অষ্টমের অপেক্ষায় ফেদেরার

মৌসুমের প্রথম ভাগটা রজার ফেদেরারের গেছে দুর্দান্ত। পাঁচ বছরের অপেক্ষা শেষে ধরা দিয়েছে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম। কিন্তু এরপরই লম্বা বিশ্রামে চলে যান। পুরো ক্লে-কোর্ট মৌসুমটাই কাটিয়েছেন কোর্টের বাইরে। আড়মোড়া ভেঙেছেন ঘাসের কোর্টের টুর্নামেন্ট স্টুটগার্ট ও হ্যাল ওপেনে খেলে। এবার অল ইংল্যান্ড ক্লাবের সবুজ চত্বরে উইম্বলডনের লড়াইয়ে নামতে উন্মুখ টেনিস ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী পুরুষ। পাঁচ বছরের আরেকটি অপেক্ষা ঘুচিয়ে জিততে চান উইম্বলডনের অষ্টম শিরোপা।
ফেদেরার কোনো গ্র্যান্ড স্লামে খেলতে নামলেই সবাই যেন তাঁর হাতে আরেকটি ট্রফি দেখার অপেক্ষায় থাকেন। অস্ট্রেলিয়ান ওপেনের আগেও এর ব্যতিক্রম ছিল না। তবে ওই টুর্নামেন্টে ফেদেরারের পক্ষে বাজি ধরার লোক খুব বেশি ছিল না। এর আগে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ২০১২ সালে, উইম্বলডনে। পাঁচ বছর ‘১৮’ তাঁর সঙ্গে লুকোচুরি খেলেছে। কয়েকবার ধরা দিতে দিতেও দেয়নি। ‘সর্বজনীন’ হয়ে যাওয়া সেই অপেক্ষা ফেদেরার ঘুচিয়েছেন দারুণভাবে। সেমিফাইনালে স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে ফাইনালে জিতেছেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের বিপক্ষে।
লন্ডনে উইম্বলডন শুরু হবে আগামী পরশু। বাজিকরদের কাছে সবচেয়ে ফেবারিট দুর্দান্ত ফর্মে থাকা ফেদেরারই। কিন্তু অনেকের মনে আবার কু-ডাকও ডাকছে। লম্বা সময় কোর্টের বাইরে কাটানো ফেদেরার ছন্দ খুঁজে পাবেন তো! বিশ্রাম শেষ করে স্টুটগার্ট ওপেন দিয়ে কোর্টে ফিরেছেন। ওই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন টমি হাসের কাছে হেরে। তবে নিজের আসল রূপটা দেখিয়ে জিতেছেন হ্যাল ওপেন। সময়ের সবচেয়ে প্রতিভাবান তরুণ তারকা আলেকজান্ডার জভেরেভকে ফাইনালে রীতিমতো উড়িয়েই দিয়েছেন।
শুধু কোর্টের খেলায়ই নয়, বিশ্বজোড়া ভক্তদের ৩৫ বছর বয়সী ফেদেরার আশ্বস্ত করেছেন আত্মবিশ্বাসী কণ্ঠেও, ‘আমার শুধু প্রথম রাউন্ডে মনোযোগ দিতে হবে। এরপর সেখান থেকে সামনে এগিয়ে যেতে হবে। টুর্নামেন্টের শেষের দিকে যেতে পারলে বুঝব যে ক্লে-কোর্টে না খেলাটা খুব উপকারই করেছে।’ ফ্রেঞ্চ ওপেনসহ ক্লে-কোর্টের অন্য টুর্নামেন্টগুলোয় অংশ না নেওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছেন এই সুইস তারকা, ‘পরিকল্পনা ছিল মানসিকভাবে সতেজ থাকা। এখন আমি কোর্টে নামতে উন্মুখ।’
এই মুহূর্তে গ্র্যান্ড স্লামে ফেদেরারের কঠিন তিন বাধা রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। সর্বশেষ ছয়টি উইম্বলডনের পাঁচটিই ভাগাভাগি করে নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ও সার্বিয়ার নোভাক জোকোভিচ। তবে অনেক দিন ধরেই খুব একটা ছন্দে নেই সাবেক এক নম্বর জোকোভিচ আর বর্তমান এক নম্বর মারে। নাদালেরও আগের সেই ফর্ম নেই। এ ছাড়া অল ইংল্যান্ড ক্লাবে স্প্যানিশ এই তারকা সর্বশেষ বিজয়ীর হাসি হেসেছেন ২০১০ সালে।
যেকোনো খেলায়ই বাজিকরদের বাজির দর টুর্নামেন্টের বিজয়ী কে হবেন সে বিষয়ে একটা ইঙ্গিত দেয়। বাজিকরেরা এবার ফেদেরারের দিকেই ঝুঁকে আছেন। আর তিন কঠিন প্রতিপক্ষও তেমন একটা সুবিধাজনক জায়গায় নেই। সব মিলিয়ে ফেদেরারের পক্ষে বাজি ধরাই যায়। কিন্তু তাঁর লম্বা বিরতি নিয়ে ভেবে যাঁরা দ্বিধায় আছেন, তাঁদের জন্য বলা যায়—সন্দেহবাদীদের ভুল প্রমাণ করার জন্য যদি কেউ থেকে থাকেন, তিনি ফেদেরারই! অনককেই ভুল প্রমাণ করে যেমন তিনি জিতেছেন সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। এএফপি, টেনিসডটকম।