'স্বপ্নেও ভাবিনি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

অস্ট্রেলিয়া ম্যাচের আগে একখণ্ড অবসর। কাল সকালে পার্থের কিংস পার্ক ঘুরে এল বাংলাদেশ দল। মামুনুল, এমিলি ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন, পাশে দাঁড়িয়ে এনামুল, জাহিদ l ছবি বাফুফে
অস্ট্রেলিয়া ম্যাচের আগে একখণ্ড অবসর। কাল সকালে পার্থের কিংস পার্ক ঘুরে এল বাংলাদেশ দল। মামুনুল, এমিলি ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন, পাশে দাঁড়িয়ে এনামুল, জাহিদ l ছবি বাফুফে

একটু পরই অনুশীলনে যাবেন। পার্থে তাঁর হোটেল রুমে সেটিরই প্রস্তুতি নিচ্ছিলেন মামুনুল ইসলাম। এরই ফাঁকে বাংলাদেশ অধিনায়ক টেলিফোনে কথা বললেন আগামীকালের স্বপ্নের অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে। বিশ্বকাপ বাছাইয়ে সকারুদের সামনে দাঁড়ানোর রোমাঞ্চের সঙ্গে থাকল বাংলাদেশ দলের পার্থ অভিজ্ঞতাও।

পার্থে তো তিন দিন কাটিয়ে ফেললেন। নতুন পরিবেশ, সবকিছুই একটু অন্য রকম। আপনার নিজের কাছে কেমন লাগছে?
মামুনুল ইসলাম: এখানে রাতে ঠাণ্ডা একটু বেশিই। তবে আমার কাছে দারুণ লাগছে সবকিছু। থাকা-খাওয়া, অনুশীলন—সবই তো আমাদের চেয়ে আলাদা। অনুশীলন মাঠে গেলে মনে হয় এ কোথায় এসে পড়লাম, এতই সুন্দর! আমাদের সঙ্গে ওদের আকাশ-পাতাল ব্যবধান। সবচেয়ে ভালো লাগছে, এমন পরিবেশে আমরা কয়েকটা দিন কাটানোর সুযোগ পেয়েছি। আবার কবে পাব জানি না। তাই সবকিছু উপভোগ করার চেষ্টা করছি।
তাহলে তো প্রস্তুতিটাও ভালো হওয়ারই কথা...
মামুনুল: আরেকটু সময় পেলে হয়তো আরও ভালো হতে পারত। তারপরও যতটুকু হয়েছে, খারাপ বলব না। আমরা পরিশ্রম করছি, স্বাভাবিক সময়ের চেয়েও বেশি সময় দিচ্ছি অনুশীলন মাঠে। কোচ এ নিয়ে অনেক কাজ করছেন, সব মিলিয়ে আমরা তৈরি হচ্ছি।
ঢাকা ছাড়ার আগে বলে গেছেন, অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছেন না। তবু পরশু (কাল) মাঠে নামার সময়টা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে একটু কি স্নায়ুচাপ ঘিরে ধরছে?
মামুনুল: সত্যি বলতে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের হারানোর কিছুই নেই। সবাই জানে অস্ট্রেলিয়া কেমন দল। চারবার বিশ্বকাপ খেলেছে, এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন। ওরা সব দিক দিয়েই আমাদের চেয়ে অ-নে-ক এগিয়ে। আমাদের লক্ষ্য একটাই, গত কিছুদিনে যে ভালো ফুটবল খেলেছি, সেটি অব্যাহত রাখা। তারপর ফল যা হওয়ার হবে। আমরা ভালো খেলব, এটাই মূল লক্ষ্য।
রক্ষণকাজেই মনে হচ্ছে বেশি ব্যস্ত থাকতে হবে বাংলাদেশ দলকে। সেটির একটা মহড়াও আপনারা দিলেন মালয়েশিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে। তা মালয়েশিয়া ম্যাচ থেকে আত্মবিশ্বাসের জ্বালানি কতটা নিতে পারলেন?
