'সোনা জিতব, এতটা ভাবিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

 ইসলামিক সলিডারিটি গেমসে গত রোববার সৈয়দা আতকিয়া হাসানকে সঙ্গে নিয়ে জিতেছেন অপ্রত্যাশিত সোনা। সেই সুখস্মৃতি নিয়ে আজারবাইজানের বাকু থেকে গতকাল মঙ্গলবার ঢাকায় ফিরে আজই জার্মানি যাচ্ছেন বিশ্বকাপে অংশ নিতে। নতুন করে তাই উজ্জীবিত শুটার আবদুল্লাহ হেল বাকি

*অনেক দিন পর একটা সোনা জিতলেন...

আবদুল্লাহ হেল বাকি: হ্যাঁ, অনেক দিন পর। ২০১০ ঢাকায় এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত সোনা জিতেছিলাম। ওই দলে আসিফ ভাই, শোভন আর আমি ছিলাম। তবে দলীয় দুটি সোনা জিতলেও ব্যক্তিগত সোনা জয় এখনো হলো না আমার।

*আজারবাইজানে এই যে ১০ মিটার এয়ার রাইফেলে দ্বৈত ইভেন্টে সোনা জিতলেন, শুটিংয়ে দ্বৈত ইভেন্ট আছে বলেই তো আগে কখনো শুনিনি...

বাকি: এটা নতুন ইভেন্ট। গত রিও অলিম্পিকের পর চালু হয়েছে। এই ফেব্রুয়ারিতে বিশ্বকাপ খেললাম ভারতে, ওখানে ইভেন্টটা ছিল। আমরা ষষ্ঠ হয়েছিলাম। আমার সঙ্গে দ্বৈতে ছিলেন সুরাইয়া।

*দ্বৈত ইভেন্টের নিয়মটা কী?

বাকি: ইভেন্টটা বেশ মজার। দর্শক আনন্দ পাবে। ১০ মিটার বা অন্য ইভেন্টে যেমন ছেলেমেয়েরা আলাদাভাবে খেলে, দ্বৈতে সবাই একসঙ্গে। এই দশ মিটার এয়ার রাইফেলে সব দল ২৫টি করে গুলি মারে। শীর্ষে থাকা আট দল ওঠে সেমিফাইনালে।

*তারপর?

বাকি: সেমিফাইনালের নিয়ম হলো, ৮টি দল দুই গ্রুপে খেলবে। গ্রুপ সেরা দুই দল ওঠে ফাইনালে। ফাইনালে আগে ৫ পয়েন্ট পাওয়া দলই চ্যাম্পিয়ন। আমরা শক্তিশালী ইরানকে ৫-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিয়েছি।

*কিন্তু আপনাদের কারও মুখে সোনা জয়ের আশার কথা যাওয়ার আগে শোনা যায়নি। তো সোনা জয় আসলে কীভাবে সম্ভব হলো?

বাকি: সত্যি বলতে আমি ভেবেছিলাম দশ মিটারের দ্বৈতে হয়তো একটা পদক পাব। কিন্তু ইরান, তুরস্ককে হারিয়ে সোনা জিতে যাব এতটা ভাবিনি। এটা সম্ভব হয়েছে আসলে আতকিয়া অনেক ভালো খেলায়।

*এমনিতে অন্য দেশগুলোর মান কেমন ছিল?

বাকি: মান ভালোই। তুরস্ক আর ইরানের দুজন করে চার খেলোয়াড় ছিল, যারা কোটা প্লেস নিয়ে রিও অলিম্পিকে খেলেছে। আরও একজন ছিল অলিম্পিকে খেলে আসার। তাদের সঙ্গে লড়াই করে সোনা জেতা আসলে সহজ ছিল না। অথচ আমি কিন্তু কোটা প্লেস পাইনি। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেছি রিওতে।

*আপনি তো অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন। কী মনে হয়, বাংলাদেশের শুটিং এখন কোথায় দাঁড়িয়ে?

বাকি: ওপরের দিকেই যাচ্ছে। আমাদের কয়েকজনের অনুশীলন স্কোর বিশ্বমানেরই। প্রতিযোগিতায় সময় সেটা হয় না কেন, সেটা ভিন্ন ব্যাপার। দুই বছর আগে হয়তো আমাকে ঘিরেই বাংলাদেশের শুটিংয়ে আশা-ভরসা বেশি ছিল, এখন আরও অনেকে এসেছে।

*বাকুর আগে অনেকে টুর্নামেন্টে আপনার পারফরম্যান্স ভালো হয়নি। ২০১৪ কমনওয়েলথ গেমসে রুপা জেতার পর মনে হচ্ছিল হারিয়ে যাচ্ছেন। বাকুতে নিজেকে ফিরে পেয়েছেন। এখন বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন?

বাকি: এসব নিয়ে ভাবারও আসলে সময় কম। কাল (আজ) ভোর ছটায় জার্মানি যাচ্ছি। ঢাকায় এসেই দিনে দিনে জার্মানির ভিসা করিয়েছি। আমার ইভেন্ট সম্ভবত ১৯ ও ২২ তারিখ। তবে অবশ্যই বিশ্বকাপে ভালো কিছুই করতে চাইব।