অঘটন এবং লুচিচের গল্প

বিশ্ব টেনিস সার্কিটে খুব একটা আলোচিত নন তিনি। অনেকে মিরিয়ানা লুচিচ-বারোনি নামটার সঙ্গে হয়তো পরিচিতই নন। ক্রোয়েশিয়ার অবাছাই এই প্রতিযোগীই পরশু হারিয়ে দিলেন দ্বিতীয় বাছাই রুমানিয়ার সিমোনা হালেপকে। এদিন অঘটনের শিকার ষষ্ঠ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিনা কেরবারও। হেরেছেন দুবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসও।
হালেপকে ৭-৬(৮/৬),৬-২ গেমে হারিয়ে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন লুচিচ। যার বহিঃপ্রকাশ ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। বললেন, ‘মনে হচ্ছে নতুন জন্ম হলো আমার। এটিই আমার জীবনের সেরা দিন।’
কেন নতুন করে জন্ম হওয়ার কথা বলছেন লুচিচ, কেনই বা বলছেন সেরা দিন? হিসাব মেলাতে ফিরে যেতে হবে পেছনে। ১৯৯৭ সালে পেশাদার টেনিসে পা রাখার বছরই ১৫ বছর বয়সে লুচিচ মার্টিনা হিঙ্গিসকে নিয়ে এই ফ্লাশিং মিডোয় জিতেছিলেন দ্বৈতের শিরোপা। দুই বছর পরে উঠে গিয়েছিলেন উইম্বলডনের সেমিফাইনালে। কিন্তু এরপরই ছন্দপতন। পারিবারিক অশান্তির ছায়া তাঁর কোর্টের পারফরম্যান্সে। বাবা মারিঙ্কো প্রায়ই মারধর করতেন তাঁকে। মায়ের সঙ্গেও বাবার সম্পর্কটা ভালো ছিল না। ধূসর ভবিষ্যৎ দেখে হতাশ মা একদিন ভাইবোনসহ তাঁকে নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নতুন জায়গায় শুরু হয় লুচিচদের জীবনসংগ্রাম। পারিবারিক ঝামেলার কারণে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত কোর্টে একরকম দেখাই যায়নি তাঁকে। এমন দুঃসহ পরিস্থিতি পেরিয়ে আসার পর গ্র্যান্ড স্লাম মঞ্চে হালেপ-বধ আবেগাপ্লুত হতেই পারেন লুচিচ, ‘এটা অবিশ্বাস্য, চমৎকার। মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি।’ ১৯৯৯ সালে উইম্বলডনের সেমিফাইনালে ওঠার পর ১২১ র্যাঙ্কধারী লুচিচের এটাই কোনো গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে ওঠা।
ইউএস ওপেনের মহিলা বিভাগে পরশু আরেকটা অঘটন ঘটিয়েছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। কোচ মার্টিনা হিঙ্গিসের সপ্তদশী ছাত্রী বেনচিচ হারিয়েছেন অ্যাঞ্জেলিনা কেরবারকে (৬-১,৭-৫)।
হালেপ আর কেরবারের হারটাকে অঘটন বলা গেলেও ভেনাস উইলিয়ামের পরাজয় সে অর্থে অঘটন নয়। ত্রয়োদশ বাছাই ইতালির সারা ইরানি হারিয়েছেন উনিশতম বাছাই ভেনাসকে। মেয়েদের বিভাগে অঘটনের দিনে জার্মানির সাবিনা লিসিকির বিপক্ষে শেষ পর্যন্ত সহজেই জিতেছেন পঞ্চম বাছাই মারিয়া শারাপোভা।
পুরুষ বিভাগে জয়যাত্রা অব্যাহত আছে রজার ফেদেরারের। দ্বিতীয় রাউন্ডে এদিন জিতেছেন টমাস বার্ডিচ, ডেভিড ফেরার, গ্রিগর দিমিত্রভরা। এএফপি।