'সারাক্ষণ ফুটবলে বুঁদ হয়ে থাকি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ গন্তব্য এসব নিয়ে কথা তো অনেকই বলেছেন। আর্জেন্টিনার ম্যাগাজিন গেন্তেকে দেওয়া সাক্ষাৎকারে খুঁজে পাওয়া গেল অন্য লিওনেল মেসিকে

* প্রথম বলের স্মৃতিটা মনে আছে?

লিওনেল মেসি: আসলে ঠিক মনে নেই। তবে মনে আছে, প্রথম বল উপহার পেয়েছিলাম তিন জ্ঞানীর উৎসবে (৬ জানুয়ারির এই উৎসবে স্প্যানিশভাষী দেশগুলোতে শিশুরা উপহার পেয়ে থাকে)। সালটা অবশ্য আমার মনে নেই।
* ছেলেবেলায় কার খেলা দেখে সবচেয়ে মুগ্ধ হয়েছিলেন? মাঠে বা টিভিতে?
মেসি: আলাদা করে কাউকে কখনো অনুসরণ করিনি। তবে ডিয়েগো ম্যারাডোনা দেশে ফেরার পর মনে হয়েছিল, আমাকে তাঁর মতো হতে হবে। সেটা ছিল ১৯৯৩ সাল। স্পেন থেকে ফিরে তিনি নিউয়েলস ওল্ড বয়েজে যোগ দিয়েছিলেন। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আর্জেন্টিনা দলেও ছিলেন। আমাকে কেউ অনুপ্রেরণা দিয়ে থাকলে তিনি ম্যারাডোনাই।
* বল নিয়ে এভাবে খেলার রহস্যটা কী?
মেসি: আমি সব সময়ই ফুটবলটা উপভোগ করি। আমি জানি না এটা আদৌ কোনো রহস্য কি না। আমি শুধু জানি, ফুটবল খেলতেই আমি সবচেয়ে ভালোবাসি। যত দিন পারব আমি খেলে যাব।
* ঘুমানোর সময়ও কি আপনি খেলা নিয়ে স্বপ্ন দেখেন?
মেসি: আমি অন্য সবার মতোই ঘুমাই। সারাক্ষণ ফুটবলে বুঁদ হয়ে থাকি না। ফুটবলটা তো আমার পেশাই, আর বন্ধুদের সঙ্গেও মজার জন্যই খেলি। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করতে পারি ফুটবলটাই আমার জীবনের সব নয়।
* মাঠে যা করেন, অনুশীলনে কি সেসব ঝালিয়ে আসেন?
মেসি: আমি সপ্তাহজুড়েই অনেক অনুশীলন করি, ম্যাচের আগে নিজেকে ফিট রাখার চেষ্টা করি। তবে অনুশীলনে যা করি তার সবকিছু তো আর মাঠে করা যায় না। পরিস্থিতিটা তখন অন্য রকম, ম্যাচের সময় অনেক কিছুই তাই বদলে যায়।
* অনেকেই আপনাকে অনুসরণ করে, আপনার মতো হতে চায়। আপনি কি মনে করেন ঈশ্বর আপনাকে ফুটবল খেলার জন্যই বেছে নিয়েছেন?
মেসি: অন্যসব পেশার মানুষ যেমন জীবন বাঁচায় বা সবাইকে ভালো রাখার চেষ্টা করে যায়, আমার কাজও ও রকম। আমি চেষ্টা করি ফুটবল খেলে মানুষকে বিনোদন দিতে। সেই সুযোগ পাওয়ায় ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ।
* নিজের এই তুমুল জনপ্রিয়তা কীভাবে দেখেন?
মেসি: আমি আসলে খুব একটা বড় করে দেখি না। অন্য সবার মতোই আমি জীবনটা উপভোগ করার চেষ্টা করি। বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি।
* উঠতি ফুটবলারদের কী পরামর্শ দেবেন?
মেসি: আমি সবাইকে চাপ না নিয়ে শুধু উপভোগ করতেই বলব। দিন শেষে এটা একটা খেলাই।
* ফুটবল কি আপনাকে সবকিছু দিয়েছে?
মেসি: পেশাগতভাবে ও সামাজিকভাবে তো অনেক কিছু দিয়েছেই, ফুটবল আমাকে নিরাপত্তাও দিয়েছে। তবে ফুটবলের আগে পরিবার থেকেই আমি সবকিছু পেয়েছি। আমার ভিত্তিটা সেখান থেকেই গড়া।