সাফজয়ী ওঁরা ২৩ জন
শামসুন্নাহার জুনিয়র
সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান
সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহানদের ভিড়ে গোলাম রব্বানীর একাদশে খুব কম সময়ই সুযোগ মেলে শামসুন্নাহার জুনিয়রের। কিন্তু যদি কখনো বদলি হিসেবে মাঠে নামেন, প্রতিপক্ষের জন্য হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্ক।
এবারের সাফ ফাইনালের কথাই ধরা যাক। নেপালের বিপক্ষে ওই ম্যাচে ১৩ মিনিটে স্ট্রাইকার সিরাত জাহান চোট পেয়ে মাঠ ছাড়ার পর কোচ বদলি হিসেবে নামিয়েছিলেন শামসুন্নাহারকে। কোচের আস্থার কী দারুণ প্রতিদানই না দিয়েছেন এই স্ট্রাইকার! উপচে পড়া গ্যালারিতে নেপালি দর্শকদের চিৎকারকে থোড়াই কেয়ার করে মণিকা চাকমার ক্রস থেকে যেভাবে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন, তা অনেক দিন চোখে লেগে থাকার মতো। ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানী ওই গোলকেই বলেছিলেন ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’।
মেয়েদের ফুটবলে আছেন দুই শামসুন্নাহার। দুজন খুব ভালো বন্ধুও। এই জুটির বন্ধুত্বের শুরু ময়মনসিংহের কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকে। এখন কলসিন্দুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী শামসুন্নাহার জুনিয়র। এলাকায় অন্যদের মতো ফুটবল খেলতে বাধা পেরিয়েছেন শামসুন্নাহারও। বাবা চাইতেন না মেয়ে ফুটবল খেলুক। কিন্তু মা মেয়েকে সমর্থন জুগিয়ে গেছেন। শামসুন্নাহার জুনিয়রের শুরুটাও বঙ্গমাতা স্কুল টুর্নামেন্ট দিয়ে। ২০১৪ সালে এই টুর্নামেন্টে জেতেন গোল্ডেন বুট। পরের বছর জেতেন সেরা খেলোয়াড়ের ট্রফি। প্রথম বছর গোল্ডেন বুট জিতে পুরস্কার হিসেবে পেয়েছিলেন পাঁচ হাজার টাকা। তখন শামসুন্নাহারের মা সবাইকে বলতেন, ‘আমার মেয়ে ফুটবল খেলে প্রথমবার টাকা পেয়েছে।’ অথচ ওই বছরই অর্থের অভাবে মায়ের জ্বরের চিকিৎসা করাতে পারেননি শামসুন্নাহার। জ্বরে ভুগেই মারা যান তাঁর মা। ফুটবলে অনেক সাফল্যের মধ্যেও সেই দুঃখ এখনো তাড়িয়ে বেড়ায় তাঁকে।