ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ

মায়ের সঙ্গে দুই বোন ওয়াদিফা ও ওয়ালিজাওয়াদিফার সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই পরিবারের দুই বোন। একজন চ্যাম্পিয়ন, অন্যজন রানারআপ। বাংলাদেশের মেয়েদের খেলাধুলায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায়নি। সর্বশেষ দেখা গেলা বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে। যেখানে চ্যাম্পিয়ন হয়েছেন ১৮ বছর বয়সী মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। গত শনিবার প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবার শিরোপা জেতেন তিনি। আর গতকাল শেষ হওয়া প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন তাঁর বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ।

দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফে ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন ওয়ালিজা।

দুই বোনের এমন কীর্তি প্রথম দেখা গিয়েছিল ১৯৭৪ সালে। দেশের প্রথম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন মুনিরা রহমান হেলেন। রানারআপ হয়েছিলেন তাঁর ছোট বোন জোবেরা রহমান লিনু। তখন লিনুর বয়স মাত্র ৯ বছর। পরে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তিনি।

এরপর এমন কীর্তি গড়ে আলোচনায় এসেছিলেন অ্যাথলেটিকসের দুই বোন রহিমা খানম যুথী ও হালিমা খানম বিথি। ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার দৌড়ে কখনো কখনো একবোন চ্যাম্পিয়ন, একজন রানারআপ হয়েছেন। যুথী বলেন, ‘এমন কয়েকবার হয়েছে যে আমরা দুই বোন একজন চ্যাম্পিয়ন, একজন রানারআপ হয়েছি।’

দাবাড়ু ওয়াদিফা আহমেদ
ওয়াদিফার সৌজন্যে

দুই বোনকে অভিনন্দন জানিয়েছেন জোবেরা রহমান লিনু। প্রথম আলোকে তিনি বলেছেন, ‘আমি চাই ওরা অনেক দূর যাবে। ওদের অনেক অভিনন্দন।’

মেয়েদের মতো ছেলেদের বিভাগে একই পরিবারের দুই ভাইয়ের চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার নজির আছে। ১৯৯৯ সালের জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে আটজনের মধ্যে সমান পয়েন্ট পেয়েছিলেন দুই ভাই মাহবুব বিল্লাহ ও মোস্তফা বিল্লাহ। হেড টু হেডে ভাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হন মাহবুব। রানারআপ মোস্তফা। সেটিই ছিল মাহবুবের প্রথম জাতীয় শিরোপা।