অঘটন-কাব্য

অঘটন তো খেলাধুলায় ঘটেই। তবে কিছু কিছু ফলকে আসলে ‘অঘটন’ বললেও কম বলা হয়। পরশু রবার্তা ভিঞ্চির কাছে সেরেনা উইলিয়ামসের হেরে যাওয়াটা বলা হচ্ছে ‘অঘটনের অঘটন’। এটাকে এক নম্বরে রেখে মেয়েদের টেনিসের ইতিহাসে সেরা পাঁচটি অঘটনের একটি তালিকা করেছে বার্তা সংস্থা রয়টার্স। অঘটনের শিকার বাকি চার জনের গল্প—
স্টেফি গ্রাফ
স্টেফি গ্রাফ ১৯৯৪ সালের উইম্বলডনে এসেছিলেন ২১ ম্যাচ অপরাজিত থেকে। কিন্তু প্রথম রাউন্ডেই লরি ম্যাকনিলের কাছে হার ৫-৭, ৬-৭ (৫/৭) গেমে। এর আগে উইম্বলডনের ইতিহাসে কোনো শিরোপাধারী প্রথম রাউন্ড থেকে বাদ পড়েননি! সেবার জিতলে ২২টি গ্র্যান্ড স্লামজয়ী স্টেফির চতুর্থ উইম্বলডন জয় হতো।
মার্টিনা হিঙ্গিস
১৯৯৯ উইম্বলডনের প্রথম রাউন্ডেই অঘটন। র্যাঙ্কিংয়ের ১২৯ নম্বর ১৬ বছর বয়সী ইয়েলেনা ডকিচের কাছে হেরে গেলেন শীর্ষ বাছাই মার্টিনা হিঙ্গিস, তাও আবার ২-৬, ০-৬ গেমে! হিঙ্গিসের আগে মাত্র দুজন শীর্ষ বাছাই উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন।
মার্টিনা নাভ্রাতিলোভা
১৯৮৩ সালের ফ্রেঞ্চ ওপেনে এসেছিলেন চ্যাম্পিয়ন হিসেবে। তার আগের চারটি গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছিলেন, হারেননি টানা ৩৬ ম্যাচে! মার্টিনা নাভ্রাতিলোভাকে মাটিতে নামিয়ে আনলেন র্যাঙ্কিংয়ের ৪৫ নম্বর ক্যাথলিন হরভাথ। চতুর্থ রাউন্ডে ৬-০, ০-৬, ৬-৩ গেমের জয়টার মাহাত্ম্য বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট, সেই বছর ৮৭টি ম্যাচ খেলে ওই একটিতেই হেরেছিলেন নাভ্রাতিলোভা!
ক্রিস এভার্ট
১৯৭১ সালের পর নিজের ৩৪টি গ্র্যান্ড স্লামের অন্তত সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। ১৯৮৩ উইম্বলডনে এসেছিলেন আগের তিন গ্র্যান্ড স্লামের শিরোপা নিয়ে। অথচ দ্বিতীয় বাছাই ক্রিস এভার্ট অবাছাই ক্যাথি জর্ডানের কাছে হেরে গেলেন দ্বিতীয় রাউন্ডেই। ১-৬, ৬-৭ (২/৭) গেমের হারের পর অবশ্য জানা গিয়েছিল, ওই ম্যাচের আগে এভার্ট পাকস্থলীর ভাইরাসে ভুগছিলেন।