>

দেখতে দেখতে কখন যে ৫০ বছর পূর্ণ করে ফেললেন টেরই পাননি। মনে হয় এই সেদিন, ১৯৮৭ সালের মার্চে তিনি উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব পেলেন। সেই নিয়াজ মোরশেদ গতকাল জীবনের হাফ সেঞ্চুরি পূর্ণ করার অভিজ্ঞতা বলছিলেন প্রথম আলোকে
* আজ (গতকাল) আপনার জন্মদিন। ১৯৬৬ সালের ১৩ মে ঢাকায় আপনার জন্ম। কেমন কাটছে ৫০ পূর্ণ হওয়ার এই জন্মদিনটি?
নিয়াজ মোরশেদ: (হাসি) ভালোই কাটছে। সকাল থেকে একটু অন্য রকম লাগছে। শরীর-মনে শিহরণ। ৫০ পূর্ণ করে ফেললাম। কখন যে এতটা পথ পেরিয়ে এলাম...।
* বিশেষ দিনটি নিশ্চয়ই বিশেষভাবে পালন করছেন?
নিয়াজ: না, বিশেষ কিছু করছি না। পরিবার-বন্ধুদের সঙ্গেই আনন্দটা ভাগাভাগি করছি। পরিচিতজনরা শুভেচ্ছা জানাচ্ছেন।
* তা ৫০ বছরের এই ভ্রমণটা কেমন হলো?
নিয়াজ: দারুণ। কিছু উত্থান-পতন আছেই, তারপরও পরিপূর্ণ একটা জীবনই আমার। ৫০ বছরের জীবনে অনেক পেয়েছি।
* এই ৫০ বছরে আপনার সেরা অর্জন কী?
নিয়াজ: ক্যারিয়ারের দিক থেকে সেরা অর্জন অবশ্যই গ্র্যান্ডমাস্টার হওয়া। এ ছাড়া আমি দুটি ছেলের গর্বিত বাবা। ব্যক্তিজীবনেও খুশি আছি।
* সেই দিনগুলোর কথা নিশ্চয়ই মনে পড়ে..., ঢাকার ইস্কাটনে জন্ম। আপনার বাবা ছিলেন সচিব, রাষ্ট্রদূত। আপনার শৈশব, কৈশোর, দাবায় হাতেখড়ি...
নিয়াজ: আমি স্কুলে যাওয়ার আগেই দাবা খেলা শিখেছি। ইস্কাটনে আমাদের পাড়ায় দাবাচর্চা ছিল। আমার বড় ভাই ড. মাহবুব মোরশেদ আমাকে দাবার চাল শিখিয়েছেন, উনি রেনেসাঁয় হারমনিকা বাজাতেন। মারা গেছেন ২০১১ সালে। পাড়ার বড় ভাইয়েরাও দাবায় উৎসাহ দিতেন।
* এই বিশেষ দিনে কার কথা বেশি মনে পড়ে?
নিয়াজ: অবশ্যই মাকে। ড. ফরহাদ নামে পাড়ার ভাইদের একজন ছিলেন, এখন আমেরিকায় থাকেন। উনি আমাকে দাবার বই-টই পড়তে দিতেন। আরেকজন শরফুদ্দিন হাই, প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরীরও কথাও মনে পড়ছে।
* আপনি তো ছোটবেলায় ঢাকা প্রেসক্লাবে এক রুশ গ্র্যান্ডমাস্টারকে আটকে দিয়ে প্রথম সাড়া ফেলেছিলেন...
নিয়াজ: হ্যাঁ, ওটা ছিল পঁচাত্তরের ডিসেম্বরে। রুশ গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার লুটিকভের সঙ্গে ২০ জন খেলেছিল। একমাত্র ড্রটা আমিই করেছিলাম। তখন আমার বয়স ৯। টুর্নামেন্টে খেলার আগেই দাবার অনেক কিছু শিখে ফেলি।
* শুনেছি ঢাকায় আপনি এখন একাই থাকেন...
নিয়াজ: আমি এখন একাই থাকি, তবে টরন্টোতে থাকা দুই যমজ ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। ওরা আসে, আমি যাই। ওরা আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ঢুকবে। নাম মাহরান মোরশেদ ও জিদান মোরশেদ। ওদের মাও টরন্টোতে থাকেন। তবে তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে নয় বছর আগে। সেটা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই।
* এতটা পথ পেরিয়ে এসে জীবন সম্পর্কে আপনার মূল্যায়ন কেমন?
নিয়াজ: এটা অন্য রকম অভিজ্ঞতাই, বোরিং জীবন নয় আমার। আমেরিকায় পড়াশোনা করার সুবাদে একধরনের মানুষের সঙ্গে মিশেছি, দাবার সূত্রে আরেক ধরনের। বাংলাদেশে আরেক ধরনের জীবন, আরেক ধরনের মানুষ। সব মিলিয়ে নানামুখী অভিজ্ঞতা।
* সামনে কী করার ইচ্ছা আছে?
নিয়াজ: খেলাটা এখনো উপভোগ করি, এখনো মাঝে মাঝে ভালোও খেলি (হাসি)। তা ছাড়া লেখালেখি ভালো লাগে। আমার একটা কবিতার বইও বেরিয়েছে। গল্প-উপন্যাস লেখার আগ্রহ আছে। সিরিয়াস বিষয়েও আগ্রহ পাই। গদ্য, রাজনৈতিক লেখা, এগুলোও ভালো লাগে। আমি গান গাই, অনেক কিছু করি, করার আশা আছে।