'হ্যাটট্রিক সেঞ্চুরির চিন্তা ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ
বিশ্বকাপে কোনো সেঞ্চুরি ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে সেই বন্ধ্যাত্ব ঘুচল টানা দুই সেঞ্চুরিতে। দুটি সেঞ্চুরিই এল একজনের ব্যাট থেকে—মাহমুদউল্লাহ। জাতীয় দলের এই ব্যাটসম্যান ২০১৪ জিম্বাবুয়ে সিরিজ পরবর্তী সময়টাকে দেখেন ক্যারিয়ারের নতুন সূচনা হিসেবে। তবু একটা আফসোস আছে—সেঞ্চুরির হ্যাটট্রিক যে করা হলো না বিশ্বকাপে!

*ফিটনেস নিয়ে মাঝখানে অনেক কাজ করেছেন। ওজনও তো মনে হয় অনেক কমিয়ে ফেলেছেন...
মাহমুদউল্লাহ: আমার ওজন ছিল ৮৯ কেজির ওপর। বিশ্বকাপের আগে ৭৭-৭৮-এ নিয়ে আসি। এখন ৭৯-৮০ কেজি হবে। ট্রেনারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি আর ওজন কমাব না। এটা ঠিক রেখেই ফিটনেস ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে। আমার ধারণা, এখন যে অবস্থায় আছি, এটা আমার ক্যারিয়ারের সেরা ফিটনেস।
*টেস্টে ভালো শুরু পাচ্ছেন প্রায়ই। কিন্তু বড় ইনিংস অনেক দিন ধরে হচ্ছে না। ২৭ টেস্টে একমাত্র সেঞ্চুরিটি সাড়ে পাঁচ বছর আগে করা...
মাহমুদউল্লাহ: ওই সেঞ্চুরিটা যখন করেছি তখন বা তারপরও আমি সাত-আটেই বেশি খেলেছি। নিয়মিত চারে ব্যাটিং করছি এক বছর ধরে। এখন সুযোগ এসেছে। মাঝখানে কয়েকটা ফিফটি হয়েছে। সে জন্যই আফসোসটা বেশি। একবার ফিফটি হয়ে গেলে সেটাকে বড় ইনিংসের দিকে নেওয়া উচিত। প্রতিদিন তো আর উইকেটে থিতু হওয়ার সুযোগ পাব না। জিম্বাবুয়ের সঙ্গে ঢাকায় একটা ইনিংসসহ বেশ কয়েকটা ইনিংসেই ভালো ছন্দে ছিলাম। প্রতিটিতেই মনে হয়েছে আজ হয়তো এক শ হয়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে মিস হয়ে গেছে। টেস্টে আরেকটা সেঞ্চুরি আমিও খুব চাচ্ছি।
*সাত-আটে তো বটেই, টেস্টে কখনো কখনো নয় নম্বরেও ব্যাট করেছেন। ওয়ানডেতে বেশি ব্যাট করতেন সাতে। দুই ফরম্যাটের ব্যাটিং অর্ডারেই ওপরের দিকে এসে কীভাবে মানিয়ে নিচ্ছেন?
মাহমুদউল্লাহ: কিছু বাড়তি কাজ করতে হয়েছে। সাত-আটে ব্যাটিংয়ের ধরনটা ছিল অন্য রকম। দলের চাহিদা অনুযায়ী খেলতে হতো। তখন বোলিংয়ে একটু বেশি সময় দিতাম। এখন ওপরে চলে আসায় বোলিংয়ে অত সময় দিচ্ছি না। নেটে ব্যাটিংয়ের কাজগুলোই বেশি করি। ব্যাটিং পুরোপুরি শেষ করার পর কিছুটা সময় বোলিংয়ে দিই। চারে ব্যাটিং করা আমার ক্যারিয়ারের অন্যতম একটা টার্নিং পয়েন্ট। সুযোগটা করে দেওয়ায় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ধন্যবাদ।
*প্রথম ৫০ রান পর্যন্ত আপনার হাত যেন ঠিক খোলে না। আক্রমণাত্মক হন ফিফটি হয়ে যাওয়ার পর। এ নিয়ে ড্রেসিংরুমেও আলোচনা হয় বলে শুনেছি। আপনার কী মত?
