>

প্রথম শ্রেণির ক্রিকেটে এ বছর ৬টি সেঞ্চুরি করেছেন শুধু কুমার সাঙ্গাকারা। জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করে কাল শ্রীলঙ্কান এই ব্যাটসম্যানের কৃতিত্বটা ছুঁয়ে ফেললেও তা জানা ছিল না মোসাদ্দেক হোসেনের! জানার পর প্রতিজ্ঞা আরও সেঞ্চুরি করার
মাত্র আট মাসের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬টি সেঞ্চুরি, যার ৩টি ডাবল। ব্যাট হাতে এতটা ধারাবাহিক কীভাবে থাকছেন?
মোসাদ্দেক হোসেন: আমার মনে হয়, এটা অভ্যাসের ব্যাপার। ছোটবেলা থেকেই যখন রান করতাম, বড় ইনিংস হতো। অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে আমার প্রথম ম্যাচে ময়মনসিংহের হয়ে গাজীপুরের বিপক্ষে ১২৬ করি। অনূর্ধ্ব-১৬-তে ঢাকা মেট্রোর বিপক্ষে ১৭০ রানের ইনিংস খেলেছি। তখন থেকেই দেখতাম রান করলে বড় ইনিংস হয়।
এই যে ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলে যাচ্ছেন, এটার অনুভূতি কেমন?
মোসাদ্দেক: স্বপ্নপূরণের মতো। আমার স্বপ্নই ছিল এমন ব্যাটিং করা। টিভিতে বড় ব্যাটসম্যানদের খেলা দেখার সময় যা স্বপ্ন দেখতাম, সেটাই হচ্ছে এখন।
আপনার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এ বছর আর মাত্র একজন ব্যাটসম্যানই ৬টি সেঞ্চুরি করেছেন। সেটা জানেন?
মোসাদ্দেক: না তো! কে করেছেন?
কুমার সাঙ্গাকারা...
মোসাদ্দেক: এটা জানা ছিল না আমার। এখনই শুনলাম। খুবই ভালো লাগছে। চেষ্টা করব, সাঙ্গাকারার চেয়ে বেশি সেঞ্চুরি করতে এবার। এখন এটাই লক্ষ্য।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ম্যাচেই জোড়া শূন্য। দীর্ঘ পরিসরের ক্রিকেট সম্পর্কে প্রাথমিক অভিজ্ঞতাটা নিশ্চয়ই ভয়ংকর ছিল?
মোসাদ্দেক: তখন তো মনে হচ্ছিল আমি আসলে এই ক্রিকেটটা খেলতেই পারব না। এটা বড় ব্যাটসম্যানদেরই খেলা।
এরপরও ফর্ম পেতে সময় লেগেছে আপনার। প্রথম সাত ইনিংসে করেছিলেন মাত্র ৩৪ রান। কিন্তু এরপরই পর পর দুটি ডাবল সেঞ্চুরি! কীভাবে সম্ভব হয়েছিল সেটা?
মোসাদ্দেক: পরিষ্কার মনে আছে, আগের দুই ম্যাচে রান পাইনি বলে আমাকে দল থেকে বাদ দেওয়ার আলোচনা শুরু হয়ে গিয়েছিল। জাতীয় লিগে রংপুরের বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে শুনলাম, এই ম্যাচে ভালো না করলে পরের ম্যাচে আমাকে খেলাবে না। আমি চ্যালেঞ্জটা নিলাম। রান করবই, এ রকম জেদ চেপে গিয়েছিল। ওই ম্যাচে ২৫০ রানের ইনিংস খেলার পর সব ভয় উধাও হয়ে গেল। পরের ম্যাচেও ডাবল সেঞ্চুরি করলাম।
গত মৌসুমে তো অসুস্থতার জন্য খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। কীভাবে ফিরে পেলেন নিজেকে?
মোসাদ্দেক: জন্ডিসের জন্য গতবার প্রিমিয়ার লিগে খুব বেশি ম্যাচ খেলতে পারিনি। সুস্থ হয়ে শেষের দিকে পাঁচটা ম্যাচ খেললেও মাঠে নেমে ছন্দ পেতাম না। দুর্বল লাগত। পরে জাতীয় লিগে এসে ভালো খেললাম।
যাঁদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন, তাঁদের অনেকেই এখন জাতীয় দলে খেলছেন। একটু কি পিছিয়ে পড়লেন মনে হয়?
মোসাদ্দেক: সৌম্য সরকার, এনামুল হক, তাসকিন আহমেদ, লিটন দাস, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান—আমি যাদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছি, তাদের মধ্যে এই ছয়জন এখন জাতীয় দলে। তবে পিছিয়ে পড়েছি, এ রকম আমার কখনোই মনে হয় না। ওটা ভাবলেই বরং পিছিয়ে পড়ব। ওরা হয়তো একটু আগে জাতীয় দলে এসেছে, আমি একটু পরে আসব...এই তো!
জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস আছে তাহলে?
মোসাদ্দেক: আমরা যারা হাইপারফরম্যান্স ক্যাম্প করেছি, আমাদের সেখানে নেওয়ার উদ্দেশ্যই ছিল জাতীয় দলের জন্য প্রস্তুত করা। আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রস্তুতি ও আত্মবিশ্বাস দুটোই আছে আমার। যখন সময় আসবে, তখন নিশ্চয়ই ডাক পাব।