'স্কোরিং শট আরও বাড়াতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নাসির হোসেন
নাসির হোসেন
ব্যাট হাতে তাঁর দায়িত্বটা নির্দিষ্ট। দল আগে ব্যাট করুক বা পরে, উইকেটে এসে সব সময়ই চেষ্টা করতে হয় বলের চেয়ে রানটাকে বাড়িয়ে রাখার। এ রকম ব্যাটিং করে ইনিংস লম্বা করার সুযোগ কম। টেস্ট-ওয়ানডে দুটোতেই নামের পাশে একটা করে সেঞ্চুরি থাকলেও ওয়ানডেতে বড় ইনিংস খেলার স্বপ্ন তাই নাসির হোসেনও খুব একটা দেখেন না। জাতীয় দলের এই অলরাউন্ডার সন্তুষ্ট ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলের প্রয়োজন মেটাতে পারলেই—

*মাত্র ১৬ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। এখন বয়স ২৩ বছর। যেভাবে শুরু হয়েছিল তাতে বর্তমান অবস্থানে কতটুকু সন্তুষ্ট?
নাসির হোসেন: সন্তুষ্ট অবশ্যই নই। আরও ভালো করার সুযোগ ছিল। অনেক সময় বাজে আউট হয়েছি। মনোযোগের অভাব ছিল। নইলে ক্যারিয়ারের এই পর্যায়ে আমার অবস্থান আরও ভালো থাকত।
*ব্যাটিং অর্ডারে আপনার জায়গার কারণেই বেশির ভাগ সময় বড় ইনিংস খেলা সম্ভব হয় না। তবু ভালো শুরু করেও ৩০-৪০-এর ঘরে আউট হয়ে যাওয়ার ঘটনা অনেক। এই ইনিংসগুলোকে বড় করার উপায় কী?
নাসির: যেটা বললেন, আমি যে জায়গায় ব্যাটিং করি সেখান থেকে বড় ইনিংস খেলা অনেক কঠিন। ৫০ রান করা মানেই অনেক। ওভার খুব বেশি থাকে না। তারওপর ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। আমি তো ও রকম পাওয়ার হিটার নই যে গিয়েই ধুমধাম মারব! আমার জন্য শুরুতে একটু সময় পেলে ভালো হয়।
*কিন্তু বাস্তবতা হলো দলীয় সমন্বয়ের কারণে আপনাকে খেললে এই জায়গাতেই খেলতে হবে। সময় পাওয়ার সম্ভাবনা ভবিষ্যতেও কম...
নাসির: সময় পাওয়ার জন্য ওপরে খেলতে হবে। সেটা সম্ভব নয় আমি জানি। আমাকে আসলে এই জায়গাতেই আরও উন্নতি করতে হবে। স্কোরিং শট আরও বাড়াতে হবে। ৩০ বলে ৪০ বা ২০ বলে ৩০, এমন ইনিংস খেলতে হবে। আমি অনুশীলনও এখন এ রকমই করি। নেটে সময় নিই না। চেষ্টা করি সব সময় স্কোরিং শট খেলার।
*ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অফ স্পিনার হিসেবে আপনাকে বেশ কার্যকর মনে করেন। নিজের বোলিংকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
নাসির: আমি দলের মূল বোলার নই। যতটুকুই করি দলের প্রয়োজনে করি। আমি আমার সামর্থ্য জানি। এলাম আর হুট-হাট তিন-চারটা উইকেট নিয়ে নিলাম, এ ধরনের বোলার আমি নই। চেষ্টা থাকে সব সময় রান চেক দেওয়ার। চার-ছয় যেন আমাকে না মারতে পারে। প্রতি ওভারে রানটা ৩-৪-৫-এর মধ্যে আটকে রাখার চেষ্টা করি।
*আপনি যে জায়গায় ব্যাট করেন তাতে ম্যাচ শেষ করে আসার দায়িত্ব থাকে। বিশ্ব ক্রিকেটে এই জায়গায় কার ব্যাটিং সবচেয়ে বেশি টানে?
