ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না আলকারাজের

এ সপ্তাহে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে উপস্থিত ছিলেন কার্লোস আলকারাজরয়টার্স

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। ডান হাতের কবজির চোটে এবারের ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না কার্লোস আলকারাজের। ২২ বছর বয়সী এই টেনিস তারকা আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেই এ খবর দিয়েছেন।

টেনিস র‍্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা আলকারাজ চলতি মাসের শুরুর দিকে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে চোট পান। সেই ম্যাচে জিতলেও পরদিনই তিনি টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন। এরপর নাম প্রত্যাহার করেন ২২ এপ্রিল শুরু মাদ্রিদ ওপেন থেকেও।

গত সোমবার মাদ্রিদে হওয়া লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কবজিতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় উপস্থিত হন আলকারাজ। সেখানে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জেতার পর আলকারাজ জানান, চোটটা ধারণার চেয়ে বেশি গুরুতর।

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে গতকাল বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে নেওয়ার সময়ও আলকারাজের হাতে ব্যান্ডেজ দেখা গেছে।
রয়টার্স

এরপর আরও কিছু মেডিকেল পরীক্ষার পর আজ তিনি নিশ্চিত হন আগামী ২৪ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে খেলা হচ্ছে না তাঁর। তার আগে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ইতালিয়ান ওপেনেও যে খেলা হবে না, তা–ও নিশ্চিত করেছেন এক্স পোস্টে, ‘পরীক্ষার ফলাফলের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সতর্ক থাকা এবং রোম ও রোলাঁ গারোতে অংশগ্রহণ না করা। এটি আমার জন্য একটি কঠিন সময়, তবে আমি নিশ্চিত যে আমরা এখান থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

সর্বশেষ ফ্রেঞ্চ ওপেন এবং ইতালিয়ান ওপেন দুটিতেই শিরোপা জিতেছিলেন আলকারাজ। সাতবারের এই গ্র্যান্ড স্লামজয়ী কবে কোর্টে ফিরতে পারবেন, সে সম্পর্কে কোনো ধারণা দেননি।

আরও পড়ুন