>

বাংলাদেশ যেন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ কথাটা অনেকবারই বলেছেন। কাল আরও একবার ঢাকা এলেন সেই ‘দ্বিতীয় বাড়ি’র বাসিন্দা জর্জ কোটান। আবাহনীর ফুটবল কোচ হিসেবে টানা দ্বিতীয় মৌসুম দায়িত্ব নিয়ে স্মৃতিকাতরই হয়ে পড়লেন বাংলাদেশকে সাফ ফুটবল জেতানো অস্ট্রিয়ান কোচ
* আবারও স্বাগত। বাংলাদেশে এ নিয়ে কতবার এলেন মনে আছে?
জর্জ কোটান: পঞ্চমবার। প্রথমবার ২০০৩ সালে সাফ ফুটবল জেতানোর আগে। তারপর মুক্তিযোদ্ধার কোচ হিসেবে। পাকিস্তান দলের কোচের দায়িত্ব নিয়েও এসেছি। আবাহনী কোচ হিসেবে এলাম দুবার।
* অনেক দিনই বাংলাদেশে ছিলেন। বাংলাদেশ ‘দ্বিতীয় বাড়ি’ কথাটা অনেকবারই শুনেছি আপনার মুখে। এবার কি বিশেষ কোনো অনুভূতি হচ্ছে?
কোটান: বিশেষ অনুভূতি বলতে অবশ্যই নিজের প্রিয় একটা জায়গায় আসার ভালো লাগাটা কাজ করছে। আমার এখানে অনেক বন্ধু, শুভাকাঙ্ক্ষী। তা ছাড়া আবাহনীর ম্যানেজার রুপু আর গোলকিপার কোচ আতিকের সঙ্গে সব সময়ই যোগাযোগ রেখেছি। শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে মনে হয় বাংলাদেশেই ছিলাম (হাসি)।
* ২০০৩ সাফ জিতিয়ে চলে যাওয়ার পর মুক্তিযোদ্ধার কোচ হয়ে এসে বলেছিলেন, অস্ট্রিয়ার বাড়িতে লাল-সবুজ পতাকা টাঙিয়ে রেখেছেন। ওটা কি এখনো আছে?
কোটান: আছে। ওটা অনেক যত্ন করে রেখেছি। আসলে একটা দেশের প্রেমে পড়লে সেটা আর ভোলা যায় না। আমি তো দেশ-বিদেশ বহু ঘুরেছি, এখনো ঘুরি। কিন্তু বাংলাদেশকে কেন জানি একটু আলাদাই লাগে। সেটা এমন নয় যে, এখানে আমি আমার কোচিং জীবনের বড় একটা সাফল্য পেয়েছি। বাংলাদেশের মানুষগুলোই আসলে আমাকে বেশি টানে। লাভলি পিপল...।
* কিন্তু মানুষের প্রেমের চেয়ে আপনার নিজের কোচিংয়ে সাফল্যও কম গুরুত্বপূর্ণ নয়। আপনি কিন্তু ক্লাব পর্যায়ে সেভাবে সাফল্য পাননি বাংলাদেশে।
কোটান: হ্যাঁ, সেটা আমি জানি। আসলে ক্লাব আর জাতীয় দল ভিন্ন। ক্লাব তখনই সাফল্য পায়, যখন সব দিক থেকে সমর্থনটা মনের মতো হবে। জাতীয় দলের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। আমার ক্ষেত্রে বাংলাদেশে যেটা হয়েছে, ক্লাবে সে রকম দল এবং খেলোয়াড় আমি পাইনি।
* তাহলে এবারও আবাহনীতে কেন এলেন? আবাহনী তো কয়েক মৌসুম ধরে দেশের এক নম্বর দল নয়।
কোটান: এক নম্বর দল না হলেও সাফল্য পাওয়া যাবে না, ব্যাপারটা এমন নয়। আমাকে বলা হয়েছে, গতবারের চেয়ে এবারের দলটা ভালো। আমি ভেবেছি, এই দল নিয়ে কাজ করলে ভালো ফল আসবে। গতবার আগস্টে লিগে আমি যেখানে রেখে যাই, শেখ জামালের পর দ্বিতীয় স্থানে ছিল আবাহনী। শেষ চার-পাঁচ ম্যাচে কী হলো জানি না, আবাহনী শেষ পর্যন্ত চতুর্থ!
* আপনি তো ফিফায় কাজ করেন। মাঝপথে কী এমন হতে পারে যে ফিফার কাজে আবার চলে গেলেন?
কোটান: শিগগিরই রোম ও হংকংয়ে পাঁচ-ছয় দিনের জন্য যেতে হবে। ওখানে ফিফার দুটি কর্মসূচি আছে আমার। এ ছাড়া বাকি সময়টা আবাহনীকে দিতে পারব আশা করছি। অবশ্য ঢাকায় যদি বারবার খেলা না পেছায়। উফ্, গতবার খেলা পেছাতে পেছাতে কী যে বিরক্তির অবস্থা হয়েছিল!
* ঢাকা এসে এবার কোনো পরিবর্তন দেখছেন?
কোটান: পরিবর্তন তো আছেই। ঢাকা শহরে অনেক ভবন হয়েছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে। কিন্তু একটা জিনিস খুব মিস করি সেটা ফুটবল মাঠ! ১৫-১৬ বছর আগে প্রথম এসে অনেক খোলা জায়গা দেখেছি, যেখানে ফুটবল হতো। এখন সেটাও নেই।