'সেটি ছিল প্রথম প্রেমের মতো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুল বাশার
হাবিবুল বাশার

হাতে বেশ কিছু সিডি, একগাদা কাগজপত্র, খাম। এসব কিছু মনে করিয়ে দিচ্ছে তাঁর নতুন পরিচয়। অধিনায়ক হিসেবে দুবার গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ। এবার গেলেন একই সঙ্গে নির্বাচক ও ম্যানেজার হিসেবে। কাল সকালে বিসিবিতে শেষ মুহূর্তের কাজ সেরে নেওয়ার ফাঁকে হাবিবুল বাশার কথা বললেন ক্যারিবিয়ানের স্মৃতি ও তাঁর জোড়া দায়িত্ব নিয়ে
l ওয়েস্ট ইন্ডিজ বললেই প্রথমে কী মনে পড়ে আপনার?
হাবিবুল বাশার: ২০০৪ সালের সফর। আমরা বেড়ে উঠেছি বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতাপের সময়। ছোট থেকেই ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অন্য রকম এক রোমাঞ্চ, ভালো লাগা ছিল। সেখানে প্রথম সফরটি ছিল প্রথম প্রেমের মতো। স্বপ্নের জায়গায় প্রথমবার পা রাখা, ক্যারিবিয়ান গ্রেটদের কাছ থেকে দেখা, ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনদর্শন, সবই মুগ্ধ করেছিল আমাদের। মাঠের ক্রিকেটেও ভালো করেছিলাম আমরা, ড্র করেছিলাম একটি টেস্ট। সব মিলিয়েই ওই সফরটি আলাদা জায়গা নিয়ে আছে স্মৃতিতে।
l ২০০৭ বিশ্বকাপটাও তো ভোলার নয়!
হাবিবুল: তা তো বটেই। ব্যক্তিগতভাবে খুব ভালো যায়নি, কিন্তু দলের অর্জনই সবকিছুর আগে। বিশ্বকাপে ভারতকে হারানোর পর তো ওখানে আমরা বীরের মর্যাদা পাচ্ছিলাম। রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম আমরা, যেখানেই যাচ্ছিলাম, আলাদা যত্ন পাচ্ছিলাম। পরে সুপার এইটে দক্ষিণ আফ্রিকাকেও হারালাম। ওই ম্যাচটি হয়েছিল গায়ানায়। কিন্তু সুপার এইটে আমাদের বেশির ভাগ ম্যাচই হয়েছিল বার্বাডোজে, যেখানে উইকেট ছিল বাউন্সি। আমার মনে হয়, গায়ানা-অ্যান্টিগায় বেশি খেলা হলে আমরা সুপার এইটে আরও ম্যাচ জিততাম।
l আর এবারের যাওয়া?
হাবিবুল: নির্বাচক হিসেবে এমনিতেই যাওয়ার কথা ছিল। সঙ্গে যোগ হলো ম্যানেজারের দায়িত্ব। নির্বাচক হিসেবে সফরে আসলে ছেলেদের খুব কাছাকাছি থাকার সুযোগ হয় না। ম্যানেজার হিসেবে অনেক কিছুর সঙ্গেই সম্পৃক্ত থাকতে হবে। অনেক কিছুর খেয়াল রাখা, দেখভাল করা। বাড়তি একটু রোমাঞ্চ অনুভব করছি।
l দুটি দায়িত্বের সমন্বয় করা বা সামলানো কঠিন হবে না?
হাবিবুল: কঠিন হবে না, কারণ অধিনায়ক থাকার সময়ও আমি নির্বাচকের কাজ করেছি। দলকে দেখভালও করতে হয়েছে। আর বাংলাদেশ দলে এত বছর খেলেছি, একজন ম্যানেজারকে কী করতে হয় না করতে হয়, ক্রিকেটাররা ম্যানেজারের কাছে কী প্রত্যাশা করে—এসব জানা আছে। তাই সমস্যা হওয়ার কথা নয়। তার পরও কাজ শুরু করলে বোঝা যাবে। তবে চ্যালেঞ্জটা নিতে আমার ভালো লাগছে। আমি এটাকে দেখছি এভাবে যে দলকে বাড়তি সাহায্য করছি।
l এর আগে বাংলাদেশ ‘এ’ দলের ম্যানেজার ছিলেন, ম্যানেজারের দায়িত্বের কঠিন দিক কোনটা মনে হয়?
হাবিবুল: ক্রিকেটার থাকার সময় অন্য কেউ আমাকে ‘ম্যানেজ’ করত, এখন আমারই সবাইকে ‘ম্যানেজ’ করতে হবে! সবাইকে ‘ম্যানেজ’ করাই কঠিন কাজ। ছেলেদের ওপরও এটা নির্ভর করে। তবে সবাইকে খুব ভালোভাবেই চিনি আমি, সবাই খুব ভালো ছেলে। আশা করি, আমাকে খুব ঝামেলা পোহাতে হবে না।
l দায়িত্বটা কি খুব কঠিন সময়ে পেলেন? গত বেশ কিছুদিন ছন্নছাড়া বাংলাদেশ দল, মাঠের ভেতরে-বাইরে নানা বিতর্ক, সাকিব নেই...
হাবিবুল: কঠিন কিছুই আমার ভালো লাগে। চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। স্বাভাবিক সময়ে তো সবকিছুই সহজ, যে কেউ করতে পারে। স্বাভাবিকের চেয়ে একটু ব্যতিক্রম সময়েই আসলে নিজেকে ফুটিয়ে তোলা যায়।
l সাবেক অধিনায়ক, নির্বাচক, ম্যানেজার হিসেবে দলের প্রতি কী বার্তা থাকবে?
হাবিবুল: ক্যারিবিয়ানের মানুষ সব সময়ই আনন্দপ্রিয়। ক্রিকেটকেও ওরা জীবনদর্শন থেকে আলাদা ভাবে না। সব সময় উপভোগ করতে চায়। দলের প্রতি আমার বার্তা থাকবে, ওখানে গিয়ে খেলাটা উপভোগ করো। দলের প্রায় সবাই ওখানে আগেও সফর করেছে।