
লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৩৬ রানের লক্ষ্য দেয় মোহামেডান। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে এই লক্ষ্যটা পেরোতে পারেনি রূপগঞ্জ। ২৪ রানে ৬ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার কাল মুঠোফোনে বললেন ম্যাচ, ঢাকা প্রিমিয়ার লিগে তাঁর বোলিং ও বাংলাদেশ ওয়ানডে দলে ফেরার সম্ভাবনা নিয়ে
* আগের ম্যাচে ভিক্টোরিয়ার সঙ্গে ৪ উইকেট পেয়েছিলেন। রূপগঞ্জের বিপক্ষে ৫ উইকেটের আফসোস তাহলে ফুরোল...
তাইজুল ইসলাম: (হেসে) তা তো অবশ্যই। এর চেয়ে বেশি ভালো লাগছে দলকে জেতাতে পেরেছি। যখন বোলিং করেছি, আত্মবিশ্বাস ছিল ভালো করব। ফিল্ডিংটাও ভালো হয়েছে। সবার চেষ্টাতেই ভালো হয়েছে।
* ১৩৫ রানে অলআউট হওয়ার পরও আপনারা জয়ের স্বপ্ন দেখেছিলেন?
তাইজুল: উইকেট খুব কঠিন ছিল, তা নয়। আমরা যদি এত কম রানে অলআউট হতে পারি, ওদের করতে পারব না কেন? এই বিশ্বাসটা সবার মধ্যে ছিল। পরে আমরা সেটা পেরেছিও।
* উইকেট থেকে কোনো সহায়তা পেয়েছেন? আগের দিন তো ঝড়-বৃষ্টি হয়েছিল। সেটির কোনো প্রভাব ছিল উইকেটে?
তাইজুল: আমরা ভালো উইকেটই পেয়েছি। এমনকি আউটফিল্ডও ভালো ছিল। অ্যাঙ্গেল কিছুটা পরিবর্তন করে ধারাবাহিক জায়গায় বোলিং করেছি। খুব বড় টার্ন পাইনি। প্রথম ২ ওভারে ৪ উইকেট পাওয়ার পর ওরা হয়তো ভেঙে পড়েছে। পরে আর সেটা কাটিয়ে উঠতে পারেনি। আমিও সুযোগটা কাজে লাগিয়েছি।
* প্রিমিয়ার লিগে প্রথম ৪ ম্যাচে পেয়েছেন ৫ উইকেট আর শেষ ২ ম্যাচে পেলেন ১০ উইকেট। ধীরে ধীরে আসল তাইজুলকে দেখা যাচ্ছে...
তাইজুল: (হাসি) চেষ্টা করছি ভালো করার। আমাকে আরও ভালো করতে হবে। এখনই হারিয়ে যেতে চাই না। এখন জাতীয় দলে জায়গা পেতে অনেক প্রতিদ্বন্দ্বিতা। হারিয়ে যেতে যেমন সময় লাগে না, আবার আলোচনায় আসতেও সময় লাগে না। আমি নিজের শক্তিটা কাজে লাগানোর চেষ্টা করছি।
* গতবার পেসারদের দাপট দেখা গেলেও এবার প্রিমিয়ার লিগে স্পিনাররাই বেশি ভালো করছেন। সেরা তিনে আছেন আবদুর রাজ্জাক, আরাফাত সানি ও আপনি। স্পিনারদের ভালো করার কারণটা বলতে পারবেন?
তাইজুল: আমি মনে করি, সবকিছুতেই অভিজ্ঞতা দরকার আছে। রাজ (আবদুর রাজ্জাক) ও (আরাফাত) সানি ভাই নিয়মিত উইকেট পাচ্ছেন। তাঁরা দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট খেলছেন। জাতীয় দলেও খেলেছেন। আমিও অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলছি, জাতীয় দলেও খেলি। ভালো করার পেছনে এই অভিজ্ঞতাটা কাজে দেয়। স্পিনাররা সাফল্য পাচ্ছে এ কারণেই। আর টেস্ট খেললে নির্দিষ্ট জায়গায় বোলিং করার সামর্থ্য বাড়ে। বড় দৈর্ঘ্যের ক্রিকেট থেকে আসলে অনেক কিছু শেখা যায়।
* আপনার গায়ে ‘টেস্ট বোলার’ তকমা লেগে গেছে। অথচ ওয়ানডেতে অসাধারণ শুরু করেও নিয়মিত হতে পারেননি। ওয়ানডে দলে ফেরা নিয়ে কী ভাবছেন?
তাইজুল: যত দিন খেলব এই স্বপ্নটা (ওয়ানডে দলে খেলা) দেখব। চেষ্টা করব জায়গাটা ফিরে পেতে। তবে সেটার জন্য আমাকে ধারাবাহিক ভালো খেলতে হবে। যখন নির্বাচকেরা আমাকে যোগ্য মনে করবেন, নিশ্চয়ই নেবেন। প্রিমিয়ার লিগে শেষ দুই ম্যাচে ভালো করেছি। চেষ্টা করব ছন্দটা ধরে রাখতে, লিগে সর্বোচ্চ উইকেটশিকারি হতে।