
চলমান এশিয়ান গেমস ফুটবলে প্রথম দুই ম্যাচে খারাপ করেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। উজবেকিস্তানের কাছে হারের আগে জয় আফগানিস্তানের বিপক্ষে। প্রথমবারের মতো এশিয়াডের দ্বিতীয় রাউন্ডে যেতে আগামী পরশু জয় চাই হংকং ম্যাচে। এই সবকিছু নিয়েই দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে কাল ফোনে কথা বললেন বাংলাদেশ দলের সহকারী কোচ সাইফুল বারী
:দলের অবস্থা কেমন?
সাইফুল বারী: ভালোই। আজ অনুশীলন ছিল না। আগামীকাল (আজ) ও পরশু এখানকার সময় দুপুরে আমাদের অনুশীলন। এ ছাড়া আর সবই ঠিকঠাক আছে। এখন হংকং ম্যাচের প্রস্তুতি চলছে।
:দ্বিতীয় রাউন্ডে যেতে হংকংয়ে সঙ্গে তো জিততেই হবে। কী মনে হয় পারবে বাংলাদেশ দল?
সাইফুল: এটা বলা কঠিন। ম্যাচের ওপরই নির্ভর করবে সবকিছু। আফগানিস্তানের চেয়ে হংকং ভালো দল। যদিও উজবেকদের মতো বড় শরীরের নয় হংকংয়ের খেলোয়াড়েরা। তবে স্কিল বেশ ভালো। ওদের সঙ্গে গত এশিয়াডে আমরা হেরেছি ৪-১ গোলে। কাজেই কঠিন ম্যাচই হবে। তবে আমাদের জয় ছাড়া উপায় নেই। জেতার লক্ষ্য নিয়েই খেলতে হবে।
:হংকং ম্যাচে কেমন কৌশল নেবেন কোচ ডি ক্রুইফ?
সাইফুল: আফগানিস্তানের সঙ্গে তো কাউন্টার অ্যাটাকে গিয়েছেন। তাতে ফল এসেছে। উজবেকদের সঙ্গে আমাদের পার্থক্য এত বেশি যে, রক্ষণে জোর দিয়েই খেলতে হয়েছে। তার পরও শুরুর দিকে কিছু ভুল করে গোল হজম দলের ওপর চাপ বাড়িয়েছে। অমন ভুল করা যাবে না। তা ছাড়া এমন নয় যে, আমরা হংকংয়ে বিপক্ষে চড়াও হয়ে খেলতে নামব। এ ম্যাচেও কৌশলী হতে হবে এবং প্রতি-আক্রমণেই সম্ভবত খেলবে বাংলাদেশ। আমাদের মূল লক্ষ্য থাকবে, গোল খাওয়া যাবে না। মানে রক্ষণ জমাট রেখে আক্রমণ।
:এমনিতে দলের খেলা কেমন হচ্ছে?
সাইফুল: এই পর্যায়ের ফুটবলে খেলা বেশ কঠিন। প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী। তাই প্রাধান্য নিয়ে খেলা বলতে যা বোঝায়, সেটা আমরা পারছি না। বল পজেশনে বেশ পিছিয়ে, এটা প্রত্যাশামতো হচ্ছে না আমাদের। তবে প্রেসিং করে দ্রুত আক্রমণে ওঠার কাজটা মোটামুটি ভালোই হচ্ছে।
:এখন পর্যন্ত বাংলাদেশ দলের অভিজ্ঞতা কেমন হলো এশিয়ান গেমসে?
সাইফুল: অভিজ্ঞতা খারাপ নয়। এ ধরনের ম্যাচ নিয়মিত খেলা দরকার। ঢাকা থেকে আসার আগে কোচ-অধিনায়ক যেটা বলেছিলেন, এখন পর্যন্ত সেভাবেই এগোচ্ছে সবকিছু। এখন আরও ভালো কিছু করার সময়। শারীরিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। তবে বল পজেশন বাড়িয়ে নিজেদের পায়ে বল রাখার অভ্যাস করতে হবে। টেকনিক্যাল স্কিলও বাড়ানোর অনেক জায়গা আছে।
:আপনি দলের সঙ্গে থাকায় খেলোয়াড়দের একটু সুবিধাই হয়েছে, কী বলেন?
সাইফুল: হ্যাঁ, আমার জায়গা থেকে ছেলেদের যতটা সম্ভব সহযোগিতা করার করছি। সেটি মাঠ ও মাঠের বাইরে সব ক্ষেত্রেই।
:দুই ডাচ কোচকে কাছ থেকে দেখছেন। কেমন দেখছেন তাঁদের?
সাইফুল: ভালোই বলব। যেভাবে ম্যাচ পরিকল্পনা নেওয়া দরকার সেভাবেই নিচ্ছেন। এখন পর্যন্ত এশিয়াডের দুই ম্যাচে সফলও হয়েছেন বলা যায়। আসলে খেলবে তো খেলোয়াড়েরা, কাজেই খেলোয়াড়দের ওপরই নির্ভর করছে অনেক কিছু।
:এই সফরে বাংলাদেশ দলের সঙ্গে ডাক্তার-ফিজিও নেই। তো আপনাদের সমস্যা হচ্ছে না?
সাইফুল: এ ব্যাপারে কোনো মন্তব্য করব না।