরকার। ব্যক্তিগতভাবে কিছু খেলোয়াড় খুবই ভালো। বোলার হিসেবে আল আমিন অসাধারণ। বিজয় (এনামুল হক) প্রথম ম্যাচে সেঞ্চুরি করল। শেষ দুই ম্যাচে দুজন ব্যাটসম্যান এবং দুজন বোলার ভালো খেলেছে। কিন্তু সমস্যা হলো, দল হিসেবে আমরা পারফর্ম করছি না। এ রকম আরও অনেক জায়গা আছে, যেখানে উন্নতি দরকার। যদি আমরা এর যেকোনো একটা নিয়েই থাকি, তাহলে নিজেদের নিজেরাই বোকা বানাব।
l তা এই সিরিজে দলের কাছে আপনার প্রত্যাশা কী ছিল?
হাথুরুসিংহে: আমি সব সময়ই আশা করেছি, আমরা ভালো লড়াই করব। অবশ্যই সিরিজও জিততে চেয়েছিলাম। কিন্তু প্রথম ম্যাচটা যেভাবে হারলাম...আমাদের সুবর্ণ সুযোগ ছিল জেতার। ক্রিকেট সব সময়ই মোমেন্টাম আর আত্মবিশ্বাসের খেলা। দারুণ সুযোগ পেয়েও আমরা সেই ম্যাচটা হেরে গেলাম। প্রথমত, সিরিজ জয়েরই প্রত্যাশা ছিল আমার এবং তা থেকে আমরা খুব দূরেও ছিলাম না। কিন্তু আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি।
l ব্যাটিং নিয়ে কী বলবেন? আপনার কি মনে হয় ব্যাটসম্যানরা যেভাবে খেলেছেন, তা ঠিক আছে?
হাথুরুসিংহে: আমার মনে হয় প্রথম ম্যাচে আমরা একটু কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করেছি। উইকেট একটু ভেজা ছিল। অন্যদিকে প্রতিপক্ষ খুব বেশি ভালো ব্যাটিং করেছে। আমি নির্দিষ্ট কারও কথা বলতে চাই না। তবে আমি মনে করি, ওই পরিস্থিতিতে আমরাও ভালো ব্যাট করেছি। তা ছাড়া ৩৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর আর কোনো স্কোর নিয়েই কথা বলা উচিত না। রান যা-ই হোক, ৩৪ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর আমাদের ম্যাচ জেতা উচিত ছিল।
l বিসিবি সভাপতি ওয়ানডে সিরিজে দলের গেম প্ল্যান এবং দল নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে মন্তব্য কী?
হাথুরুসিংহে: আমি পত্রিকা পড়িনি। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না।
l প্রথম ওয়ানডেতে দলে কোনো বাঁহাতি স্পিনার ছিল না। ২২৮ ম্যাচ পর বাংলাদেশ দলে এমনটা ঘটল। এ নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে...
হাথুরুসিংহে: নির্দিষ্ট ওই কন্ডিশন এবং নির্দিষ্ট ওই ম্যাচের জন্য আমরা সেরা দলটাই বেছে নিয়েছিলাম। আগের ম্যাচগুলোতে হয়তো কন্ডিশন ভিন্ন ছিল, শক্তির জায়গাটাও ভিন্ন ছিল। ও রকম সিমিং উইকেটে আমাদের তিনজন সিমার দরকার ছিল। এ ছাড়া (সোহাগ) গাজী অন্য বোলারদের চেয়ে ভালো বল করছিল। সে জন্য আমাদের মনে হয়েছে গাজীকেই নেওয়া উচিত।
l আপনার কি মনে হয়, সাকিব আল হাসানের অনুপস্থিতিও এই বিপর্যয়ের একটা কারণ?
হাথুরুসিংহে: সাকিবের বিষয়টা আমাদের হাতে নেই। তার পরও আমি কীভাবে বলি সাকিব না থাকাতে এটা হয়েছে! আমি এটা বলতে পারি না, কারণ প্রথম ম্যাচে আমরা তো ৩৪ রানে তাদের ৫টা উইকেট ফেলে দিয়েছিলাম। দ্বিতীয় ম্যাচের উইকেটেও ২৪৭ তাড়া করে জেতার মতো স্কোর ছিল। বিশেষ কারও কথা এখানে বলার সুযোগ নেই। তা ছাড়া এই দলটা তো আগেও তাকে (সাকিব) ছাড়া কিছু ম্যাচ জিতেছে। সাকিব অন্যদের মতোই একজন খেলোয়াড়।
l শোনা যাচ্ছে, দলের কাঠামোতে আপনি কিছু মৌলিক পরিবর্তন আনতে চান। টপ অর্ডারে চারজন ওপেনার খেলাচ্ছেন। মূল বোলিং শক্তি বাঁহাতি স্পিনার ছাড়াই দল নামিয়ে দিচ্ছেন মাঠে। আসলেই কি সে রকম কোনো পরিবর্তনের চিন্তা আছে আপনার?
হাথুরুসিংহে: এ বিষয় নিয়ে কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমিও আলোচনা করেছি শুধু অধিনায়ক এবং নির্বাচকদের সঙ্গে। আমরা এই সিরিজের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেব। এ ধরনের কন্ডিশনে, এ ধরনের প্রতিপক্ষের বিপক্ষে দলের সেরা কম্বিনেশন কী হওয়া উচিত, তা নিয়ে আলোচনা করব।
l বিসিবি সাকিবের বহিষ্কারাদেশের শাস্তি তিন মাসে নামিয়ে এনেছে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই হয়তো তাঁকে দলে পাবেন। বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানাবেন?
