'স্বপ্নেও ভাবিনি ১০০ টেস্ট খেলতে পারব'
>

পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে ২০০৪ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেক। এবি ডি ভিলিয়ার্স আজ ক্যারিয়ারের শততম টেস্টটা খেলতে নামবেন বেঙ্গালুরুতে, প্রতিপক্ষ ভারত। এই ১১ বছরে ডি ভিলিয়ার্স হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। কীভাবে এই বদলে যাওয়া? শততম টেস্টের সামনে দাঁড়িয়ে তাঁর অনুভূতিই বা কেমন? উঠে এসেছে ক্রিকইনফোকে দেওয়া এই সাক্ষাৎকারে—
* আপনার ব্যাটিংয়ে সবচেয়ে বেশি প্রভাব কিসের?
এবি ডি ভিলিয়ার্স: অনেকেই আমাকে সাহায্য করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আমার কঠিন সময়টাই আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছে। একটা সময় আমার খুব বাজে ফর্ম গেছে। এ ছাড়া আমি প্রায় ২০০ জনের নাম বলতে পারব, যাঁরা আমাকে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সাহায্য করেছেন। আমার সতীর্থদের মধ্যে ক্যালিসের কথা বলব, আমাদের টেকনিক প্রায় একই রকম। ও আমাকে মাঝেমধ্যে সাহায্য করেছে। বাউচার আছে। আমি এ রকম নাম বলা শুরু করতে চাই না। কারণ অনেক লম্বা হয়ে যাবে তালিকা।
* আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নজরকাড়া ইনিংসটা খেলেছিলেন ২০০৪ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। প্রায় ৩২ ওভার ব্যাট করে টেস্টটা বাঁচিয়েছিলেন। যখন ব্যাট করতে নেমেছিলেন, ৪৭ ওভারে ২০০ রানের মতো দরকার ছিল।
ডি ভিলিয়ার্স: মনে আছে। আমি তখন শুধু টিকে থাকার কথাই ভাবছিলাম। কী হতে যাচ্ছে সেটা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না।
* প্রায় ১১ বছর পর এখন আপনি শততম টেস্টের সামনে। ওই লক্ষ্যটা যদি এখন পান, এখন কি জয়ের জন্য খেলবেন?
ডি ভিলিয়ার্স: হ্যাঁ, অবশ্যই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। যতটা পারা যায় কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আমি যদি শেষ পর্যন্ত ব্যাট করতে পারি, এমনিতেই খুব কাছাকাছি যাওয়া যাবে। কারণ আমি জানি, কীভাবে বেশি ঝুঁকি না নিয়ে রান করা যায়। ২০১৩ সালে জোহানেসবার্গে ভারতের বিপক্ষে আমরা সেটাই করেছি (চতুর্থ ইনিংসে ভারতের দেওয়া ৪৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ৪৫০ করেছিল দক্ষিণ আফ্রিকা)।
* ১০০ রানের নিচে দলের ৩ বা ৪ উইকেট পড়ে গেছে, এমন অবস্থায় নেমে আপনার ব্যাটিং গড় ৫৩। আবার ৫০ রানের নিচে ৩ বা ৪ উইকেট পড়ে গেছে, এমন অবস্থায় নেমে গড় ৬৪। এ রকম পরিস্থিতিতে ব্যাট করতে নামার সময় আপনার কেমন মানসিকতা থাকে?
ডি ভিলিয়ার্স: তিন ধরনের ক্রিকেটেই যেকোনো পরিস্থিতিতে আমার মানসিকতা একই রকম থাকে। আমি চাই নিজের ভিতটা মজবুত করতে যাতে আক্রমণ করতে পারি এবং বোলারদের শাসন করতে পারি।
* আপনি সম্ভবত ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় ব্যাটসম্যান। আমরা আসলে জানি না ব্র্যাডম্যান বা সোবার্স বিভিন্ন ধরনের ক্রিকেটে এমন পরিস্থিতিতে কী করতেন। তবে আপনি সব ধরনের ক্রিকেটেই রান করেছেন। আপনার ৩০ বলে সেঞ্চুরিও আছে, আবার অ্যাডিলেডে (২০১২ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে) ২২০ বলে ৩৩ রানও করেছেন। কীভাবে করেন?
