এবারও হলো না কিরিওসের

ইউএস ওপেন থেকে ছিটকে পড়ে হতাশ কিরিওসএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর্টের ভেতরে-বাইরে ‘বিতর্কিত’ সব কাণ্ডে নিক কিরিওস তো আলোচনায় থাকেনই প্রায় সময়। তবে এ বছর উইম্বলডনের ফাইনাল খেলে আভাস দিয়েছিলেন গ্র্যান্ড স্লামেও ডানা মেলার। এই ইউএস ওপেনে বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই দানিল মেদভেদেভকে বিদায় করে কিরিওস হয়ে উঠেছিলেন শিরোপার দাবিদারও। সঙ্গে রাফায়েল নাদালের বিদায় যেন কিরিওসের সেই পথটাকে আরও প্রসারিত করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কিরিওসের সাফল্য পূর্ণতা পেল না এবারও। শেষ আটে অস্ট্রেলিয়ার কিরিওসকে বিদায় করে উল্টো চমক উপহার দিলেন রাশিয়ান কারেন খাচানভ। ম্যারাথন লড়াইয়ে পর খাচানভের কাছে ৭-৫, ৪-৬, ৭-৫, ৬-৭ (৩-৭) ও ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন কিরিওস। সেমিফাইনালে খাচানভের প্রতিপক্ষ পঞ্চম বাছাই কেসপার রুড।

রাশিয়ার কারেন খাচানভের কাছে শেষ আটে হেরে গেছেন কিরিওস
এএফপি

ফ্ল্যাশিং মিডোতে প্রথম সেটের পরই ধাক্কা খান কিরিওস। এ সময় বাঁ ঊরুতে চিকিৎসাও নিতে হয় তাঁকে। সেই ধাক্কা সামলে দারুণভাবে ফিরে আসেন কিরিওস। লড়াইটাকে শেষ সেট পর্যন্ত টেনেও নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই টেনিস তারকা। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৩-২ সেটে হার মানতে হয় তাঁকে।

মেদভেদেভকে হারিয়ে উড়তে থাকা কিরিওস এই হারে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছেন। কোর্টের ভেতরে-বাইরে যতই আলোচিত হন না কেন, দিন শেষে মানুষ যে শুধু সফলদেরই মনে রাখে, এই পুরোনো উপলব্ধিটাই যেন নতুন করে হলো কিরিওসের। ম্যাচের পর তাই বলেছেন, ‘আমি স্রেফ বিধ্বস্ত। এই ইভেন্টে ব্যর্থ হওয়ার অনুভূতিটুকুই শুধু আছে। গ্র্যান্ড স্লামে মানুষ শুধু মনে রাখে তুমি জিতেছ নাকি হেরেছ, সেটা।’

অথচ গ্র্যান্ড স্লামে এ বছরই নিজের সেরা সময়টা পার করছেন কিরিওস। তবে চূড়ান্ত সাফল্য না পাওয়ায় সবকিছুই এখন অর্থহীন মনে হচ্ছে ২৭ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানের।

আমি স্রেফ বিধ্বস্ত। এই ইভেন্টে ব্যর্থ হওয়ার অনুভূতিটুকুই শুধু আছে। গ্র্যান্ড স্লামে মানুষ শুধু মনে রাখে তুমি জিতেছ নাকি হেরেছ, সেটা।
কিরিওস


রাফায়েল নাদাল ও মেদভেদেভের বিদায়ের পর এবারের ইউএস ওপেন একরকম উন্মুক্তই ছিল। লড়াইয়ে থাকা যে কারও সুযোগ আছে বাজিমাত করার। তবে কাছাকাছি এসেও সেই সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো কিরিওসকে।

খাচানভের কাছে হারের ইতিহাসটা অবশ্য একেবারেই নতুন নয় কিরিওসের। ২০১৯ সালে সিনসিনাটি ওপেনেও সরাসরি সেটে হেরেছিলেন কিরিওস। পরের বছর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে অবশ্য সেই হারের প্রতিশোধ নেন। এবারের মতো সেদিনও লড়াই গড়িয়েছিল পঞ্চম সেটে। আজ জিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও সেটি কাজে লাগাতে পারেননি কিরিওস।


টেনিসের মঞ্চে বড় সাফল্য না পেলেও বরাবরই আলোচনায় থাকেন কিরিওস। বিতর্কিত মন্তব্য করে ও কাণ্ড ঘটিয়ে সংবাদের শিরোনামও হয়েছেন অসংখ্যবার। তবে এসব ‘অলংকার’ পেত পূর্ণতা, যদি এর সঙ্গে সাফল্যও যুক্ত হতো। কিরিওস নিজেই একবার বলেছিলেন, ‘টেনিসের জগৎটা খুবই ছোট। এখানে আপনি অসংখ্য সুযোগ পাবেন না। এখানে খুব বেশি সময় নষ্ট করার সুযোগও নেই।’


ইউএস ওপেনের এই হার হয়তো সেই আয়নার সামনেই আরেকবার দাঁড় করিয়ে দিল কিরিওসকে। ফেদেরার-নাদাল-জোকোভিচের মতো কিংবদন্তিরা তো আছেনই, নতুন প্রতিভাও কম নয়। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে গেলে হেঁয়ালি করে সময় নষ্ট করা যাবে না। আর টেনিসে সাফল্য যে গ্র্যান্ড স্লাম জয়ের সমার্থক তা–ও অজানা নয় কিরিওসের। আর তাই তো কিরিওসের উপলব্ধি, ‘সত্যি বলতে, আমি অন্য টুর্নামেন্টগুলোর পরোয়া করি না। গ্র্যান্ড স্লাম সাফল্য ছাড়া আর কোনো কিছুরই গুরুত্ব নেই। আমি মনে করি, এই বছরের বাকি টুর্নামেন্টগুলো শুধুই সময় নষ্ট। আপনাকে যা কিছু করার গ্র্যান্ড স্লামেই করে দেখাতে হবে। এটা দিয়েই আপনাকে মনে রাখা হবে।’


এই উপলব্ধি কিরিওসের জন্য পরের গ্র্যান্ড স্লাম কতটা কাজে আসে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত।