অলিম্পিকের ইতিহাসে অনন্য কীর্তি মারের

এমন কান্না নাকি খুব পছন্দ অ্যান্ডি মারের। এই তো কদিন আগে দ্বিতীয়বারের মতো উইম্বলডন জেতার পর কেঁদেছিলেন। কেঁদেছিলেন তিন বছর আগেও, ঘরের মাটিতে টেনিসের গ্র্যান্ড স্লামটি প্রথমবার জয়ের পর। আজ আরেকবার কাঁদলেন মারে।
তবে এই কান্না একটু ভিন্ন। অন্য গ্র্যান্ড স্লাম জয়ের মতো আনন্দ এতেও আছে। শুধু এবারের কান্নার বিশেষত্ব, এতে মিশে আছে অলিম্পিকের ইতিহাস গড়ার গর্বও। প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে টানা দুবার এককের শিরোপা ধরে রাখার গর্ব। যে গর্ব অলিম্পিকের ১২০ বছর ইতিহাসে আর কারও সৌভাগ্যে হয়নি।
মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫ সেটে হারিয়ে রিও অলিম্পিকে টেনিসের এককে সোনা জিতেছেন মারে। ২০১২ লন্ডন অলিম্পিকেও সোনা উঠেছিল ব্রিটিশ তারকার গলায়।
মারের কীর্তির পাশাপাশি ম্যাচের নাটকীয়তার জন্যও অলিম্পিকের ইতিহাসে এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে ম্যাচ। যার সমাপ্তিতে মারে ও দেল পোত্রো দুজনই দুজনকে জড়িয়ে ধরেছিলেন আবেগে, পারস্পরিক সম্মানে। শুধু তো টেনিসে দক্ষতা নয়, ম্যাচটা শারীরিক ও মানসিক ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নিয়েছে। সোনাজয়ী মারেই বললেন, ‘অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে ম্যাচটা। দুজনেরই জয়ের অনেক সুযোগ ছিল। অনেক লম্বা, ক্লান্তিকর একটা ম্যাচ হয়েছে। আমি খুশি যে শেষ পর্যন্ত এ থেকে জিতে বেরোতে পেরেছি।’
পুরো ম্যাচে মারে এইস মেরেছেন ১০টি, উইনার ৪৬টি। উইনারের হিসেবে অবশ্য দেল পোত্রোও খুব পিছিয়ে ছিলেন না, আর্জেন্টাইন তারকার উইনার ৩৯টি। কিন্তু নিজের পথটাকে নিজেই বন্ধুর করেছেন ৫৭ আনফোর্সড এরর করে।
তবে যা করেছেন, তাই–বা কম কী! হাতের কবজিতে কয়েকবার অস্ত্রোপচারের পর গত বছরই প্রায় অবসরের কাছাকাছি চলে গিয়েছিলেন। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ও ২০০৯ ইউএস ওপেনজয়ী দেল পোত্রোর র্যাঙ্কিংও পিছিয়ে দাঁড়িয়েছে ১৪১-এ। কিন্তু প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেছেন এবার অলিম্পিকে। প্রথম রাউন্ডে হারিয়েছেন নোভাক জোকোভিচকে, সেমিফাইনালে তিন ঘণ্টার আরেক মহাকাব্যিক লড়াইয়ে হারিয়েছেন রাফায়েল নাদালকে। কিন্তু আজ আর পারলেন না। ম্যাচের শেষ দিকে এসে ক্লান্তির ছাপটা বোঝা যাচ্ছিল স্পষ্ট। গ্যালারিতে অনেক আর্জেন্টাইন সমর্থক, এমনকি ব্রাজিলের সমর্থকেরাও, তাঁকে সমর্থন দিয়ে গেছেন। কিন্তু তাঁদের সমস্বরের ‘ওলে! ওলে! দেলপো! দেলপো’ও পারল না আর্জেন্টাইন তারকাকে সোনার হাসিতে হাসাতে।
যে হাসি আজ শুধুই মারের। ইতিহাস গড়ার হাসি, ফেদেরার-জোকোভিচদের দাপটের কারণে অপ্রাপ্তিতে ভরা ক্যারিয়ারে একটা জায়গায় নিজেকে অনন্য করে রাখার হাসি।
ওহ্, দুঃখিত, কান্না! দেল পোত্রোর শেষ ব্যাকহ্যান্ড শটটা জালে জড়াতেই যা গড়িয়ে পড়েছিল গাল বেয়ে। সূত্র: এএফপি।