ডি ভিলিয়ার্স: আমি দলের জন্য খেলি। যখন আমি ২২০ বলে ৩০ করি, তখন দলের জন্য সে রকম ইনিংসই দরকার। জয় কিংবা ড্রয়ের জন্য যখন যে রকম দরকার, আমি সে রকম খেলার চেষ্টা করি।
* কিন্তু সেটা করার সামর্থ্য তো থাকতে হবে। টেকনিক্যাল ভিতটা তো থাকতে হয়, তাই না?
ডি ভিলিয়ার্স: অবশ্যই। তবে আপনার ভেতরে যদি সেই তাড়নাটা থাকে, দলের জন্য সেই দায়িত্ববোধটা থাকে, আপনি একটা না একটা পথ খুঁজে পাবেনই।
* সবাই তো পারছে না, শুধু আপনিই পারছেন...
ডি ভিলিয়ার্স: তাহলে সবার উচিত দলের কথা ভেবে খেলা (হাসি)।
* আপনি যখন রিভার্স সুইপ খেলেন, কখন ঠিক করেন যে এই শটটা খেলবেন?
ডি ভিলিয়ার্স: ভেতর থেকে একটা অনুভূতি আসে। তবে এটা আসলে সময়ে সময়ে বদলায়। কখনো বোলার বলটা করার ঠিক আগে, কখনো বোলার দৌড় শুরু করার সময়েই। কখনো মাঠে নামার পর প্রথম ওভারেই মনে হয়, কয়েকটা বল পরই আমি ওকে রিভার্স সুইপ করতে পারব।
* সুইপের চেয়ে রিভার্স সুইপ বেশি ঝুঁকিপূর্ণ মনে হয় না আপনার কাছে?
ডি ভিলিয়ার্স: না, একই তো। একই রকম ঝুঁকি।
* আপনার বাঁ হাত কতটা শক্তিশালী?
ডি ভিলিয়ার্স: আমার ডান হাতের চেয়ে সামান্য কম।
* আপনি নিজে যখন ব্যাট করেন না, তখন খেলা কতটা মনোযোগ দিয়ে দেখেন?
ডি ভিলিয়ার্স: আমি প্রতিটি বল দেখি। আমি প্রতিটি বল সম্পর্কে যত বেশি পারা যায় তথ্য জেনে রাখতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ।
* ব্যাটসম্যান হিসেবে কি এখনো নিরাপত্তাহীনতায় ভোগেন?
ডি ভিলিয়ার্স: প্রতি ম্যাচেই। সেটা দক্ষিণ আফ্রিকার হয়েই হোক বা অন্য কোনো ম্যাচ। প্রতিবার মাঠে নামার সময় আমার মনে হয়, আমি তো বিনা রানেই আউট হয়ে যেতে পারি।
* এমন কোনো শট কি আছে যেটা আপনি খেলতে পারেন না?
ডি ভিলিয়ার্স: অনেক শটই আছে। আমি বলতে চাই না, তাহলে বোলাররা হয়তো সে রকম বোলিং করা শুরু করবে আমার বিপক্ষে (হাসি)।
* মানুষ তো আপনাকে খ্যাপা বলে। ইতিবাচক অর্থেই অবশ্য...
ডি ভিলিয়ার্স: যেকোনো খেলোয়াড়ই যখন তার ফর্মের তুঙ্গে থাকে, তার নিজের মধ্যেও এই অনুভূতিটা আসতে পারে। অনেক ম্যাচে আমারও নিজেকে খ্যাপা মনে হয়েছে, অনেকেরই এটা হয়। ডেল স্টেইনকেই দেখুন না, যেসব ম্যাচে ও ৫ উইকেট পেয়েছে, অনেকগুলোতেই সে অপ্রতিরোধ্য ছিল। তারও নিশ্চয়ই নিজেকে খ্যাপা মনে হয়েছে।
* শততম টেস্টের মাইলফলক কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে?
ডি ভিলিয়ার্স: খুব বেশি না। এটা একটা দারুণ মাইলফলক যেটি আমার আগে অনেকেই ছুঁয়েছেন। অবশ্য আমার বাবা-মা টেস্টটা দেখতে আসছেন। এটা যদিও ব্যক্তিগত ব্যাপার। আমি কখনো স্বপ্নেও ভাবিনি ১০০ টেস্ট খেলতে পারব। আমি শপথ করে বলছি, ১০০ টেস্ট, ২০০ টেস্ট, ৫০০ টেস্ট নিয়ে আমি মোটেও ভাবি না। আমি শুধু ম্যাচ জিততে চাই।