'হারিয়ে যাওয়ার জন্য আসিনি'

*লেগ স্পিনার হলেন কীভাবে? লেগ স্পিনারের বৈশিষ্ট্যগুলো সহজাতভাবেই ছিল আপনার মধ্যে নাকি চেষ্টা করে হয়েছেন?
জুবায়ের হোসেন: অনূর্ধ্ব-১৩ ক্রিকেট খেলার সময় আমি ওপেনার ছিলাম। মাঝে মাঝে মিডিয়াম পেস বলও করতাম। ওই বছর খুব একটা ভালো না করায় কোথাও ডাক পাইনি। আমার আপন বড় ভাই শ্যামল ছিলেন জামালপুরের জেলা কোচ, তাঁর একাডেমিও আছে। পরের বছর অনুশীলনের সময় তিনি বললেন, ‘বাংলাদেশে তো লেগ স্পিনার নেই। লেগ স্পিন প্র্যাকটিস করে দেখ হয় নাকি!’ তখন থেকেই লেগ স্পিনার হিসেবে শুরু। অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়েও লেগ স্পিনার হিসেবে খেলেছি।
*চাইলেন আর লেগ স্পিনার হয়ে গেলেন, বিষয়টা কি এত সহজ ছিল? এর পেছনে চেষ্টা, পরিশ্রম কতটুকু ছিল?
জুবায়ের: লেগ স্পিন করতে গেলে কাঁধে একটু শক্তি লাগে, কবজির কাজ লাগে। লেগ স্পিন করার শুরু থেকেই দেখলাম এগুলো আমার আছে। তখন আত্মবিশ্বাসী হলাম, মনে হলো এটা আমি পারব। শুরু থেকেই বলে খুব নিয়ন্ত্রণ ছিল। যেখানে বল ফেলতে চাইতাম, সেখানেই পড়ত। এরপর তো অনেক ভালো ভালো কোচ পেলাম। তাঁদের সঙ্গে কাজ করে বোলিং আরও ভালো হয়েছে।
* লেগ স্পিনার হিসেবে প্রথম ম্যাচের স্মৃতি কি মনে আছে?
জুবায়ের: প্রথম ম্যাচ খেলি মানিকগঞ্জে, জামালপুরের হয়ে মানিকগঞ্জ অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে। ওই ম্যাচে ৫ উইকেট পেয়েছিলাম।
*ভাইয়ের পরামর্শ তো ছিলই। এ ছাড়া কারও বোলিংও কি অনুপ্রাণিত করেছে লেগ স্পিনার হতে?
জুবায়ের: আমাদের ওখানে রানা নামে একজন লেগ স্পিনার ছিলেন। বিভাগীয় পর্যায় ও ঢাকা লিগেও খেলেছেন। ভালো লেগ স্পিন করতেন, গুগলি মারতে পারতেন। নেটে তার বোলিং দেখে অনেক কিছু শিখেছি। এ ছাড়া ইউটিউবে শেন ওয়ার্নের বোলিং দেখতাম। ওয়ার্নের বোলিং অবশ্য আগে থেকেই ভালো লাগত, আমার প্রিয় লেগ স্পিনার বলতে পারেন তাঁকে। চেষ্টা করতাম তাঁর মতো বল করতে। ছোট ছিলাম তো, অনেক সময় টার্ন করানোর জন্য অ্যাকশন পর্যন্ত বদলে ফেলতাম। এ ছাড়া ইমরান তাহিরের বোলিংও ভালো লাগে।
*ইমরান তাহির তো বাংলাদেশে খেলে গেলেন। কথা হয়নি?
জুবায়ের: আগে থেকেই ইচ্ছে ছিল, তাঁর কাছ থেকে কিছু শিখব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ইমরান তাহির নিজেই আমার কাছে এলেন। উর্দুতে বললেন, ‘বোলিং নিয়ে তোমাকে কিছু কথা বলব। তোমার ভালো লাগলে নিয়ো। নইলে নিয়ো না।’ বললেন, শুরুতে তাঁরও কিছু সমস্যা হতো, যেগুলো নাকি আমার মধ্যেও দেখেছেন। যেমন আমি একটু নার্ভাস থাকছি। পরে ঠিক হলো, চট্টগ্রামে গিয়ে একদিন নেটে একসঙ্গে বোলিং করব। কিন্তু সে সুযোগ হয়নি। ভবিষ্যতে কখনো দেখা হলে বিষয়গুলো জেনে নেওয়ার ইচ্ছা আছে।
*যেকোনো পর্যায়ের ক্রিকেটেই হোক, ধরুন খুব মার খাচ্ছেন। এ রকম মুহূর্তে কখনো কি মনে হয়েছে, ধুর, লেগ স্পিনার না হয়ে অন্য কিছু করলেই ভালো হতো!