মাহমুদউল্লাহ: বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম বল থেকেই মারতাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু বুঝেছি। এখন আমার খেলার ধরনটা অন্য রকম। একটু সময় নিয়ে ব্যাটিং করি, উইকেটে গিয়ে আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করি। থিতু হওয়ার পর যেকোনো বলেই চ্যালেঞ্জ নিতে পারি। তাই বলে ফিফটির পর মারব, এমন কোনো চিন্তা থাকে না। কোচের সঙ্গে কথা বলে যখন লক্ষ্য স্থির করি বা মাঠে নিজের ভূমিকা নিয়ে আলোচনা করি, তখন উনিও বলেন, ‘তুমি উইকেটে গিয়ে একটু সময় নিতে পার। তাতে দলের জন্য যেমন ভালো, তোমার জন্যও ভালো।’ আমারও মনে হয়, ইনিংসগুলোকে লম্বা করার চেষ্টা করি, বড় জুটি গড়ি। থিতু হলে আক্রমণে যাব। কোচ পরিকল্পনাটা এ রকমই করে দিয়েছেন এবং সেটা আমার ব্যাটিংয়ের সঙ্গে মানিয়ে গেছে।
*টেকনিক নাকি পাওয়ার, ব্যাটিংয়ে কোনটার ওপর বেশি জোর দেন?
মাহমুদউল্লাহ: আমার মনে হয় টেকনিকের দিক দিয়ে আমি অতটা ভালো নই। ইনিংসের শুরুর দিকে মৌলিক জিনিসগুলো ঠিক রেখে খেলার চেষ্টা করি। এরপর পাওয়ার। সৌম্য, তামিম ছাড়া আমাদের বেশির ভাগ ব্যাটসম্যানই এখন শুরুতে মৌলিক জিনিসগুলো ঠিক রেখে খেলার চেষ্টা করে। সাকিব, মুশফিক এমনকি রুম্মানও (সাব্বির রহমান) শুরুতে একটু সময় নেয়। আমরা কেউই অত পাওয়ারফুল হিটার নই যে নেমেই ছয় মারব। আমাদের সময় নিতে হবে। আর নিজেদের ব্যাটিংয়ের ধরন বোঝাটাও গুরুত্বপূর্ণ। ‘হিরো’ হওয়ার জন্য প্রথম বলে ছয় মারতে গিয়ে আউট হওয়া দলের জন্য খারাপ। দিন শেষে দলের স্কোর কোথায় গিয়ে দাঁড়াল, তাতে আমার কতটুকু ভূমিকা থাকল, সেটাই গুরুত্বপূর্ণ।
*ওয়ানডেতে সেঞ্চুরি পাচ্ছিলেন না। বিশ্বকাপে গিয়ে পেয়ে গেলেন পর পর দুটি। কেমন কেটেছে ওই দুই রাত?
মাহমুদউল্লাহ: দুটি সেঞ্চুরি করা ছিল প্রত্যাশার বাইরে। আমার চেষ্টা ছিল ভালো ব্যাটিং করব, সহজে কিছু ছাড়ব না। ওই দুই রাতের কথা কী বলব...! জীবনের সবচেয়ে স্মরণীয় রাত। প্রথম সেঞ্চুরির রাতে এক ফোঁটা ঘুম হয়নি। পরদিন সকালে ট্রাভেলিং ছিল। তারপরও প্রায় সারা রাত জেগে ছিলাম। বিছানায় গেছি, কিন্তু ঘুমাতে পারিনি। চোখের সামনে ইনিংসটা ভেসে উঠছিল। আমার হোটেল রুম থেকে স্টেডিয়াম দেখা যেত। একটু পর পর সেদিকে তাকাচ্ছিলাম।
*আর দ্বিতীয় সেঞ্চুরির পর...?
মাহমুদউল্লাহ: বোধবুদ্ধিই যেন লোপ পেয়ে গেল। মানুষ অধিক শোকে পাথর হয়। আমি হয়তো ‘অধিক সুখে পাথর’ হয়ে গিয়েছিলাম (হাসি)। কিছু বুঝে উঠতে পারছিলাম না।
*ভারতের বিপক্ষে পরের ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরির চিন্তা ছিল না?
