'সোনা জিতে অনেক কেঁদেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাবিয়া আক্তার সীমান্ত
মাবিয়া আক্তার সীমান্ত
নিয়মিতই আন্তর্জাতিক পদক জিতে আনছেন ভারোত্তোলকেরা। গত সপ্তাহে যেমন ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তোলন থেকে সোনা জিতলেন মাবিয়া আক্তার সীমান্ত। বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক এখন এসএ গেমসে সোনা জয়ের স্বপ্ন দেখছেন

আপনার হাত ধরেই কমনওয়েলথ ভারোত্তোলনে প্রথম সোনা জিতল বাংলাদেশ। নিশ্চয়ই খুব খুশি?

মাবিয়া আক্তার সীমান্ত: আমি বিমানবন্দরে নেমেই অবাক। আমার খুব গর্ব হচ্ছিল। আমাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ব্যান্ড পার্টি, ফুলেল শুভেচ্ছা দিলেন কোচ, অন্য সতীর্থ, ফেডারেশন কর্মকর্তা, আনসারের স্যাররা। মনে হচ্ছিল, এত দিনের অনুশীলন আমার সার্থক। আমি তো সোনা জিতে ওখানে অনেক কেঁদেছি।
সুখের কান্না?
মাবিয়া: হ্যাঁ, এই প্রথম কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জাতীয় সংগীত বাজল আমার কারণে। আমি সব সময় দেখেছি ভারতের জাতীয় সংগীত বেশি বাজে যেকোনো টুর্নামেন্টে। ওরাই তো বেশি পদক জেতে। এর আগে রুপা বা ব্রোঞ্জ পদক জিতে বিজয়মঞ্চে ওদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে আমার খুব কষ্ট লাগত। এবার সোনা জেতার পর দেখি আমাদের সেক্রেটারি মহিউদ্দিন স্যার, কোচ সবাই কাঁদছেন।
আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় এসএ গেমসে নিশ্চয়ই অনুপ্রেরণা হবে এই সোনা?
মাবিয়া: আমি এখন আরও সিরিয়াস। এ জন্যই বিমানবন্দর থেকে নেমে সোজা অনুশীলন ক্যাম্পে চলে গেছি। আমি এবার এসএ গেমসে সোনা জিততে চাই।
এবারই প্রথম এসএ গেমসে মেয়েদের ভারোত্তোলন ঢুকল। এটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জের?
মাবিয়া: চ্যালেঞ্জ তো অবশ্যই। তবে এটাকে আমি চাপ হিসেবে নিচ্ছি না। আমি বরং আত্মবিশ্বাসী। আমি এমন কিছু করতে চাই যাতে সবাই গর্ব করে সেটা বলতে পারে।
এসএ গেমসে সোনা জয়ের ব্যাপারেও তাহলে আত্মবিশ্বাসী আপনি?
মাবিয়া: আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েই তো পুনেতে সোনা জিতেছি। আমি সোনা জেতার পর ওরা তো বেশ অবাক। আসলে ওদের মাটিতে গিয়ে ওদের খেলোয়াড়কে হারিয়ে সোনা জিতবে বাংলাদেশ, ওরা এতটা আশা করেনি। আসলে ওরা বাংলাদেশকে গোনায় ধরে না।
কীভাবে ভারোত্তোলনের মতো কঠিন, অনাকর্ষক খেলাটিতে এলেন?
মাবিয়া: আমার বাবা হারুনুর রশিদ ছোটখাটো এক মুদি দোকানি। আমাদের সংসারে অভাব-অনটন লেগেই থাকত। খেললে কিছু টাকা পাওয়া যাবে এমনটা ভেবে আমার মামা কাজী শাহাদাৎ হোসেন ভারোত্তোলনে নিয়ে আসেন। উনি বক্সিংয়ের কোচ। কিন্তু তাঁর বন্ধু ভারোত্তোলনের কোচ ফারুক সরকার কাজলের হাতে আমাকে তুলে দেন। আগে এই খেলা সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার। গোড়ায় মনে হতো কেন যে এমন জায়গায় নিয়ে এলেন মামা। মনে মনে মামাকে কত বকেছি! এখন আমার সাফল্য দেখে বলেন, তখন তো যেতে চাসনি।
ভারোত্তোলকদের দেওয়া বিওএর মাসিক বৃত্তিটা চালু থাকলে নিশ্চয়ই আরও অনুপ্রাণিত হতেন?
মাবিয়া: হ্যাঁ। আমি টাকার অভাবে মাঝে দুই বছর লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম। আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছি। বিওএর মাসিক বৃত্তি আমার সংসারের অনেক উপকারে আসত। ওই বৃত্তিটা ভালো খেলতে অনেক অনুপ্রেরণাও দিত আমাদের। আমি আনসার থেকে যে মাসিক বেতন পাই তা দিয়ে কিছুই হয় না। বাবার হাতে আমি আরও বেশি টাকা দিতে চাই।
আপনার পরিবার আপনাকে কতটা সমর্থন দেয়?
মাবিয়া: আমার বাবা-মা সবাই পাশে আছেন বলেই এত দূর আসতে পেরেছি। কিন্তু পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন অনেকে খেলাটা অপছন্দ করে। কারণ ভারোত্তোলন সংক্ষিপ্ত পোশাকে খেলতে হয়। অনেকে বলে মেয়েদের এভাবে চলাফেরা করা উচিত না। তারপরও আমার পরিবারের সবার সহযোগিতা পাই। মা–বাবা বলেন যে যা-ই বলুক...তোমার মতো তুমি এগিয়ে যাও।