
সফরকারী ভারতীয় হকি দলের আট-নয়জন খেলোয়াড়ই পাঞ্জাবের। তাঁদেরই একজন গুরজিন্দার সিং কাল বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক ম্যাচে হলেন ম্যাচসেরা। বিকেএসপিতে ম্যাচের পর কথা বললেন নানা প্রসঙ্গে
অভিনন্দন। বাংলাদেশে কি এবারই প্রথম এলেন?
গুরজিন্দার সিং: হ্যাঁ, এবারই প্রথম। সতীর্থদের মুখে বাংলাদেশের কথা আগে শুনেছি। তাই আসার ইচ্ছে ছিল।
এসে কেমন লাগছে? বিকেএসপির পরিবেশই বা কেমন?
গুরজিন্দার: বেশ ভালো। ছায়াঘেরা, অনেক গাছ। মাঠ আছে অনেক। দেখতে ভালোই লাগছে। আমরা সবাই উপভোগ করছি। সুযোগ পেলে আবার আসতে চাই।
ম্যাচটা কেমন হলো?
গুরজিন্দার: আমরা জিতলেও বাংলাদেশ ভালো লড়াই করেছে। সমস্যাটা হয়েছে মাঠ একটু পিচ্ছিল ছিল। দৌড়ানো যায়নি সাবলীলভাবে। আশা করি, পরের দুটি ম্যাচে আমরা নিজেদের মানিয়ে নিয়ে খেলতে পারব।
বাংলাদেশ দল সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
গুরজিন্দার: বাংলাদেশের হকি অনেক ভালো। আমার মনে হয়, এশিয়াডে বাংলাদেশ ভালো খেলবে। এই সিরিজ থেকে বাংলাদেশ উপকৃত হবে। এ ধরনের সিরিজ আরও আয়োজন করা উচিত।
এবার আপনার কথা বলুন। হকি খেলোয়াড় কেন হলেন?
গুরজিন্দার: আমি উঠে এসেছি পাঞ্জাব থেকে। সেখানে হকি খুবই জনপ্রিয় খেলা। ঐতিহ্যগতভাবে পাঞ্জাব হকিতে ভালো। অনেক বড় বড় খেলোয়াড়ের জন্ম সেখানে। ছোট থেকেই ছেলেরা হকি খেলে। আমিও ছোট থেকে স্বপ্ন দেখেছি হকি খেলোয়াড় হব।
আপনি তো পেনাল্টি কর্নারে খুব ভালো ড্র্যাগ ফ্লিক করেন। এটার রহস্য কী?
গুরজিন্দার: আমি আসলে ড্র্যাগ ফ্লিকটা অনেক অনুশীলন করি। বাড়ি গেলেও এটা বন্ধ হয় না। দিনে অন্তত এক শটি ড্র্যাগ ফ্লিক অনুশীলন করি। অনুশীলন করতে করতেই এটা রপ্ত করেছি।
আপনাকে একজন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ বলা যায়। তা কাউকে অনুসরণ করেন?
গুরজিন্দার: ভারতের খুব ভালো পেনাল্টি নেয় গুরপিত, রঘুনাথ। একসময় ছিলেন পাকিস্তানের সোহেল আব্বাস, আমি আসলে তাঁদের অনুসরণ করে এনেছি। তাঁদের মতো হতে চাই। জানি না কত দূর যেতে পারব, তবে আমি আশাবাদী। এরই মধ্যে ভারতীয় দলের হয়ে গোটা বিশেক ম্যাচ খেলেছি।
আপনি তো গত মৌসুমের ভারতীয় হকি লিগ মাতিয়ে দিয়েছিলেন...
গুরজিন্দার: হ্যাঁ, ওই টুর্নামেন্ট আমার এই ২২ বছরের জীবনে স্মরণীয় একটা অধ্যায়। ২২টি গোল করেছি টুর্নামেন্টে, সব গোলই পেনাল্টি কর্নারে। এ জন্য ১ কোটি রুপি পেয়েছিলাম। আমিই ছিলাম টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।