মাহমুদউল্লাহ: সত্যি বলতে কি, হ্যাটট্রিক সেঞ্চুরির চিন্তা ছিল। এটা আমি আগে কাউকে বলিনি। কেউ প্রশ্ন করলেও এড়িয়ে গেছি। তবে আসলেই খুব ইচ্ছা ছিল সেঞ্চুরির হ্যাটট্রিক করার। ভারতের বিপক্ষে ম্যাচ, তার ওপর কোয়ার্টার ফাইনাল...এই ম্যাচে সেঞ্চুরি করতে পারলে অনেক বেশি ভালো লাগত।
*ইচ্ছে পূরণ না হওয়ায় খারাপ লেগেছিল, নাকি যা হয়েছে তাতেই সন্তুষ্ট ছিলেন?
মাহমুদউল্লাহ: অবশ্যই খারাপ লেগেছিল। আমার সঙ্গে সৌম্যের জুটিটা দাঁড়িয়ে যাচ্ছিল। ওকে বলছিলাম, ‘অসুবিধা নেই, সময় নাও।’ আত্মবিশ্বাস ছিল, থিতু হতে পারলে ভালো করব। কিন্তু হলো না। পেছনে তাকালে একটু খারাপই লাগে। এই সুযোগ তো আর আসবে না!
*যেভাবে আউট হয়েছিলেন, আফসোসটা কি সে কারণেই বেশি?
মাহমুদউল্লাহ: আউট হলে যে কারোই খারাপ লাগে। আমারও লেগেছে। তবে আউটের ধরন নিয়ে কোনো অভিযোগ নেই।
*ভারত ম্যাচের আগে সাকিব বলেছিলেন, সাঙ্গাকারা পর পর চারটি সেঞ্চুরি করতে পারলে মাহমুদউল্লাহ সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারবে না কেন? সাঙ্গাকারার সঙ্গে তুলনাটা কেমন লেগেছিল?
মাহমুদউল্লাহ: সাকিবের মন্তব্যটা আমি পড়েছি। ভালো লেগেছে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের এমন মন্তব্য অনেক উৎসাহব্যঞ্জক। তবে আমি মনে করি না সাঙ্গাকারার সঙ্গে আমার কোনো তুলনা হতে পারে। তিনি গ্রেট, কিংবদন্তি। আর আমি একজন গড়পড়তা ক্রিকেটার। আমার শুধু মনে হচ্ছিল, দুটি হয়েছে, তিনটি কেন নয়? চেষ্টা করে দেখি। আমার ভাবনায় শুধু আমার লক্ষ্যটাই ছিল।
*কিন্তু পরের ছয় ওয়ানডেতে মাত্র একটা ফিফটি। বাকিগুলোতে বলার মতো রান করেননি...
মাহমুদউল্লাহ: পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ভালো হয়নি। টেস্টে দুই ইনিংসে চল্লিশের ঘরে আউট হয়েছি। হয়তো কোথাও ভুল হয়েছে। তবে কষ্ট করছিলাম তখনো। ভারতের বিপক্ষে সিরিজের আগে চোটে পড়লাম। ফিরে আসার পর প্রথম ম্যাচে খুব চাপে থাকলেও পরের ওয়ানডেতেই আবার ফিফটি হলো। মনে হচ্ছে এখন ছন্দে আছি।
*আন্তর্জাতিক ক্রিকেটে আট বছর হয়ে গেল। এখন পর্যন্ত কতটুকু তৃপ্ত?
মাহমুদউল্লাহ: সব মিলিয়ে তৃপ্ত...আলহামদুলিল্লাহ। তবে এখনো অনেক উন্নতির জায়গা আছে। অভিষেকের পর থেকে প্রতিদিনই কিছু না-কিছু শিখছি। এখনো অনেক কিছু শেখার, বোঝার আছে। তবে গত এক বছর যে রকম পারফর্ম করছি, আমার মনে হয় এটা আমার জন্য নতুন শুরু।