মামুনুল: আমরা যা চেয়েছি, সেটা পেয়েছি মালয়েশিয়ার বিপক্ষে খেলে। ৭০ মিনিট পর্যন্ত মাঠে ভালোই কেটেছে আমাদের। ওরা নিজেদের মাঠে খেলে রেফারির একটু আনুকূল্যও পেয়েছে। আমরা ওই সময় পর্যন্ত যথেষ্ট লড়াই করেছি। শেষ ২০ মিনিট রক্ষণকাজটা বেশি করতে হয়েছে, কারণ আমাদের কিছু ভুল হচ্ছিল। তারপরও বলব, মালয়েশিয়া ম্যাচ আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
কোচ লোডভিক ডি ক্রুইফ কী বলেছেন? তিনি কি মালয়েশিয়ার বিপক্ষে পারফরম্যান্সে খুশি?
মামুনুল: এক শ ভাগ নন, আমাদের কিছু ভুল তাঁর চোখে পড়েছে। কথা ছিল, দ্রুত আক্রমণে উঠব। সেটা হয়তো পুরোপুরি হয়নি। মালয়েশিয়ার সঙ্গে আমরা কিন্তু গোল খাইনি, যা অবশ্যই আমাদের কৃতিত্ব। তবে মালয়েশিয়াকে আমরা গোলের সুযোগ দিয়েছি, অস্ট্রেলিয়াকে তা দেওয়া যাবে না। কোচ এটাই চান আমাদের কাছে।
গোলরক্ষক সোহেল মালয়েশিয়ার সঙ্গে আস্থা নিয়ে খেলেছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের গোলরক্ষককেই বেশি ব্যস্ত থাকতে হবে বলে সবার ধারণা, সোহেলের পারফরম্যান্সকে কীভাবে দেখছেন?
মামুনুল: সোহেল আমাদের অনেক ভরসা দিয়েছে। মালয়েশিয়ার সঙ্গে ও-ই ছিল মাঠের সেরা। আমাদের ডিফেন্ডাররাও খুব ভালো করেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে যেহেতু আমাদের রক্ষণই বেশি করতে হবে, আমি তো মনে করি সেই কাজটা আমরা ভালোভাবেই করতে পারব।
অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ম্যাট ম্যাকে তাঁর দলকে সতর্ক করে বলেছেন, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ একতরফা হলেও ফুটবলে এটা না-ও হতে পারে। তাঁরা যথেষ্ট সম্মান দেখাচ্ছেন বাংলাদেশকে। নিশ্চয়ই আপনি জানেন...
মামুনুল: হ্যাঁ, কাগজে পড়েছি। আসলে আন্তর্জাতিক ফুটবলে সহজ প্রতিপক্ষকেও সম্মান দেখায় বড় দলগুলো। তবে শুনে ভালো লেগেছে যে ওদের ডিফেন্ডার বলেনি আমাদের স্রেফ উড়িয়ে দেবে। ওরা নিশ্চয়ই আমাদের খোঁজখবর নিয়েছে, আমাদের ভিডিও দেখেছে। তবে যত যা-ই হোক, দুই দেশের মধ্যে পার্থক্যটা অস্ট্রেলিয়ানরাও জানে।
অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড় বা দলের অন্য কারও সঙ্গে দেখাটেখা হয়েছে?
মামুনুল: না, পার্থে আমরা যে দিকটায় থাকি, অস্ট্রেলিয়া দল থাকে অন্যদিকে। কারও সঙ্গে দেখা হয়নি। তবে আশা করছি কাল (আজ) প্রেস কনফারেন্সে দেখা হবে।
চোটের কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কসহ বেশ কজন খেলোয়াড় ছিটকে গেছেন দল থেকে। সর্বশেষ কাল (পরশু) দলের এক নম্বর গোলরক্ষক ভ্যালেন্সিয়ার ম্যাট রায়ানও যোগ দিয়েছেন ছিটকে যাওয়াদের দলে। বাংলাদেশের জন্য তো এটা সুখবর, তাই না?
মামুনুল: (হাসি) ওরা এতই শক্তিশালী যে দু-চারজন ছিটকে গেলেও কিছু আসে যায় না। খুব ভালো বিকল্প আছে ওদের। তাই অস্ট্রেলিয়ার কে আছে কে নেই, তা নিয়ে মোটেও আলোচনা করছি না আমরা। অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই।
পার্থে সাধারণ অস্ট্রেলিয়ানদের মধ্যে এই ম্যাচ নিয়ে কোনো আলোচনা বা আগ্রহ কি দেখছেন?
