'স্মরণীয় সফর ছিল সেটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুনায়েদ সিদ্দিক
জুনায়েদ সিদ্দিক

সর্বশেষ যখন গ্রেনাডায় খেলেছিল বাংলাদেশ, ছিলেন তিনিও। ২০০৯ সালের সফরে খেলেছিলেন সব কটি ম্যাচই। এবার দল যখন ক্যারিবিয়ানে, তিনি ব্যস্ত দলে ফেরার লড়াইয়ে নিজেকে প্রস্তুত করতে। প্রতিদিন অনুশীলন করছেন মিরপুরে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর ক্ষণে জুনায়েদ সিদ্দিক পেছনে ফিরে তাকালেন
l গ্রেনাডায় ম্যাচ আজ (গতকাল), মনে পড়ে গত সফরের গ্রেনাডা?
জুনায়েদ সিদ্দিক: মনে পড়বে না আবার! আমাদের দ্বিতীয় টেস্ট ছিল ওখানে। হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছিল। ম্যাচটি জিতে সিরিজ জিতেছিলাম আমরা। দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়। অনেক ভালো লাগার ছিল সেটি। মজা করেছিলাম অনেক।
l আগের টেস্টে আপনি নিজেও ভালো করেছিলেন...
জুনায়েদ: তামিমের সঙ্গে খুব ভালো একটি জুটি হয়েছিল আমার (দ্বিতীয় উইকেটে ১৪৬ রান) দ্বিতীয় ইনিংসে। জুটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ প্রথম ইনিংসে বেশ বড় লিড পেয়েছিল ওরা (৬৯ রানের)। দ্বিতীয় ইনিংসে তাই বড় রান করা প্রয়োজন ছিল আমাদের। সেঞ্চুরিটি পেলে ভালো লাগত (৭৮), তবে ম্যাচ শেষে ওই দুঃখ থাকেনি। আমরা ম্যাচ জিতেছিলাম, আমি টেস্ট জয়ের স্বাদ পেলাম সেই প্রথমবার। সেই অনুভূতির কোনো তুলনা হয় না।
l সেই সফরের সবচেয়ে বেশি কী মনে পড়ে?
জুনায়েদ: কত কিছু! মাঠের ক্রিকেটই সবচেয়ে বেশি। একের পর এক ম্যাচ জিতছিলাম আমরা। প্রতিটি ম্যাচ শেষেই ড্রেসিংরুমে ‘আমরা করব জয়’ গাওয়া। যার পারফরম্যান্স বেশি ভালো হতো, সে মাঝখানে দাঁড়িয়ে গাইত, আমরা সবাই ওকে ঘিরে। আর জিততে থাকলে তো এমনিতেই দলের আবহ অন্য রকম থাকে, সবকিছুই ভালো লাগে। ওয়েস্ট ইন্ডিজ নিয়ে অন্য রকম একটা রোমাঞ্চ ছিল আগে থেকেই। সেখানে গিয়ে দল এত ভালো করল, আমার তাতে অবদান ছিল বেশ, সব মিলিয়ে স্মরণীয় একটি সফর ছিল সেটি।
l আলাদা কী ছিল ওই দলটায় যে এত সফল হয়েছিল? নাকি স্রেফ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল বলে?
জুনায়েদ: ওয়েস্ট ইন্ডিজের মূল দল না খেললেও ওই দলের বোলিং কিন্তু খুব ভালো ছিল। কঠিন লড়াই করেই জিততে হয়েছিল আমাদের। নির্দিষ্ট করে বলা কঠিন কী ছিল। ক্রিকেটিং দিক থেকে বললে, আমাদের টপ অর্ডার নিয়মিতই রান পেয়েছে। তামিম-ইমরুল, পরে আমি...। সাকিবও সে সময় ব্যাটে-বলে দারুণ ধারাবাহিক পারফরম্যান্স শুরু করল। ওই সময় থেকেই আসলে খুব ভালো একটা সময় শুরু আমাদের। পরের বছর আমরা ইংল্যান্ডে গিয়ে জিতলাম, দেশে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলাম।
l এই সিরিজে দলের কাছে প্রত্যাশা?
জুনায়েদ: আমরা যখন গিয়েছিলাম, তার আগের সফরের সাফল্য আমাদের উদ্বুদ্ধ করেছিল। ২০০৪ সালে পাইলট ভাই (খালেদ মাসুদ), সুমন ভাইরা (হাবিবুল বাশার) খুব ভালো করেছিলেন। ২০০৯ সিরিজের সাফল্য এবার দলকে বাড়তি প্রেরণা জোগাবে অবশ্যই। আশা করি, গত কিছুদিন যে খারাপ সময়টা গেছে, সেটা কেটে যাবে ওয়েস্ট ইন্ডিজে। আমি নেই, দলকে মিস করি খুব। তবে সবার জন্য শুভকামনা থাকল। আশা করি, ভালো কিছুই হবে।
l বোর্ডের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করছেন আপনারা কজন। ‘এ’ দলে ডাক পেয়েছেন, সঙ্গে আসছে ঘরোয়া মৌসুমে দারুণ কিছু করলে হয়তো দলে ফেরার সুযোগ হবে...
জুনায়েদ: গত প্রিমিয়ার লিগেও আমি খুব ভালো করেছিলাম শেখ জামালের হয়ে। এবার গাজী ট্যাংকে খেলছি। আশা করি নিজে ভালো কিছু করব, দলকেও ভালো কিছু দিতে পারব। আর গত মৌসুমে কিছু চোট-সমস্যা ছিল। ফিটনেস নিয়ে সমস্যা ছিল। এখন ফিটনেস ভালো, চোট-টোট নেই। আমাদের অনুশীলনের যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেটা খুবই কাজে লেগেছে। চেষ্টা করব সর্বোচ্চ। আজ হোক, কাল হোক, দলে ফিরবই। আন্তর্জাতিক ক্যারিয়ার লম্বা করব আরও।
l সামনে বিশ্বকাপ...
জুনায়েদ: বিশ্বকাপও মাথায় আছে। গত বিশ্বকাপ খেলেছি, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি তিনটি। সামনে যেখানেই খেলি, শুধু রান করে যেতে চাই। তার পর দেখা যাক!