'সাফ জয়ের চ্যালেঞ্জটা নিলাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফুল হক
মারুফুল হক

ফাবিও লোপেজকে কাল হঠাৎ বিদায় দিয়ে দেশি কোচ নিল বাফুফে। সেই কোচ হলেন মারুফুল হক। ২০০৮ সালে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে কোচিং শুরু করে এই প্রথম পেলেন জাতীয় দলের দায়িত্ব। আগামী মাসে সাফ ফুটবল পর্যন্তই আপাতত মেয়াদ, যেটিকে বড় এক চ্যালেঞ্জই বলছেন নতুন কোচ
* এত দিন তো ক্লাব কোচ হিসেবে কথা বলতেন সব সময়। এখন জাতীয় দলের কোচ হিসেবে বলছেন। পার্থক্য কী?
মারুফুল হক: পার্থক্য অনেক। ক্লাব একটা সীমিত গণ্ডি, যেখানে শুধু ক্লাব নিয়েই ভাবতে হয়। কিন্তু জাতীয় দলের চেয়ারে বসে আপনাকে গোটা দেশের কথাই মনে রাখতে হবে। দেশের সম্মান রাখার দায়িত্ব এসে পড়ে কাঁধে।
* ২০০৮ সালে আপনি যখন মোহামেডানের কোচ হয়ে শীর্ষ স্তরে পা রাখলেন, এরপর কখন ভাবলেন যে জাতীয় দলের দায়িত্ব পেতে আপনি তৈরি?
মারুফ: কয়েক বছর ধরেই স্বপ্ন দেখে আসছিলাম, জাতীয় দলের কোচ হব। অবশেষে সেটি পূরণ হলো। এর আগে কোনো স্তরেই কোনো জাতীয় দলের দায়িত্ব পাইনি। তবু আশা না হারিয়ে নিজেকে তৈরি করেছি। তবে জাতীয় দলের কোচ হওয়ার জন্য জোরান জর্জেভিচকে নেওয়ার আগে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। যেকোনো কারণেই হোক হয়নি। এরপর আরও এক-দুবার কথাবার্তা হয়েছে ফেডারেশনের সঙ্গে।
* এই যে দায়িত্ব পেলেন জাতীয় দলের, বাফুফের সঙ্গে আলোচনাটা ঠিক কখন হয়েছে?
মারুফ: ছয়-সাত দিন ধরে কথা হচ্ছিল। আভাস পেয়েছিলাম এমন কিছু হতে পারে। তবে চূড়ান্ত খবরটা একটু আগে জানলাম মিডিয়ার কাছ থেকে। সবাই অভিনন্দন জানাচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে। ব্যস্ত সময়ই যাচ্ছে আমার।
* আপনাকে যে দায়িত্ব দেওয়া হল, নিশ্চয়ই সেটা খুব বড় চ্যালেঞ্জ হবে?
মারুফ: অবশ্যই বড় চ্যালেঞ্জ। একটা দল তৈরি করতে অন্তত ছয় সপ্তাহ লাগে। আমি তো চার সপ্তাহও পাচ্ছি না। তারপরও মনের জোর আছে আমি পারব। পারতে আমাকে হবেই। কারণ, বাইরে থেকে অনেকেই ফেডারেশনকে বলছিল এবার দেশি কাউকে দায়িত্ব দিতে। দেশিরা ভালো করবেন বলে অনেকের বিশ্বাস। সে দিক থেকেও আমার জন্য এটা বড় চ্যালেঞ্জ।
* কিন্তু বাংলাদেশের কোচের চেয়ারটা আগের চেয়েও বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ফেডারেশন সাফল্য চায়। সাফে চ্যাম্পিয়ন না হলে আপনাকেও হয়তো ব্যর্থ বলা হবে...
মারুফ: সাফের ব্যাপারটা আমি জানি। এই টুর্নামেন্টে বাংলাদেশ দল প্রতিবারই যায় চ্যাম্পিয়ন হতে। আমিও চ্যাম্পিয়ন হতেই যাব। এ ক্ষেত্রে আমার সুবিধা হলো খেলোয়াড়দের আমি চিনি, জানি। প্রতিটি খেলোয়াড় সম্পর্কে আমার ধারণা আছে। খেলোয়াড়েরাও জানে আমার কোচিং পদ্ধতি, আমি কী চাই। এই সুবিধাটা কাজে লাগিয়ে সাফ জয়ের চ্যালেঞ্জটা নিলাম।
* লোপেজকে যে কারণে ছাঁটাই করা হলো, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আপনার চোখে লোপেজের দল পরিচালনা কেমন ছিল?
মারুফ: তাঁর কোনো অনুশীলন সেশন আমি দেখিনি। কোনো কথাও হয়নি। তবে বাইরে থেকে যেটা বুঝলাম, দলে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এই পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। একজন ফরোয়ার্ডকে আপনি যদি লেফট ব্যাকে এনে খেলান, সেটার খারাপ প্রভাব পড়তেই পারে দলে। খেলোয়াড়েরা জানতই না কার কী পজিশন, এতে তাদের মনোবল ভেঙে গেছে। সঠিক সমন্বয়ও হয়নি দলে। এসব দলের ক্ষতি করেছে বলে আমার ধারণা।
* ক্লাব কোচ হিসেবে আপনাকে আমরা দেখেছি, জাতীয় দলের কোচ হিসেবে কি অন্য কোনো চেহারায় দেখব?
মারুফ: জাতীয় দলকে এগিয়ে নিতে আমার কর্মপদ্ধতি, চিন্তাভাবনা সবই কাজে লাগাব। এত দিনে যে কোচিং জ্ঞানটা অর্জন করেছি, সেটা ঢেলে দেব। সাম্প্রতিক সময়ে উয়েফা ‘এ’ লাইসেন্স করেছি। আমি মনে করি, এগুলো আমাকে সাহায্য করবে। আশা করি নতুন কিছু অবশ্যই দেশবাসীকে দেখাতে পারব।