'হতাশার হলেও মানতে হবে বাস্তবতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ৯-০ গোলে হেরেছে বাংলাদেশ। উত্তর কোরিয়ার কাছে হারটা অনুমিতই ছিল বাংলাদেশের। কিন্তু এত বড় ব্যবধানে হারায় অন্য সবার মতো হতাশ দলের সঙ্গে যাওয়া বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলিও

পল স্মলিও
পল স্মলিও
  •  গত এক বছর টানা অনুশীলন করেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলেছে অন্তত ২২টি। এরপরও উত্তর কোরিয়ার কাছে এমন হার?

পল স্মলি: উত্তর কোরিয়া বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল। ওরা দীর্ঘদিন একসঙ্গে খেলছে। আমরা খুবই পেশাদার একটা দলের বিপক্ষে খেলেছি, যে দলটা নিয়মিতই আন্তর্জাতিক ফুটবলে সাফল্য পেয়ে আসছে। ওই দলের বিপক্ষে ওই নির্দিষ্ট মুহূর্তে বাংলাদেশের পারফরম্যান্সটাই মহিলা ফুটবলের আসল চিত্র। এটা হতাশার হলেও মানতে হবে বাস্তবতা।

  •  কিন্তু তাই বলে ৯ গোলে হার!

পল স্মলি: আমরা ওদের চেয়ে অনেক পিছিয়ে। আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। হারের কারণ যদিও এখনো বিশ্লেষণ করিনি, তবে আমরা ম্যাচে কিছু হাস্যকর ভুল করেছি এবং উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দল আমাদের সেই শাস্তিটা দিয়েছে। তবে এই হার থেকে শিক্ষা নিতে হবে, এটা বাংলাদেশের মেয়েদের ফুটবলের ভবিষ্যতের জন্যই ভালো।

  •  ম্যাচের ৭ ঘণ্টা আগে অনুশীলন করেছে মেয়েরা। মাঠে তো ওদের ক্লান্ত দেখাচ্ছিল?

পল স্মলি: ঠিকই ওরা ক্লান্ত ছিল। তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। বিশ্বের অনেক দলই সন্ধ্যায় ম্যাচ থাকলে সকালে অনুশীলন করে। ম্যাচের আগের দিন অনুশীলন করানো নিয়ে অনেক কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এসব আমার কানেও এসেছে। কিন্তু আমি পরিষ্কার বলছি, আমরা অনুশীলন করিনি। অল্প সময়ের একটা ট্যাকটিক্যাল সেশন ছিল। আর হালকা যেটুকু অনুশীলন করানো হয়েছে, তাতে খেলায় কোনো প্রভাব পড়েনি।

  •  কিন্তু মেয়েরা বল দখলেই নিতে পারছিল না। বারবার হোঁচট খেয়ে পড়তে দেখা গেছে?

পল স্মলি: মাঠ তো পিচ্ছিল ছিল। ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় মাঠে ঠিকমতো দৌড়াতে পারছিল না ওরা। তা ছাড়া উত্তর কোরিয়া ও বাংলাদেশের মেয়েদের শারীরিক গড়ন, ফিটনেসে আকাশ-পাতাল ফারাক। এটাও তো আমাদের বুঝতে হবে। ওই দিনের আবহাওয়া ছিল অনেক গরম। কন্ডিশনের সঙ্গে মানিয়ে খেলার মতো অভিজ্ঞতা এই দলের অনেকেরই নেই।

  •  গোলরক্ষক রুকসানার চেয়ে মাহমুদার পারফরম্যান্স বাছাইপর্বে অনেক ভালো ছিল। কিন্তু রুকসানার ভুলে তো বাজে গোল খেয়েছে বাংলাদেশ?

পল স্মলি: আমি শুধু রুকসানাকে একা দোষ দিতে চাই না। সাত মিনিটে দুটি গোল খেয়ে ভেঙে পড়ে দল। একটি গোল হয়েছে কর্নার থেকে, অন্যটি গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে যাওয়া বল থেকে। দ্রুত এভাবে দুই গোল খেয়ে গেলে সেই ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়া খুব কঠিন।

  •  আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ টুর্নামেন্টের রানার্সআপ জাপান। এই ম্যাচ নিয়ে কী ভাবছেন?

পল স্মলি: আগের ম্যাচের ভুলগুলো যাতে আর না হয়, সেসব নিয়ে কাজ করছি। আশা করি, জাপানের সঙ্গে ভালোই খেলবে মেয়েরা।

  •  উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে একদিকে ডাগআউট থেকে নির্দেশনা দিয়েছেন কোচ গোলাম রব্বানী। আবার আপনাকেও দেখা গেছে সাইড বেঞ্চে বসে চিৎকার করতে। দ্বৈত নির্দেশনায় কি মেয়েরা দ্বিধায় পড়ছিল না?

পল স্মলি: বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। ডাগআউট থেকে মাঠে যে নির্দেশনাগুলো গেছে, সেগুলো একই। এখানে দ্বিধা বা সংশয়ে পড়ার কারণ নেই। মেয়েরাও বিভ্রান্ত হয়নি। কারণ, দুজনই একই তথ্য পাঠাচ্ছিলাম। সমস্যা একটাই, ইংরেজি অনুবাদের।