কোকেন নিয়ে নিষিদ্ধ কিরিওস আবার ফিরছেন কোর্টে
কোকেন ব্যবহারের দায়ে এক মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নিক কিরিওস। তবে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে রাজি হওয়ায় অস্ট্রেলিয়ান এই টেনিস তারকাকে আবার কোর্টে ফেরার অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
২০২২ সালে উইম্বলডনের ফাইনাল খেলা কিরিওস এ বছর ২২ জুন মায়োর্কায় একটি এটিপি ইভেন্ট চলাকালীন ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। এরপর ৪ আগস্ট আইটিআইএ তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। ঘটনার পরপরই কিরিওস স্বীকার করেন, তিনি একটি ‘বিশাল ভুল’ করে ফেলেছেন।
শুক্রবার এক বিবৃতিতে আইটিআইএ জানায়, মায়োর্কায় খেলার আগের রাতে বন্ধুদের সঙ্গে এক সান্ধ্য পার্টিতে সামাজিকতার খাতিরেই কোকেন ব্যবহার করেছিলেন বলে ব্যাখ্যা দিয়েছেন কিরিওস।
আইটিআইএ বিশ্ব ডোপিংবিরোধী সংস্থা (ওয়াডা) স্বীকৃত ল্যাবরেটরির একজন স্বাধীন বৈজ্ঞানিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছে। বিশেষজ্ঞ পর্যবেক্ষণ করে দেখেছেন যে কিরিওসের নমুনায় পাওয়া কোকেনের পরিমাণ তাঁর প্রদত্ত ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আইটিআইএ এক বিবৃতিতে বলেছে, ‘ফলস্বরূপ, কিরিওসের কোকেন ব্যবহার প্রতিযোগিতার বাইরে ঘটেছিল বলে আইটিআইএ মেনে নিয়েছে।’
ওয়াডার নিয়ম অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য নীতিগত শাস্তি তিন মাসের নিষেধাজ্ঞা। তবে সংশ্লিষ্ট খেলোয়াড় যদি কোনো চিকিৎসাগত পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হন, তবে এই শাস্তি কমিয়ে এক মাসে নিয়ে আসা সম্ভব।
আইটিআইএ আরও যোগ করেছে, ‘কিরিওস পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়া শুরু করেছেন। ফলে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার শর্তে ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। তবে মায়োর্কা ইভেন্ট থেকে অর্জিত প্রাইজমানি এবং র্যাঙ্কিং পয়েন্ট বাজেয়াপ্ত হবে।’
৩১ বছর বয়সী কিরিওস এটিপি ট্যুরে সাতটি একক শিরোপা জিতেছেন। ২০১৬ সালে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে উঠে এসেছিলেন তিনি, তবে বর্তমানে চোট ও নানা সমস্যায় জর্জরিত হয়ে তাঁর র্যাঙ্কিং নেমে এসেছে ৯১৮-তে।
কিরিওসের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স ছিল ২০২২ সালের উইম্বলডনে। সেবার তিনি ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন, যেখানে চার সেটের লড়াইয়ে নোভাক জোকোভিচের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাঁর।