আছেন শুধু সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলতে খেলতে পড়ে যাননি। ইউএস ওপেনে মেয়েদের তৃতীয় বাছাই পেত্রা কেভিতোভাকে হারানোর আনন্দে তাল হারালেন সার্বিয়ার আলেকসান্দ্রো ক্রুনিচ l রয়টার্স
খেলতে খেলতে পড়ে যাননি। ইউএস ওপেনে মেয়েদের তৃতীয় বাছাই পেত্রা কেভিতোভাকে হারানোর আনন্দে তাল হারালেন সার্বিয়ার আলেকসান্দ্রো ক্রুনিচ l রয়টার্স
যুক্তরাষ্ট্রের আশা হয়ে আছেন শুধুই সেরেনা উইলিয়ামস l এএফপি
যুক্তরাষ্ট্রের আশা হয়ে আছেন শুধুই সেরেনা উইলিয়ামস l এএফপি

টেনিসে যুক্তরাষ্ট্রের একাধিপত্য অনেক আগেই শেষ। মার্কিনদের অবস্থান এখন কোথায়, এবারের ইউএস ওপেনই সেটি স্পষ্ট বুঝিয়ে দেয়। পুরুষ ও মহিলা একক মিলিয়ে ঘরের কোর্টের এই গ্র্যান্ড স্লামে অংশ নিয়েছিলেন মোট ২৯ জন মার্কিন। পুরুষ এককে ১২ জন, মহিলা এককে ১৭ জন। কিন্তু চতুর্থ রাউন্ডে গড়াতেই ইউএস ওপেন প্রায় মার্কিনশূন্য। এরই মধ্যে ২৯ জনের ২৮ জনই ঝরে পড়েছেন! দুই বিভাগ মিলিয়ে মার্কিনদের একমাত্র আশার প্রদীপ হয়ে জ্বলছেন সেরেনা উইলিয়ামস।
মজার ব্যাপার হলো, মার্কিনদের এই অবিশ্বাস্য পতনের মিছিলটাকে ত্বরান্বিত করতে এবার সেরেনার ভূমিকাই সবচেয়ে বেশি! তিনি একাই বিদায় করেছেন তিনজনকে! প্রথম রাউন্ডে টেলর টাউনসেন্ড, দ্বিতীয় রাউন্ডে ভানিয়া কিংয়ের পর পরশু উজবেক বংশোদ্ভূত মার্কিন বারবারা লেপচেঙ্কোকে হারিয়েছেন ৬-৩, ৬-৩ গেমে।
পুরুষ এককে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন অ্যান্ডি রডিক, ২০০৩ সালে এই ইউএস ওপেনেই। এবার তৃতীয় রাউন্ড পর্যন্তও টিকে ছিলেন দুজন—জন ইসনার ও স্যাম কোয়েরি। কিন্তু তৃতীয় রাউন্ডে হেরে গেছেন দুজনেই। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে টানা তৃতীয়বারের মতো ইসনারকে ৭-৬ (৭/৪), ৪-৬, ৭-৬ (৭/২), ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন জার্মানির ফিলিপ কোলশ্রাইবার। কোয়েরিকে হারিয়ে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ পুরুষ এককটাকে করেছেন মার্কিনশূন্য, নিজে উঠেছেন টানা ২২তম গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে। রাশিয়ার আন্দ্রেই কুজনেতসোভকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন অ্যান্ডি মারেও। ফলে আরও জোর সম্ভাবনা জেগেছে জোকোভিচ-মারের কোয়ার্টার ফাইনাল দ্বৈরথের। জোকোভিচ-মারেই শুধু নন, পুরুষ এককে শিরোপার দাবি নিয়ে টিকে আছেন শীর্ষ দশ বাছাইয়ের সবাই।
ওদিকে মহিলা এককে তারকা পতনের মিছিলে পরশু যোগ দিলেন উইম্বলডন বিজয়ী পেত্রা কেভিতোভাও। এ নিয়ে শীর্ষ আটের পাঁচজনেরই বেজে গেল বিদায়ঘণ্টা। তৃতীয় বাছাই কেভিতোভাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন আলেকসান্দ্রা ক্রুনিচ। ১৪৫তম র্যাঙ্কধারী ২১ বছর বয়সী সার্বিয়ান ইউএস ওপেনে এসেছেন বাছাই খেলে। বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করা ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার মেয়েটি পুরোদস্তুর পেশাদার খেলোয়াড়ও নন! কেভিতোভাকে হারিয়ে তাই সার্বিয়ান মেয়ের উচ্ছ্বাসে বাধ মানছিল না, ‘পেত্রার সঙ্গে একই কোর্টে খেলাটা ছিল আমার জন্য সম্মানের। সে গ্রেট চ্যাম্পিয়ন। আমি তার উইম্বলডনের দুটো শিরোপাজয়ই দেখেছি।’ আর কেভিতোভার কথা, ‘আমি সত্যিই প্রত্যাশা করিনি, সে এত ভালো খেলে।’ এএফপি।