জুবায়ের: অত খারাপ বল কমই করেছি। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডে একবার বাজে বল করেছিলাম। এমনিতে আমার হাত খুব ঘামে, তার ওপর সেদিন ছিল বৃষ্টি। বল গ্রিপ করতেই সমস্যা হচ্ছিল। তবে ওই রকম অনুভূতি কখনো হয়নি।
*আপনার দৃষ্টিতে আপনার বোলিংয়ের কোন জায়গাতে আরও উন্নতি প্রয়োজন?
জুবায়ের: অ্যাকুরেসি ঠিক করা গুরুত্বপূর্ণ। লেগ স্পিনারদের জন্য এটাই আসল। অনেক লেগ স্পিনারই দেখবেন ওভারে এক-দুইটা বাজে বল দেয়। অতিরিক্ত বৈচিত্র্য আনতে গিয়ে এটা হয়। আমারও হচ্ছে। প্র্যাকটিসে সেগুলো ঠিক করার চেষ্টা করছি। সামনে অনেক খেলা। ঘরোয়া ক্রিকেটে যদি খেলার সুযোগ পাই, চেষ্টা করব অ্যাকুরেসিতে আরও উন্নতি আনতে। আমার বিশ্বাস, খেলতে খেলতে এটা ঠিক হয়ে যাবে।
*কোন ধরনের বলে উইকেট পেলে বেশি আনন্দ পান?
জুবায়ের: ব্যাটসম্যানকে আউট করতে পারলেই আমার ভালো লাগে। জায়গামতো বল ফেলতে পারলে গুগলি অনেক ভালো হয়, লেগ স্পিনও অনেক বড় টার্ন করে। সাকিব ভাইরা তো অনেক বড় খেলোয়াড়। ওনারাও বলেছেন, ‘তুই যদি ভালো জায়গায় বল করতে পারিস, তোর বল বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানও খেলতে পারবে না।’
* ক্যারিয়ারের মাত্র শুরু। আরও অনেক দিন হয়তো ক্রিকেট খেলবেন। ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান?
জুবায়ের: যেভাবে শুরু হয়েছে, সেভাবে শেষ করতে চাই। আমি হারিয়ে যেতে চাই না। হারিয়ে যাওয়ার জন্য ক্রিকেটে আসিনি। দল থেকে কোনো কারণে বাদ পড়লেও ফিরে আসার চেষ্টা করব। তবে চেষ্টা করব বাদই না পড়তে। টেস্ট দল যেন আমাকে ছাড়া চিন্তা না করতে পারে। টেস্ট খেলাই মূল লক্ষ্য। টেস্টে ভালো করলে ওয়ানডে, টি-টোয়েন্টিতে অবশ্যই সুযোগ আসবে।
* শুরুতেই অপ্রত্যাশিতভাবে কিছু বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। কোচ হয়তো আপনাকে দলে চাচ্ছেন, কিন্তু নির্বাচকদের দিক থেকে আপত্তি। নতুন একজন খেলোয়াড় হিসেবে এসব মনে প্রভাব ফেলেছে?
জুবায়ের: এগুলো নিয়ে আমি একদমই ভাবি না। এগুলো টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকদের ব্যাপার। সবার মতামত এক হবে না, এটাই স্বাভাবিক। আমি মনে করি তাঁরা যা করছেন, আমার ভালোর জন্যই করছেন। কেউ আমার খারাপ চান না। খারাপ চাইলে আমি এত তাড়াতাড়ি এত ভালো পর্যায়ে আসতে পারতাম না। এসবে কোনো চাপ অনুভব করি না।
* কোচ ও সতীর্থদের কাছ থেকে সমর্থন পেলেও বাইরে থেকে তো কখনো কখনো সমালোচনা শুনতে হয়। কেমন লাগে তখন?
জুবায়ের: পারফরম্যান্স খারাপ হলে অনেকে অনেক রকম কথা বলে। ওই সময় খারাপই লাগে। লেগ স্পিন করা অনেক কঠিন। এই যে ইমরান তাহির খেলে গেল, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে কিন্তু ও খুব ভালো বল করতে পারেনি। অনেক রান দিয়েছে। আমি এ রকম রান দিলে আমাকে নিয়ে অনেক কথা হয়। হতে পারে, ও নিজেকে এর মধ্যেই প্রমাণ করেছে, আমি এখনো সেটা পারিনি। তবে মানুষের কথা আমি ভালোভাবেই নিই। ধরুন, কেউ গালি দিল, আমি তা থেকে উৎসাহ পাই। কষ্ট পাই না। কারণ আমি জানি, আমি কী করতে পারি। আর যারা বোঝে, লেগ স্পিন করা সহজ না, তারা উৎসাহই দেয়। বিশেষ করে যাঁরা দলে আছেন, তাঁরা বলেন, ‘তোর বয়স অনেক কম। যত ম্যাচ খেলবি, তুই তত ভালো বোলার হবি।’ দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকদের এই উৎসাহ ভালো লাগে। খারাপ বোলিং করলেও কখনো কেউ উল্টোপাল্টা কিছু বলে না। এদিক দিয়ে আমি ভাগ্যবান।