৩ ভাষায় রাস্তা চেনাবেন ফেদেরার
রোলাঁ গারোতে চলছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। দুই দশকের বেশি সময় ধরে গ্র্যান্ড স্লাম মানে ছিল কোর্টে রজার ফেদেরারের উপস্থিতি। গত সেপ্টেম্বরে পেশাদার টেনিসকে বিদায় বলা এই কিংবদন্তি এখন শুধুই দর্শক।
তবে ফ্রেঞ্চ ওপেন চলার মধ্যেই ভিন্ন কারণে আলোচনায় ফেদেরার। ৪১ বছর বয়সী এই সুইস কিংবদন্তি যুক্ত হয়েছেন পথ চেনানোর এক উদ্যোগে। জনপ্রিয় ড্রাইভিং অ্যাপ ওয়েজ ব্যবহারকারীদের পথনির্দেশনা দেবেন তিনি। আর সেটা শুধু ইংরেজি ভাষাতেই নয়, ফ্রেঞ্চ ও জার্মান ভাষায়ও। অ্যাপ কর্তৃপক্ষ বলছে, তিনটি ভিন্ন ভাষায় স্বনির্ধারিত পথনির্দেশনায় (কাস্টম নেভিগেশন) কণ্ঠ দেওয়া প্রথম ব্যক্তি ফেদেরার।
২০১৩ সাল থেকে গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের মালিকানায় চলছে ওয়েজ। নেভিগেশন অ্যাপটির সঙ্গে গত মাসের প্রথম দিকে যুক্ত হন স্ট্যান্ড আপ কমেডিয়ান হাসান মিনহাজ ও পপ ব্যান্ড জোনাস ব্রাদার্স। তারও আগে যুক্ত হয়েছিলেন আমেরিকান গায়িকা ক্রিস্টিনা অগিলেরা। এবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেদেরারের অন্তর্ভুক্তির খবর দিয়েছে ওয়েজ।
অ্যাপে পথনির্দেশনার পাশাপাশি চালকদের উদ্দেশে উদ্দীপনামূলক বার্তাও দেবেন ফেদেরার। যেমন ‘এখন ড্রাইভিংয়ের সময়, আমি এরই মধ্যে অ্যাড্রিনালিনের নিঃসরণ টের পাচ্ছি’, ‘এখন চলার সময়, নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখুন। আমি আছি আপনাকে যাত্রাপথে সহযোগিতা করার জন্য।’
২০টি গ্র্যান্ড স্লাম জয়ের মালিক ফেদেরার পেশাদার টেনিস ক্যারিয়ারকে বিদায় জানান ২০২২ সালের সেপ্টেম্বরে। তবে টেনিস কোর্ট ছেড়ে গেলেও বাণিজ্যিক জগতে এখনো বিশেষ অবস্থান আছে তাঁর।