অবশেষে ফিরলেন নাদাল
কোয়ার্টার ফাইনালের আগেই দুই শীর্ষ বাছাই অ্যান্ডি মারে ও অ্যাঞ্জেলিক কারবারের বিদায়, বিদায় নোভাক জোকোভিচেরও। এবারের অস্ট্রেলিয়ান ওপেনকে মনে রাখতেই হতো। তবে সর্বকালের অন্যতম সেরা দুই তারকার ফিরে আসার গল্প লেখায় এটি স্মরণীয় হয়ে থাকবে আরও। রজার ফেদেরারের পর কোয়ার্টার ফাইনালে উঠে এসেছেন রাফায়েল নাদালও। কাল গায়েল মঁফিলসকে ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিয়ার্ড।
২০১৫ সালের ফ্রেঞ্চ ওপেনেই শেষ, এরপর আরও ছয়টি গ্র্যান্ড স্লাম চলে গেছে। তাতে ঘটন-অঘটন ছিল অনেক। তবে সবগুলোয় ধ্রুবক ছিল একটি বিষয়, শেষ আটে কখনোই জায়গা করতে পারছিলেন না নাদাল। সাফল্য-খরার কারণটাও জানা, ২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের পর থেকেই র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের কোনো খেলোয়াড়কে হারাতে পারছিলেন না সাবেক বিশ্বসেরা।
স্পেনের এই মহাতারকা সে ধারা কাটালেন কাল টুর্নামেন্টের ষষ্ঠ বাছাইকে হারিয়ে দিয়ে। ম্যাচের ধারা দেখে অবশ্য বোঝাই যায়নি মঁফিলস এগিয়ে র্যাঙ্কিংয়ে। ম্যাচে মঁফিলসের প্রথম সার্ভিসটা ব্রেক করে এগিয়ে যান নাদাল, শেষটাও করেন ফ্রেঞ্চ প্রতিপক্ষের সার্ভিস ভেঙে। ম্যাচ শেষে অবশ্য মঁফিলসকে ‘বড় ভাইয়ের’ মতোই যেন আগলে রাখতে চাইলেন নাদাল, ‘গায়েল অন্য রকম এক খেলোয়াড়। তাকে এত দারুণ খেলতে দেখাটা আনন্দের।’
তবে দুর্দান্ত খেলা মঁফিলস কাল আরেকটু হলেই বিপদে ফেলে দিচ্ছিলেন ১৪টি গ্র্যান্ড স্লাম জয়ীকে। প্রথম দুই সেট হেরে যাওয়ার পর তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান দুর্দান্তভাবে। চতুর্থ সেটেও এগিয়েছিলেন ৪-২ গেমে। তখনই যেন টনক নড়ে নাদালের। দুর্দান্ত সব সার্ভ আর রিটার্নে জিতে নিলেন টানা ৪ গেম। ব্যস, কোয়ার্টার ফাইনালে চলে এলেন নাদাল। ম্যাচের পর ক্লান্তি নিয়েও উচ্ছ্বাস লুকাননি নাদাল, ‘দুই বছর পর গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে ভীষণ খুশি। দর্শকেরা সব সময় সমর্থন জানিয়েছে, সবাইকে ধন্যবাদ।’
ধন্যবাদ প্রাপ্য নাদালেরও। তাঁর জয়েই প্রায় ছয় বছর পর আরেকটি ফেদেরার-নাদাল ফাইনাল দেখার সম্ভাবনাটা বেঁচে রইল। তবে কোয়ার্টার ফাইনালে কঠিন বাধা তাঁর সামনে। মারে-জোকোভিচের বিদায়ের পর শীর্ষ বাছাই হয়ে যাওয়া মিলোস রাওনিচকে পেয়েছেন নাদাল। এ নিয়ে কিছুটা চিন্তিত তিনি, ‘আমাকে খুব, খুবই ভালো খেলতে হবে। বিশ্বের তিন নম্বর খেলোয়াড় সে। আমাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে।’
কাল কোয়ার্টার ফাইনালে উঠেছেন ডেভিড গফিন ও গ্রিগর দিমিত্রভও। রাওনিচকে হারাতে পারলেই সেমিফাইনালে এ দুজনের যেকোনো একজনকে পাবেন নাদাল। সূত্র: অস্ট্রেলিয়ান ওপেন।