'সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি'
>

কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ, রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা—যুক্তরাজ্যের শর্টলিস্ট সাময়িকীকে দেওয়া লিওনেল মেসির এই সাক্ষাৎকারে উঠে এল সবকিছুই
* চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলে সরাসরি কোপা আমেরিকায়। কেমন লাগছে? দুটি টুর্নামেন্টকে তুলনা করবেন কীভাবে?
লিওনেল মেসি: খেলোয়াড় হিসেবে সবারই চাওয়া থাকে এমন সব বড় টুর্নামেন্ট খেলা। একটার সঙ্গে আরেকটির তুলনার কিছু নেই। বার্সা যে টুর্নামেন্টেই খেলুক, তাদের লক্ষ্যই থাকে শিরোপা। আর্জেন্টিনার লক্ষ্যও তা-ই।
* এল ক্লাসিকোর সঙ্গে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের তুলনা করবেন কীভাবে?
মেসি: বিশ্বের বড় ম্যাচগুলোর মধ্যে এমন দুটি ম্যাচ আছে, যেগুলো খেলোয়াড়দের কাছে যেমনই হোক, সমর্থকদের কাছে কতখানি সেটা বোঝা যায় মাঠে।
* কোপা আমেরিকা কি শুধু আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই?
মেসি: মোটেই না। আমরা এবং ব্রাজিল দল হিসেবে খুব শক্তিশালী। বিশ্বকাপে কলম্বিয়াও দেখিয়েছে তারা কতটা শক্তিশালী। উরুগুয়ের আছে বড় মাপের সব খেলোয়াড়। ঘরের মাঠে চিলিও শক্তিশালী। অনেক দলেরই জেতার সম্ভাবনা আছে।
* অলিম্পিক বাদ দিলে কুড়ি বছরেরও বেশি বড় সাফল্য নেই আর্জেন্টনার। তারা কি কক্ষচ্যুত?
মেসি: সর্বশেষ ট্রফি জেতার পর আমরা কয়েকটি ভালো দলও পেয়েছি। কিন্তু লম্বা সময় ধরে সাফল্য পাইনি। ব্রাজিলে কাছাকাছি গিয়েও বিশ্বকাপ জিততে পারিনি। আমাদের লক্ষ্য কোপা আমেরিকা জয়।
* বিশ্বকাপ ট্রফি না জিতলে কি নিজের ক্যারিয়ারটাকে পরিপূর্ণ মনে করবেন?
মেসি: বিশ্বকাপই ফুটবলে চূড়ান্ত লক্ষ্য। এখনো এই স্বপ্নটা আমি দেখি। আমার অনেক বার্সা-সতীর্থ এর স্বাদ পেয়েছে। এর অনুভূতিটা কেমন, সেটা একদিন পাব বলেই স্বপ্ন দেখি।
* কেউ কেউ বলেন, বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়নস লিগ জেতাটাই কঠিন। আপনি কী মনে করেন?
মেসি: দুটোই কঠিন পরীক্ষার। তফাতটা হলো চার বছর আপনি বিশ্বকাপে খেলার সুযোগ না-ও পেতে পারেন।
* জার্মানির কাছে ফাইনাল হারের পর একটা ছবি আছে, যেখানে আপনি তাকিয়ে আছেন বিশ্বকাপ ট্রফির দিকে। তখন কী ভাবছিলেন?
মেসি: জীবন থেমে থাকবে না, কিন্তু এই পরাজয়ের জন্য সারা জীবন অনুশোচনা করতে হবে। মাথায় ঘুরবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি আমরা। ফাইনালের পরাজয় কোনো কিছুতেই আমার কাছে ঘোচার নয়।
* কোনো কারিকুরি কি রোনালদিনহোর কাছ থেকে শিখেছেন আপনি?
মেসি: বার্সার ড্রেসিংরুমে যখন ঢুকি, আমার বয়স ছিল ১৬ বছর। তখন সে বিশ্বের সেরা খেলোয়াড়। দলে থিতু হতে আমাকে সাহায্য করেছে সে। ব্যক্তি হিসেবেও দারুণ ছিল। যেভাবে সে খেলত তাতে বার্সার সমর্থকেরা তার খেলার ভক্ত হয়ে ওঠে।
* লম্বা একটা সময় গোল করতে না পারলে সেটা মনের ওপর কতটা প্রভাব ফেলে?
মেসি: সব সময়ই আপনি গোল করতে চাইবেন। কিন্তু এটাই সবকিছু নয়। লুইসের (সুয়ারেজ) দিকে দেখুন, মৌসুমের শুরুর দিকে বেশি গোল পায়নি ও। কিন্তু অনেক গোলের কারিগর ছিল, কঠোর পরিশ্রম করে গেছে। কিন্তু সে এখন গোল পাচ্ছে। দলের জন্য ভালো খেলা এবং ফল পাওয়াটাই আসল।
* রোনালদোর সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা আছে বলে কি মনে করেন? প্রেরণার জন্যও এটা থাকা ভালো নয় কি?
মেসি: কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। এটা সংবাদমাধ্যমের আবিষ্কার। আমরা দুজনেই নিজ নিজ ক্লাবের জন্য ভালো করতে চাই, এর অর্থ মেসি বনাম রোনালদো হতে পারে না। এটা কখনো ছিল না।
* বার্সেলোনায় যোগ দেওয়ার আগে কখনো কী আর্জেন্টিনার ফুটবলে খেলার ইচ্ছা হয়নি?
মেসি: বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। তারা আমাকে যে সুযোগটা দিয়েছে অন্য কেউ দেয়নি। অন্য কোথাও খেলার ইচ্ছে কখনোই আমার ছিল না। আর বার্সেলোনা যত দিন চাইবে, তত দিন এখানেই খেলে যাব।
* অনলাইনে অপরিচিতদের সঙ্গে এখনো কি ভিডিও গেম খেলেন? বাস্তবে মাঠে যে দক্ষতা দেখান, সহজাত ফুটবল খেলেন ভিডিও গেমেও সেটা কি থাকে?
মেসি: আমি খুব সুন্দর জয় চাই, বাস্তব জীবনে, অনলাইনেও!