'৩ তারিখের অপেক্ষায় আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু হায়দার
আবু হায়দার

বিসিবি ঘোষিত ২৭ জনের প্রাথমিক দলে আছেন। ৩ জানুয়ারি থেকে অনুশীলনে নামবেন আবু হায়দার। বিবিএ পড়েন এআইইউবিতে, কাল তাঁর সঙ্গে যখন কথা হলো, পরীক্ষা দিয়ে ফিরছিলেন বাঁহাতি এই পেসার
* বিপিএলের পর ছুটি কেমন কাটল?
আবু হায়দার: অনেক ভালো। বাড়ি (নেত্রকোনা) গিয়ে এবার অন্য রকম লেগেছে। রাস্তায় বেরোলেই মানুষ ভালো-মন্দ জিজ্ঞেস করেছে, প্রচুর ছবি তুলেছে। এ রকম আগে আসলে হয়নি।
* প্রাথমিক দলে সুযোগ পেলেন। কেমন লাগছে?
আবু হায়দার: অনুভূতিটা অবশ্যই অন্য রকম। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আসছি, জাতীয় দলে খেলব। সে স্বপ্ন পূরণের কাছাকাছি আছি মনে হয়। স্বপ্নটা তখনই পূরণ হবে যখন বাংলাদেশ দলের হয়ে মাঠে নামতে পারব। ৩ তারিখের অপেক্ষায় আছি। জীবনে প্রথম এমন অভিজ্ঞতা তো। খুবই রোমাঞ্চিত।
* বাংলাদেশ দলে সুযোগ পেলে নিয়মিত হতে পারবেন বলে বিশ্বাস আছে?
আবু হায়দার: সুযোগ পেলে সেটা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্যই দলে নিয়মিত হতে চাইব। পরিশ্রম করে যাচ্ছি। বাকিটা ওপরঅলার ইচ্ছা।
* এ মুহূর্তে কার কথা বেশি মনে পড়ছে?
আবু হায়দার: আমার প্রথম কোচ সজল তালুকদারের কথা ভীষণ মনে পড়ছে। ২০১৩ সালের ৬ ডিসেম্বর উনি মারা গেছেন। তখন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলতে চট্টগ্রামে ছিলাম। মৃত্যুসংবাদ পেয়েও আসতে পারিনি। ওনার জন্যই আমার এ পর্যন্ত আসা। বাবা-মায়ের পরই তাঁর স্থান।
* খেলোয়াড় হিসেবে আদর্শ মানেন কাকে?
আবু হায়দার: ছোটবেলা থেকেই মাশরাফি ভাই আমার আদর্শ। তাঁর সঙ্গে কারও তুলনা হয় না। উনি না থাকলে বিপিএলে এত ভালো করতে পারতাম না। মাঠে, মাঠের বাইরে তাঁর নানা সহায়তায় হয়তো ভালো করতে পেরেছি।
* এবার বিপিএলে ২১ উইকেট পেয়েছেন। দলকে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। সেরা মুহূর্ত কোনটি?
আবু হায়দার: সেরা মুহূর্ত শেষ চারে রংপুর রাইডার্সের লেন্ডল সিমন্সকে আউট করা। আরেকটি চট্টগ্রামে সিলেটের সঙ্গে যে ম্যাচটি হেরেছিলাম, ৪ উইকেট নিয়েছিলাম। হ্যাটট্রিকের সুযোগও ছিল। ম্যাচ হেরে কেঁদেছিলাম। মাশরাফি ভাই জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন।
* আরেকটি উইকেট পেলেই বিপিএলে সর্বোচ্চ উইকেট হতো। আক্ষেপ নেই?
আবু হায়দার: আক্ষেপ নেই। দল চ্যাম্পিয়ন হয়েছে, এটাই বড় পাওয়া।
* মাঠের আক্রমণাত্মক আবু হায়দার ব্যক্তিজীবনে কেমন?
আবু হায়দার: ব্যক্তিজীবনে ও রকম নই (হাসি)। সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করি, সবার সঙ্গে কথাবার্তা বলি। উইকেটে যে ব্যাটসম্যানের বিপক্ষে তেড়েফুঁড়ে বল করি, ম্যাচের পর তার সঙ্গেই হাসিখুশিভাবে কথা বলি।
* নতুন বছরে প্রত্যাশা কী?
আবু হায়দার: নতুন বছরে সবার কাছে দোয়া চাই, যাতে গত বছরের চেয়ে আরও ভালো করতে পারি, আর চোটে যেন না পড়ি।