নাসির: অনেকেই আছে। মাইক হাসির কথা বলতে পারেন। মাইকেল বেভান ছিল। তবে সব মিলিয়ে এবি ডি ভিলিয়ার্স। ক্লার্কের ব্যাটিংও ভালো লাগত...এখন তো খেলা ছেড়ে দিয়েছে। বাংলাদেশে ভালো লাগে মুশফিক ভাই আর লিটন দাসের ব্যাটিং।
*ম্যাচ জেতানো ইনিংস আপনাকে ‘দ্য ফিনিশার’–এর পরিচয় দিয়েছে। তা কোন ইনিংসটা খেলে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন?
নাসির: লম্বা ইনিংস হয়তো নেই, কিন্তু ৩০-৩৫-৪০ রানের অনেক ইনিংস আছে যেগুলো মনে রাখার মতো। ২০১৩ সালে ফতুল্লায় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা ম্যাচের ইনিংসটা, শ্রীলঙ্কার সঙ্গে এশিয়া কাপে জেতা ম্যাচের ইনিংসও...।
*সবচেয়ে বেশি উপভোগ করেন কোন সংস্করণের ক্রিকেট?
নাসির: সব ক্রিকেটই উপভোগ করি। তবে বেশি করি ওয়ানডে আর টি-টোয়েন্টি। তবে ওয়ানডে, টি-টোয়েন্টিতে ব্যাটিং করার খুব বেশি সময় পাই না, যেটা টেস্টে পাই। লম্বা ইনিংস খেলার সুযোগ থাকে। এটা ঠিক যে টেস্টে কিছু কিছু সময় আসে অনেক কঠিন। তবে একবার ভালো খেলা শুরু করলে সবই সহজ হয়ে যায়।
*সাত-আট নম্বরে ৩০-৪০ রানের ইনিংসও অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্যাটিংয়ে নামার সময় কী ঝড়ো ইনিংসেরই পরিকল্পনা থাকে আপনার?
নাসির: আগে ব্যাটিং করলে চেষ্টা থাকে ৫০ ওভার পর্যন্ত খেলা, সঙ্গে রানটাও দ্রুত বাড়ানো। পরে ব্যাট করলে তো ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে কী করব। তবে সব সময়ই আমার চিন্তা থাকে পরিস্থিতি অনুযায়ী খেলার।
*একটা সময় ব্যাটিংয়ে নির্ভার থাকতে নানা কৌশল অবলম্বন করতেন। উইকেটে গিয়ে গান গাইতেন, শিষ বাজাতেন। এখনো করেন ওসব?
নাসির: একেকজনের স্বভাব একেক রকম। মাঠেও একেকজন একেকভাবে নির্ভার থাকার চেষ্টা করে। কেউ গ্যালারির দিকে তাকিয়ে নির্ভার হয়, কেউ গান গেয়ে নির্ভার হয়। আমার ওগুলো করতে ভালো লাগত। এখনো হয়তো করি...আপনাদের চোখে পড়ে না (হাসি)।
*ক্রিকেটার হিসেবে নিশ্চয়ই অনেক স্বপ্ন দেখেন। সবচেয়ে বড় স্বপ্নটা কী?
নাসির: আরও অন্তত ১০ বছর জাতীয় দলে খেলতে চাই।
*কিছুদিন আগে ফেসবুকে বাজে এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ওটা যদিও ব্যক্তিগত আক্রমণ ছিল, খেলোয়াড়দের প্রতি প্রত্যাশা বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যাশা পূরণ না ঘটলে মানুষ ক্ষোভ প্রকাশে দিনে দিনে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। ক্রিকেটার হিসেবে এই প্রবণতাকে কীভাবে দেখেন?
নাসির: আমার একটাই কথা, খারাপ খেললে যা-ই বলুক না কেন, যেন আমাকে বলে। পরিবারকে যেন কিছু না বলে। প্রতিটি মানুষেরই ব্যক্তিগত জীবন আছে। সেটা নিয়ে কারও কথা বলার অধিকার নেই। অথচ ফেসবুকে নিজের ছোট বোনের সঙ্গে ছবি দিয়েও আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। এটা খুবই দুঃখজনক। ওই ঘটনার পর চিন্তা করেছিলাম পরিবারের কারও সঙ্গেই আর ফেসবুকে ছবি দেব না। এটাও ভেবেছিলাম যে ফ্যান পেজটা বন্ধ করে দেব। সেটা করিনি। তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিয়েছি।