অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনটা বাজে গেল নাদালের
দিনটা বাজে গেল নাদালের

এর আগে টানা ১৭টি ম্যাচে টমাস বার্ডিচের বিপক্ষে জিতেছেন রাফায়েল নাদাল। আঠারোতম ম্যাচটিতে এসে হার মানলেন। আর এই হারেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল চৌদ্দটি গ্র্যান্ডস্লাম বিজয়ী এই স্প্যানিশ তারকার।
চেক তারকা বার্ডিচ আজ মেলবোর্নের কোয়ার্টার ফাইনালে নাদালকে হারিয়েছেন ৬-২, ৬-০, ৭-৬ (৭ /৫) ব্যবধানে। দুই ঘণ্টা ১৩ মিনিটের এই লড়াইয়ে নাদালের পারফরম্যান্সও ছিল যথেষ্ট বাজে।
নাদালের বিপক্ষে জিতে সেমিফাইনালে বার্ডিচ মুখোমুখি হবেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে ও অস্ট্রেলীয় তারকা নিক ক্রাইগোইসের মধ্যকার লড়াইয়ের বিজয়ীর বিপক্ষে।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত বার্ডিচ জানিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষ নাদালের বিপক্ষে তিনি যেকোনো কিছুর জন্যই প্রস্তুত ছিলেন। স্প্যানিশ তারকার বিপক্ষে তাঁর আগের লড়াইগুলোর স্মৃতি এই ম্যাচে তাঁকে যথেষ্ট সাহায্য করেছে বলেই অভিমত তাঁর, ‘আমি শক্ত একটি লড়াইই প্রত্যাশা করেছিলাম। যেকোনো কিছুর জন্যই আমি প্রস্তুত ছিলাম। নাদালের বিপক্ষে আগের লড়াইয়ের স্মৃতি আমাকে দারুণ সহায়তা করেছে। ম্যাচে আমার শুরুটাও ভালো হয়েছিল। কিন্তু লড়াইটা ছিল নাদালের মতো তারকার বিপক্ষে। এমন প্রতিপক্ষের বিপক্ষে আপনাকে ম্যাচের শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। আমি সেটাই করেছি।’
২০০৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রাফায়েল নাদাল। সূত্র: এএফপি।