>ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা সাফল্য। আর কত অনায়াসেই না এল সেই জয়। ম্যাচের তৃতীয় দিনেই, ১০৮ রানের বিশাল ব্যবধানে! এমন জয়ের পর কাল যখন মাঠে-গ্যালারিতে চলছে উল্লাস, একে অপরে সবাই অভিনন্দনে ব্যস্ত; তখনই সাংবাদিকদের সঙ্গে কথা বললেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচ জানালেন তিনি আগেই জানতেন, তিন দিনেই শেষ হবে মিরপুর টেস্ট! কথা বললেন অন্যান্য বিষয় নিয়েও—

চা-বিরতিতে দলের পরিকল্পনা
* আমাকে খুব সাবধানে শব্দ বেছে কথা বলতে হয়েছে, তখন আমি খুব একটা খুশি ছিলাম না! পরিকল্পনা অনুযায়ী কিছুই হচ্ছিল না তখন। তাই বিরতির সময় নতুন করে আবার কথা বলতে হয়েছে।
চা-বিরতিতে ড্রেসিংরুমে রাগারাগি করেছিলেন। কী বলেছিলেন
* কী বলেছি সেটা বলব না। আমি শুধু মনে করিয়ে দিয়েছি আমাদের কী করা উচিত, সিনিয়র খেলোয়াড়দের এগিয়ে আসা উচিত। ভাগ্য ভালো, বার্তাটি সে (অধিনায়ক মুশফিকুর রহিম) বুঝতে পেরেছে।
তিন দিনেই ম্যাচ শেষ হওয়া প্রসঙ্গে
* আমি বলেই দিয়েছিলাম, যে-ই জিতুক ম্যাচটা তিন দিনে শেষ হবে।
মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের বোলিংয়ে সন্তুষ্টি
* আমি তাইজুলকে নিয়েও খুশি। দুই ইনিংসেই সে নিয়ন্ত্রিত বোলিং করেছে। অবশ্যই বোলাররা পিচের সাহায্য পেয়েছে, কিন্তু তারা ভালো জায়গায় বলও করেছে। আমরা ইংল্যান্ডের চেয়ে ভালো বল করেছি, যেটা খুবই আনন্দদায়ক।
যেমন দেখলেন মিরাজকে
* সে অসাধারণ প্রতিভা। সে সব সময় ভালো করতে চায়, যেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। খেলাটা নিয়ে ওর বিপুল উৎসাহ। সে ড্রেসিংরুমে সব সময় আমার পাশে কিংবা অন্য কোচদের সঙ্গে বসে। আমরা কী বলছি সেটা শোনে। সে সব সময় কিছু শিখতে চায়।
ব্যাটিংয়ে ওভাবে আউট হওয়াটাই কি বোলিংয়ে সাকিবের অমন জ্বলে ওঠার কারণ
* আমি জানি না সে বাড়তি তাগিদ অনুভব করছিল কি না। কিন্তু ওদের তো তাই থাকা উচিত!
ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে কী পরিকল্পনা
* ঢালাওভাবে কোনো পরিকল্পনা ছিল না। ভিন্ন খেলোয়াড়ের জন্য ভিন্ন পরিকল্পনা। তবে ওদের কয়েকজন ও রকম ব্যাটিং করবে আশা করিনি। আর আমরা রান করতে চেয়েছিলাম, কারণ এ উইকেটে আপনি টিকে থাকতে চাইলে কোনো না কোনো সময় আউট হয়ে যাবেন। আমরা আমাদের শক্তির জায়গাটি ব্যবহার করতে চেয়েছি।
সিরিজটা ২-০ ব্যবধানে জেতা সম্ভব ছিল কি না
* আমি আশাবাদী মানুষ। আরেকটু অভিজ্ঞতা থাকলেই সিরিজটা আমরা ২-০ ব্যবধানে জিততাম। পরে এসব বলা সহজ, কিন্তু আমরা জানতাম না নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়। কিন্তু আমরা এখন থেকে আরও আত্মবিশ্বাসী থাকব।
এ জয়ে নিশ্চয়ই খুশি
* আমি সব সময় খুশি!