বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিসিবি উত্তরাঞ্চলের হয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছেন নাঈম ইসলাম। প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে কাল পর্যন্ত পাঁচ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ১১৩.৪০ গড়ে ৫৬৭ রান করে আছেন সবার ওপরে। কাল সিলেট থেকে মুঠোফোনে নাঈম বললেন তাঁর এই সাফল্যের রহস্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে—

সর্বশেষ জাতীয় লিগে খুব একটা ভালো করতে পারেননি। কিন্তু এই বিসিএলে অন্য নাঈমকে দেখা যাচ্ছে। ব্যাটিংয়ে কোনো পরিবর্তন এনেছেন?
নাঈম ইসলাম: আল্লাহর রহমত আছে বলেই রান পাচ্ছি। টেকনিকে কোনো পরিবর্তন আসেনি। আগে যেভাবে খেলতাম, এখনো সেভাবেই খেলছি। তবে পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করছি।
এই বিসিএলে কাল পর্যন্ত ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন আপনি, দুইয়ে তুষার ইমরান (৪৫৫)। দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তো বেশ জমে উঠেছে!
নাঈম: এটা নিয়ে খুব একটা চিন্তা করছি না। আমার কথা হচ্ছে ভালো খেলছি, খেলে যাই।
শীর্ষ রান সংগ্রাহক হিসেবেই নিশ্চয় টুর্নামেন্ট শেষ করতে চাইবেন...
নাঈম: এ রকম কোনো লক্ষ্য নেই। আরও একটা ম্যাচ বাকি। তুষার ভাই এর মধ্যে ট্রিপল সেঞ্চুরি করে ফেললে হয়তো সবার ওপরে চলে যাবেন। এসব নিয়ে ভাবছি না। যেভাবে খেলছি, চেষ্টা করব এভাবেই শেষ করতে।
যদি দলীয় পারফরম্যান্সের দিকে তাকান, আপনাদের বিসিবি উত্তরাঞ্চলের সঙ্গে তুষারের প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের শিরোপার লড়াইটাও জমে উঠেছে। চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী?
নাঈম: এই ম্যাচ এখনো চলছে। সামনে আরও একটা রাউন্ড আছে। এখন পর্যন্ত আমরা খুব ভালো খেলছি। যদি সামনেও এটা ধরে রাখতে পারি, তবে সম্ভাবনা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।
অনেক দিন হলো ঘরোয়া ক্রিকেটেই আপনার ক্যারিয়ার সীমাবদ্ধ। এখানে ভালো খেলার অনুপ্রেরণা পান কীভাবে?
নাঈম: আর তো কোনো বিকল্প নেই। আমাদের সামনে এটাই আছে। যখন যেখানেই সুযোগ পাই, চেষ্টা করি ভালো খেলার।
অবধারিত প্রশ্ন, আবার জাতীয় দলে ফেরার স্বপ্নটা নিশ্চয়ই দেখেন?
নাঈম: স্বপ্ন তো সব সময়ই দেখি। জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়টি আমার হাতে নেই। যদি ধারাবাহিক ভালো খেলতে পারি, এমনিই সুযোগ আসবে। কিন্তু সেঞ্চুরি করেই যদি জাতীয় দলে ফেরা নিয়ে ভাবতে থাকি, আমাকে নিচ্ছে না কেন—এসব ভাবলে হবে না। মনোযোগ দিয়ে আমার কাজটা আমাকে করে যেতে হবে। সেটা করতে পারলে একটা সময় নিশ্চয়ই সুযোগ পাওয়া যাবে।