অজেয় ভাভরিঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস ওপেনের ট্রফি হাতে ভাভরিঙ্কা l রয়টার্স
ইউএস ওপেনের ট্রফি হাতে ভাভরিঙ্কা l রয়টার্স

রিচার্ড সিয়ার্স গ্র্যান্ড স্লামের ফাইনালে কখনো হারেননি। সাতটি ফাইনালের সাতটিতেই জিতেছেন এই আমেরিকান। সিয়ার্সের স্বদেশি টনি ট্র্যাবার্টও ফাইনালে অপরাজিত; জিতেছেন ৫টি গ্র্যান্ড স্লাম। স্পেনের ম্যানুয়েল সান্তানাও চারটি ফাইনাল খেলে জিতেছেন চারবারই। এই তিনটি ঘটনাই ঘটেছে টেনিসে উন্মুক্ত যুগ শুরুর আগে।
উন্মুক্ত যুগে এমন ঘটনা খুঁজতে গেলে এখন সবার আগে চলে আসে স্তানিসলাস ভাভরিঙ্কার নাম। ১৪ বছরের ক্যারিয়ারে ফাইনাল খেলেছেন মাত্র তিনটি, যার সর্বশেষটি এবারের ইউএস ওপেনের ফাইনাল। যেখানে সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা হারিয়েছেন টেনিসের নাম্বার ওয়ান নোভাক জোকোভিচকে। উন্মুক্ত যুগে তিনটি ফাইনাল খেলে তিনটিই জিতেছেন আরও একজন—গুস্তাভো কুয়ের্তেন। তবে একটা জায়গায় ব্রাজিলিয়ান এই খেলোয়াড়কে পেছনে ফেলেছেন ভাভরিঙ্কা। কুয়ের্তেনের তিনটিই শিরোপা যেখানে ক্লে-কোর্টের গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেনের, সেখানে ভাভরিঙ্কার সাফল্য অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে।
গত রোববারের ফাইনালে ৩১ বছর বয়সী ভাভরিঙ্কা জিতেছেন ৬-৭ (১/৭), ৬-৪, ৭-৫, ৬-৩ গেমে। গত ৪৬ বছরে এত বয়সে কোনো পুরুষ প্রতিযোগী ফ্লাশিং মিডোয় ট্রফি জিততে পারেননি। ভাভরিঙ্কার আগে সবচেয়ে বেশি বয়সে ইউএস ওপেন জয়ের রেকর্ড কেন রোজওয়ালের। অস্ট্রেলিয়ান এই টেনিস গ্রেট ১৯৭০ সালে বছরের শেষ গ্র্যান্ড স্লামটি জিতেছিলেন ৩৫ বছর বয়সে।
ফ্লাশিং মিডোয় পাওয়া সাফল্য ভাভরিঙ্কার চোখে তাঁর পরিশ্রম ও একাগ্রতার ফসল, ‘বিশ্বের এক নম্বর খেলোয়াড়টির বিপক্ষে জিততে হলে আপনাকে সবটুকু দিয়েই জিততে হবে। কষ্ট আপনাকে সইতে হবে, কষ্টটাকে উপভোগ করতে হবে। কারণ এই গ্র্যান্ড স্লামটিই আমার কাছে শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে কষ্টকর টুর্নামেন্ট।’
টুর্নামেন্ট যে কষ্টকর, সেটি বলবেন হয়তো জোকোভিচও। চতুর্থ সেটে দুবার মেডিকেল টাইমআউট নিয়েছেন সার্বিয়ান তারকা। ভাভরিঙ্কার শরীরের ওপর দিয়েও কম ধকল যায়নি। তবে সেটি উবে গেছে শিরোপা জয়ের আনন্দে, ‘লকার রুমে আমি কাঁপছিলাম। আমার কান্না এসে যাচ্ছিল প্রায়।’
একসময় ভাভরিঙ্কার পরিচয় ছিল ডেভিড কাপে রজার ফেদেরারের সহ-খেলোয়াড়। সেখান থেকে তাঁকে বদলে দেওয়ার নেপথ্যে আছেন কোচ ম্যাগনাস নরমান। সুইডেনের সাবেক এই টেনিস খেলোয়াড় ২০১৩ সালে জুটি বেঁধেছেন ভাভরিঙ্কার সঙ্গে। এরপরই কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিয়েছে সুইস তারকাকে। এএফপি, টেনিসডটকম।