'সাকিবের সঙ্গে খেলা মানেই স্বস্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথমবারের মতো খেলতে এলেন ইউসুফ পাঠান। কাল বিকেএসপিতে প্রাইম ব্যাংকের সঙ্গে ৪৭ বলে ৬০ রান করেছেন আবাহনীর ভারতীয় অলরাউন্ডার। ৫৭ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি খেলা ইউসুফ ম্যাচ শেষে কথা বললেন নানা প্রসঙ্গে
ইউসুফ পাঠান
ইউসুফ পাঠান

* ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম নেমেই ভালো একটা ইনিংস খেলেছেন। ভালো লাগছে নিশ্চয়ই? 
ইউসুফ পাঠান: এখানে খেলাটা দারুণ এক অভিজ্ঞতা। এটা আমার জন্য বড় একটা সুযোগ। রমজানের আগে ২টি ম্যাচ খেলতে চেয়েছি। দল জিতেছে। আমি খুব খুশি, ভালো ব্যাটিং করতে পেরেছি; ৬০ রান করেছি। এখানে এসে অন্য ধরনের উইকেটে খেলছি। আমাদের দেশে যেখানেই খেলা হোক, ফাস্ট বোলাররাই শুরুতে বল করে। এখানে স্পিনাররা শুরু করছে।
* আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে সাকিব আল হাসানের সঙ্গে খেলছেন অনেক দিন। এটা নিশ্চয়ই কাজে লাগছে। 
ইউসুফ: আমরা দুজন ছয় বছর ধরে কেকেআরের হয়ে খেলছি। সাকিবের সঙ্গে খেলা মানেই বাড়তি স্বস্তি। ভালো লাগছে। আসলে যেকোনো জায়গায় কেকেআরের একজন সদস্যের সঙ্গে খেলাটা ভালো একটা অনুভূতি।
* ম্যাচের আগের রাতে ঢাকায় এসে পরের দিন সকালে মাঠেই নেমে পড়া। ম্যাচটা আপনার জন্য কতটা কঠিন ছিল? 
ইউসুফ: বরোদা থেকে ৩০ তারিখে রওনা দিয়েছি। ৩১ তারিখে কলকাতায়। আর আজ (কাল) এখানে এলাম খেলতে। লম্বা ভ্রমণ শেষে খেলা সত্যি কঠিন। বাংলাদেশে যে ট্রাফিক জ্যাম! এটা অবশ্য মেনে নিয়েছি। নতুন অভিজ্ঞতা হচ্ছে। আজ (কাল) আমার মাঠে আসতেই ৩ ঘণ্টা সময় লেগেছে। এত কিছুর পর যে ৬০ রান করেছি, দল জিতেছে; তৃপ্তি পাচ্ছি।
* ভারতের হয়ে ছোট ভাই ইরফান পাঠানের সঙ্গে খুব বেশি খেলেননি আপনি। আবারও একসঙ্গে খেলার স্বপ্নটা কি ফিকে হয়ে আসছে?
ইউসুফ: মোটেও না। আপনি যখন কোনো অর্জনের স্বপ্ন দেখেন সেটার জন্য পরিশ্রম করতে হবে। আমরা দুজনই পরিশ্রম করছি। যে স্বপ্ন দেখছি, সেটাই আমাদের সাফল্যের দুয়ারে নিয়ে যাবে, ইনশা আল্লাহ।

* ইরফানের এখন কী অবস্থা?
ইউসুফ: সে অনেক ভালো আছে। ভালো খেলছে। আইপিএলের আগে মুস্তাক আলী টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিল। আমাদের দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছে। আমরা দুই ভাই স্বপ্নটা সত্যি করারই পথে আছি।
* এবার আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলা কতটা কঠিন ছিল?
ইউসুফ: একদমই সমস্যা হয়নি (হাসি)। ওদের বিপক্ষে যে কটা ম্যাচ খেলেছি, তার একটিতে ৪ ওভারে ৩২, অন্যটিতে ৩৫ রানের মতো নিয়েছি আমরা। তবে খুব ভালো বোলিং করেছে ও। ওরা ফাইনাল খেলেছে। শিরোপাও জিতেছে। প্রশংসা করতেই হবে। তবে আমরা ওকে ভালো খেলেছি।
* সাকিব কি আপনাদের মুস্তাফিজ-রহস্য নিয়ে কিছু বলেছেন?
ইউসুফ: কেউ যখন কোনো দলের হয়ে খেলে, দলের জন্য সর্বোচ্চটাই করে। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা যা বের করা যায়, করতে হয়। সাকিবও হয়তো করেছে।