'১০০ মিটারে নতুন রেকর্ড সম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ট্র্যাকের বজ্রবিদ্যুৎ, তিনি এ গ্রহের দ্রুততম মানব—উসাইন বোল্ট। আল-জাজিরা টিভিকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জ্যামাইকান তারকা তাঁর ভবিষ্যৎ লক্ষ্য ও জীবনদর্শন নিয়ে কথা বলেছেন। বাদ যায়নি তাঁর প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রসঙ্গও

উসাইন বোল্ট
উসাইন বোল্ট

l উসাইন বোল্ট আর কত দ্রুত ১০০ মিটার দৌড়াতে পারবেন?
উসাইন বোল্ট: কেউ জানে না। আমার আরও দ্রুত দৌড়ানোর সম্ভাবনা তো আছেই, তবে সেটি নির্ভর করছে চোটমুক্ত থাকার ওপর। ২০০৯ সালের পর প্রতিটি মৌসুমেই তো আমি অনেক চোট পেয়েছি। এটা যাতে বড় সমস্যা না হয়ে ওঠে সেদিকে মনোযোগী থাকতে হবে।
l তাহলে আপনি কি নিজের ১০০ মিটারের রেকর্ডটা ভাঙতে পারবেন?
বোল্ট: আমি তো মনে করি সেটা সম্ভব। যেটা বললাম, চোটমুক্ত থাকাটাই বড় ব্যাপার। যদি আমি চোট ছাড়া পুরো ফিট একটা মৌসুম কাটাতে পারি, এই বিশ্ব রেকর্ডটা ভেঙে ফেলার সুযোগ থাকবে আমার।
l ২০০ মিটারের রেকর্ডটা নিয়ে কিছু ভাবছেন?
বোল্ট: ওটাই আসলে আমার মূল লক্ষ্য। সবাই ১০০ মিটারটাই দেখতে চায়, কিন্তু আমার পছন্দ ২০০ মিটার। আমার অন্যতম লক্ষ্য হচ্ছে, এটাকে ১৯ সেকেন্ডের কমে নিয়ে আসা। যদি এটাকে ১৯ সেকেন্ডের বেশ নিচে নিয়ে আসতে পারি, দারুণ হবে।
l এই যে প্রতিনিয়ত পারফর্ম করার চাপ, এটা কেমন?
বোল্ট: আমি আসলে এটাকে চাপ মনে করি না। আমার ওপর কোনো চাপ নেই, কারণ আমি নিজেই চাই আরও ভালো করতে। আমি রাজত্ব করতে চাই, বিশ্বকে দেখাতে চাই আমিই সেরা। এটাই আমার জীবনযাপনের ধরন, আমি এটাই চাই।
l অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আপনি কতটুকু বদলেছেন?
বোল্ট: একটুও না। আমি তো সব সময়ই অলিম্পিক আর বিশ্ব চ্যাম্পিয়ন হতে চেয়েছি। কিন্তু আমি সাধারণ মানুষই আছি। আমার বাবা-মা সময় বলেন, তুমি যত পরিশ্রমীই হও, যত বিখ্যাতই হও, সব সময় একই মানুষ থেকো। আমি তাই সেই একই মানুষ আছি, বিখ্যাত হওয়ার আগে যেমন ছিলাম।
l এখন তো আসলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বীই নেই। কে আপনাকে ছুঁতে পারবে বলে মনে করেন?
বোল্ট: (হাসি) এটা কে বলতে পারবে বলুন। অনেকেই আছেন। অনেক সময় দেখা যায় ওদের মনোযোগটা ঠিকঠাক হচ্ছে না, কিংবা আত্মবিশ্বাসী নয়। ওরা হয়তো ভাবে, এত দূর আসতে পারবে না। আমি যখন শুরু করলাম, আমিও কিন্তু কখনো ভাবিনি যে বিশ্বের দ্রুততম মানব হব। কিন্তু প্রথম সাফল্যের পর আমার মধ্যে আত্মবিশ্বাস চলে এল যে, আমি চাইলে অসাধারণ কিছু করতে পারি। আমার তো মনে হয় এমন অনেকেই আছেন। শুধু দরকার আত্মবিশ্বাসটা আরও বাড়ানো।
l যদি একজনের নাম বলতে বলা হয়, যাঁকে আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে হয়, যিনি আপনার বিশ্ব রেকর্ড ভেঙে দিতে পারবেন?
বোল্ট: আমি জানি না। আমি আসলেই জানি না কেউ এটা ভাঙতে পারবে কি না। তবে এ মুহূর্তে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমার জ্যামাইকান সতীর্থ ইয়োহান ব্লেক। আমি ওকে অনুশীলন করতে দেখেছি, ওর সামর্থ্য কতটা জানি। সে যদি চোটমুক্ত থাকতে পারে, খুবই ভালো করবে। ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা দারুণ ব্যাপার। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি।
l আপনি তো ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক। ফ্যালকাও কি পারবেন আপনার প্রিয় ক্লাবকে সুবর্ণ সময়টা ফিরিয়ে দিতে?
বোল্ট: ও অসাধারণ স্ট্রাইকার। কয়েক মাস আগে ওর সঙ্গে আমার জার্মানিতে দেখা হয়েছে। আমি তার সঙ্গে কথা বলেছি, তাকে খুবই উৎসাহ দিয়েছি। আমার তো মনে হয় সে প্রিমিয়ার লিগটাকেই বদলে দেবে এবং এই মৌসুমে আমাদের হয়ে দারুণ খেলবে।
l ইউনাইটেডের আগের দিন ফিরিয়ে আনতে লুই ফন গাল কী করতে পারেন?
বোল্ট: ফন গাল চেষ্টা করে যাচ্ছেন তাঁর দর্শন বাস্তবায়নের। এখন এটা খেলোয়াড়দের ব্যাপার। ওরা যদি ফন গালের দর্শনের সঙ্গে মানিয়ে নিতে পারে তাহলে খুবই ভালো করবে। নতুন কোচ আসার পর এটা হতেই পারে, কারণ খেলোয়াড়দের তখন নতুন দর্শনের সঙ্গে মানিয়ে নিতে হয়। পুরো ব্যাপারটাই এখন খেলোয়াড়দের ওপর নির্ভরশীল।
স্প্রিন্টে বোল্টের সেরা
১০০ মিটার
৯.৫৮ সে.
বার্লিন, ২০০৯
৯.৬৩ সে.
লন্ডন, ২০১২
৯.৬৯ সে.
বেইজিং, ২০০৮
২০০ মিটার
১৯.১৯ সে.
বার্লিন, ২০০৯
১৯.৩০ সে.
বেইজিং, ২০০৮
১৯.৩২ সে.
লন্ডন, ২০১২