হাথুরুসিংহে: আমি এখনো এ ব্যাপারে কিছু জানি না। আমাকে যখন এ ব্যাপারে জানানো হবে, তখনই কেবল মন্তব্য করতে পারব। বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত আমি এখনো জানি না।
l সাকিবের শাস্তি কমানোর আগে বোর্ড কি আপনার সঙ্গে আলোচনা করেছিল? আপনার কোনো মতামত ছিল এতে?
হাথুরুসিংহে: না, বোর্ড আমার সঙ্গে আলোচনা করেনি। এটা বোর্ডের ব্যাপার। আমি কোচ, আমি তো শৃঙ্খলা কমিটিতে নেই...(হাসি)।
l দলে ঘন ঘন পরিবর্তন আনার সিদ্ধান্ত নাকি খেলোয়াড়দের চাপে ফেলে দেয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই এ রকম বলা হচ্ছে। আপনি কি একমত খেলোয়াড়দের সঙ্গে?
হাথুরুসিংহে: আমি কোনো খেলোয়াড়ের কাছ থেকে এ রকম কিছু শুনিনি। তাদের যদি কিছু বলার থাকে, তাহলে পরিসংখ্যান নিয়ে আসুক। তারা কতবার সুযোগ পেয়েছে, কতবার তাদের বাদ দেওয়া হয়েছে, সব পরিসংখ্যানে আছে।
l অন্য প্রসঙ্গে যাওয়া যাক। জাতীয় দলের আশপাশে আরও অনেক ক্রিকেটার আছে, যারা কখনো না কখনো জাতীয় দলে খেলেছে বা জাতীয় দলের আশপাশে আছে। তাদের নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা আছে?
হাথুরুসিংহে: হ্যাঁ, আমরা ৩৪-৩৫ জন ক্রিকেটারকে নিয়ে এর মধ্যেই একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের ঘরোয়া ক্রিকেট যথেষ্ট শক্তিশালী নয় যে, সেখান থেকে সরাসরি জাতীয় দলে খেলোয়াড় চলে আসবে। তো আমরা এ রকম সেরা ক্রিকেটারদের বেছে নিয়ে কোচিং করাব; যারা শুধু পারফরমারই নয়, যাদের সম্ভাবনাও আছে। তাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেব। আমি লক্ষ করেছি, কেউ বাদ পড়লেই দলে একজন নতুন খেলোয়াড় চলে আসে। কিন্তু সেই নতুন খেলোয়াড়টি হয়তো ফিটনেস বা দক্ষতার দিক থেকে ওই অবস্থায় নেই, যে রকম তার থাকা দরকার ছিল। আমরা সেই ব্যবধানটা কমিয়ে আনতে চেষ্টা করব।
l ঘরোয়া ক্রিকেটের কথা বললেন। বিসিবির জন্য এ ব্যাপারে আপনার কোনো পরামর্শ?
হাথুরুসিংহে: আসলে এ নিয়ে কারও সঙ্গে আলোচনা করিনি। এত তাড়াতাড়ি ঘরোয়া ক্রিকেটের কাঠামো বোঝাও সম্ভব নয়। বোর্ড যদি নতুন কোনো চিন্তাভাবনা নিয়ে আসে, তাহলে কথা বলতে পারি। তবে এ মুহূর্তে আমি বেশি গুরুত্ব দিতে চাই হাইপারফরম্যান্স সেন্টারটাকে কার্যকর করে তুলতে। যথেষ্টসংখ্যক ক্রিকেটার, যথেষ্টসংখ্যক কোচকে এর মধ্যে আনতে হবে। আমরা সেটা নিয়ে কাজ করছি। তা ছাড়া ঘরোয়া ক্রিকেটের কথা যদি বলেন, শুধু বাংলাদেশ নয়, বেশির ভাগ দেশের জন্যই এটা চ্যালেঞ্জ। আমার দৃষ্টিতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেই কেবল ভালো ক্রিকেট হয়। তাদের ঘরোয়া ক্রিকেটই শুধু পারে আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড় আনতে। এমনকি ইংল্যান্ডও এ নিয়ে অনেক দিন ধরে সংগ্রাম করছে।
l ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে কি কোনো পরিকল্পনা হাতে নিয়েছেন?
হাথুরুসিংহে: বিশ্বকাপের জন্য দলটাকে তৈরি করার পরিকল্পনা তো অবশ্যই আছে। তবে আমাদের আগে কিছু বাধা টপকাতে হবে। আমার হাতে যথেষ্ট ভালো খেলোয়াড় নেই। কাজেই আমি যতটুকু দেখছি, নির্বাচক এবং নেতৃস্থানীয়দের কাছ থেকে যে রকম পরামর্শ পাচ্ছি, সেভাবেই এগোচ্ছি। আবারও বলি, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স খুব ভালো মানদণ্ড হতে পারে না। আমি মনে করি জিম্বাবুয়ে সিরিজ ক্রিকেটারদের দেখার ভালো জায়গা হতে পারে। এটাই একমাত্র সুযোগ। আমাদের সেরা খেলোয়াড়দেরই এখনো অনেক উন্নতির জায়গা আছে। বাইরের কারও কাছ থেকে তো তাদের চেয়ে বেশি কিছু আশা করতে পারি না।