মামুনুল: না, ও রকম কিছু নয়। স্থানীয় লোকজন হয়তো খেলা দেখতে আসবে। তবে আমাদের কাছাকাছি সাধারণ অস্ট্রেলিয়ানদের দেখছি না। স্থানীয় টিভি চ্যানেলগুলো অবশ্য বেশ সরব। ম্যাচ নিয়ে নানা কিছু দেখাচ্ছে। বারবার বাংলাদেশ নামটা আসছে। এটা বেশ ভালোই লাগছে আমার।
আপনি নিজে কখনো অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলার স্বপ্ন দেখেছেন?
মামুনুল: কখনোই নয়। এমনকি স্বপ্নের ঘোরেও অস্ট্রেলিয়ার সঙ্গে খেলব ভাবিনি। আসলে আমরা যে স্তরে ফুটবল খেলি, সেখানে খেলে এ ধরনের ম্যাচের কথা ভাবাই যায় না। এবার বিশ্বকাপ বাছাইয়ে লটারিতে অস্ট্রেলিয়ার গ্রুপে পড়ে গেলাম আমরা। এটাকে সৌভাগ্যই বলব। আমরা যাঁরা বাংলাদেশ দলে আছি এখন, আমাদের ক্যারিয়ারে এটিই সবচেয়ে বড় ম্যাচ।
এর আগে তো এশিয়ার বড় দল সৌদি আরব, কাতার, কোরিয়া, জাপানের সঙ্গে খেলেছে বাংলাদেশ। সেদিক থেকে অস্ট্রেলিয়া ম্যাচটা আলাদা কোন জায়গায়?
মামুনুল: এশিয়ার কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সঙ্গে এই প্রথম খেলছে বাংলাদেশ। এটাই সবচেয়ে বড় দিক। তা ছাড়া অস্ট্রেলিয়া ম্যাচটা আলাদা বলব এই জন্য যে ওরা গত তিনটি বিশ্বকাপেই টানা খেলেছে। খেলোয়াড়দের বেশির ভাগই ইউরোপের বড় বড় লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। অনেকেই হাই প্রোফাইল খেলোয়াড়। এশিয়ার অন্য দলগুলোর তো এমন হাইপ্রোফাইল খেলোয়াড় ছিল না, এখনো নেই।
অস্ট্রেলিয়া যাওয়ার আগে আপনার সতীর্থ জামাল ভূঁইয়া বলছিলেন, এই ম্যাচে ভালো করলে বাংলাদেশের খেলোয়াড়দের বাইরে খেলার সুযোগ আসতে পারে। আপনার নিজের তেমন কোনো লক্ষ্য আছে?
মামুনুল: হ্যাঁ, আমিও সেভাবেই দেখছি। ভালো খেললে আমাদের কোথাও না কোথাও খেলার ডাক পড়তে পারে। ম্যাচটা তাই আর দশটা আন্তর্জাতিক ম্যাচের চেয়ে ভিন্ন তাৎপর্য নিয়েই এসেছে। আমি চাইব, খুব ভালো ফুটবল খেলে নিজেকে তুলে ধরতে।
অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু পার্থ ওভালে যাওয়া হয়েছে?
মামুনুল: এখনো যাওয়া হয়নি। তবে ওখানে পা রাখার জন্য মুখিয়ে আছি।
প্রবাসী বাংলাদেশিদের সাড়া পাচ্ছেন কেমন? আপনাদের অবসর সময়টাই বা কেমন কাটছে?
মামুনুল: পার্থে প্রবাসী বাংলাদেশি খুব কমই। তারপরও অনেকে আসছে, অনুপ্রেরণা দিচ্ছে। আমরা অবশ্য নিজেদের নিয়েই মগ্ন। অনুশীলন মাঠ, আর হোটেলেই সময় কাটছে। আজ অবশ্য সকালে একটু ঘোরা হয়েছে সবার। এর বাইরে আর কিছু নয়।
শেষ প্রশ্ন। দেশে তো ম্যাচটা নিয়ে সবার মধ্যেই তুমুল আগ্রহ। আমরা কী আশা করতে পারি আপনাদের কাছে?
মামুনুল: আমরা নিজেদের উজাড় করে খেলব। এই প্রতিশ্রুতিই দিতে পারি দেশবাসীকে। সবাইকে দোয়া করতে বলবেন।