
দুই হাত ছড়িয়ে দিয়ে পড়ে গেলেন ঘাসের শয্যায়। একটু ধাতস্থ হওয়ার পর যখন উঠে দাঁড়ালেন, সেরেনা উইলিয়ামসের চোখেমুখে ‘সব পেয়েছি’র আনন্দ। এই অল ইংল্যান্ড ক্লাবে এর আগেও তো ছয়বার শিরোপা জিতেছেন, গ্র্যান্ড স্লামও জেতা হয়েছে অনেকবার। তাহলে কাল সেরেনার উদ্যাপন অমন বাঁধভাঙা কেন? বাঁধভাঙা কারণ, এই জয়েই ছুঁয়ে ফেলেছেন স্টেফি গ্রাফের রেকর্ড ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি, এক বছর ধরে যেটির জন্য ছিল তাঁর অপেক্ষা। কাল উইম্বলডনের ফাইনালে অ্যাঞ্জেলিক কারবারকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে সেরেনা বসলেন স্টেফির পাশে।
এই কারবারের সঙ্গেই একটা হিসাব চুকানোর ছিল সেরেনার। এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কারবারই তাঁকে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়িয়েছেন। তার আগে হেরেছেন ইউএস ওপেনের সেমিফাইনালে, পরে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে—পেতে পেতেও সেরেনার ২২তম গ্র্যান্ড স্লামটা পাওয়া হচ্ছিল না। অবশেষে সেই ‘বোঝা’ মাথা থেকে নেমে যাওয়ার পর সেরেনা আপ্লুত, ‘২২ নম্বর আসলেই দুর্দান্ত। সেন্টার কোর্ট সব সময়ই নিজের ঘর মনে হয়।’
কারবারের সঙ্গে ‘প্রতিশোধ’ নিতে পারলেও সেরেনা প্রতিদ্বন্দ্বীর প্রশংসায় পঞ্চমুখ, ‘কারবার আমার কাছ থেকে সেরাটা আজ বের করে নিয়েছে। ওর সঙ্গে খেলতে আমি দারুণ পছন্দ করি, মানুষ হিসেবেও ও দারুণ।’ জার্মানির ২৮ বছর বয়সী কারবারও সেই শংসা ফিরিয়ে দিলেন প্রতিপক্ষকে, ‘এই ট্রফি সেরেনার প্রাপ্য। আপনি একজন গ্রেট চ্যাম্পিয়ন। মানুষ হিসেবেও অসাধারণ। আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি।’
সেরেনার কাছে এই জয়ের মাহাত্ম্য আরেক দিক দিয়েও অনেক বেশি। টানা তিনটি গ্র্যান্ড স্লামে শিরোপাহীন থাকার পর প্রশ্ন উঠে গিয়েছিল, ৩৪ বছর বয়সে এসে তাঁর সাফল্যক্ষুধা কি হারিয়ে গেল? কালকের জয়ে সেই প্রশ্নটারও জবাব দিতে পারার স্বস্তি, ‘এই বছর আমি বার দুয়েক চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি। এসবের জন্য জয়টা আরও বেশি মধুর মনে হচ্ছে।’
তবে সরাসরি সেটে জিতলেও সেরেনার জয়টা এসেছে কাঠখড় পুড়িয়েই। প্রথম সেটে তো কেউ কারও সার্ভিস ভাঙতে পারছিলেন না। শেষ পর্যন্ত ১২তম গেমে গিয়ে সেরেনা সেটি করতে পারলেন, ঘণ্টা খানেকের কাছাকাছি লাগল প্রথম সেট জিততে। দ্বিতীয় সেটেও লড়াইটা ৩-৩ গেমে সমতায় ছিল। এর পরেই সেরেনা ফিরলেন স্বরূপে, পর পর তিন গেমে দারুণ খেলে পেয়ে গেলেন জয়। আর তাতে বাঙ্ময় হলো এই বার্তাটাও, স্টেফিকে ছাড়িয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার! এএফপি।
সেরেনার ২২
৬
অস্ট্রেলিয়ান ওপেন
২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১০, ২০১৫
৩
ফ্রেঞ্চ ওপেন
২০০২, ২০১৩, ২০১৫
৭
উইম্বলডন
২০০২, ২০০৩, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৫, ২০১৬
৬
ইউএস ওপেন
১৯৯৯, ২০০২, ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৪
সবচেয়েবেশিগ্র্যান্ডস্লাম
শিরোপা
২২
সেরেনাউইলিয়ামস
যুক্তরাষ্ট্র
২২
স্টেফিগ্রাফ
জার্মানি
১৮
মার্টিনানাভ্রাতিলোভা
চেক/যুক্তরাষ্ট্র
১৭
রজারফেদেরার
সুইজারল্যান্ড
* উন্মুক্ত যুগে এএফপি