আজ মেয়েদের এককের ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমোনা হালেপ ও ইয়েলেনা ওস্তাপেঙ্কো
সিমোনা হালেপ ও ইয়েলেনা ওস্তাপেঙ্কো

ফাইনালে উঠেই বড় একটা লক্ষ্য পূরণ হয়ে গেছে সিমোনা হালেপের। মেয়েদের টেনিসের এক নম্বরে উঠে গেছেন। তবে রোমানিয়ান তারকা এখানেই থেমে থাকতে চান না। জিততে চান গ্র্যান্ড স্লামের প্রথম ট্রফি!
আর ফ্রেঞ্চ ওপেনে আজকের ফাইনালই তাঁর সামনে বড় সুযোগ। প্রতিপক্ষ লাটভিয়ার অবাছাই প্রতিযোগী ইয়েলেনা ওস্তাপেঙ্কো। র্যাঙ্কিংয়ের ৪৭তম অবস্থানে থাকা ওস্তাপেঙ্কোর এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে আসা।
সেরেনা-শারাপোভা না থাকায় মেয়েদের জন্য ফ্রেঞ্চ ওপেনটা শুরুতেই ছিল উন্মুক্ত। সেটি আরও উন্মুক্ত হয়ে পড়ে প্রথম রাউন্ডে শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কারবার এবং চতুর্থ রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন গারবিনিয়ে মুগুরুজার বিদায়ে। তবে ফাইনালে ফেবারিট ধরা হচ্ছে হালেপকেই। ২০১৪ সালে এই রোলাঁ গারোতেই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠেন। তবে সেই ফাইনালে হেরে যান মারিয়া শারাপোভার কাছে। এবার আর সেই ভাগ্য বরণ করতে চান না হালেপ, ‘এটা একটা বড় চ্যালেঞ্জ, বড় সুযোগও। মনে হয় ম্যাচটা আমারই হবে। জয়ের মানসিকতাও আছে আমার। তবে এটা কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে।’ শারাপোভার কাছে ফাইনালের হারের পর অনেক শিখেছেনও, ‘কয়েক বছর ধরেই আমি অনেক কিছু শিখেছি। শুধু (শারাপোভার বিপক্ষে) সেই ফাইনাল থেকেই নয়, শিখেছি উইম্বলডনের সেমিফাইনাল এরপর ইউএস ওপেনে ফ্লাবিও পেনেত্তার কাছে হার থেকেও। আমার খেলাটা এখন আরও শক্তিশালী, একটু আলাদাও। আমি এখন খেলাটা নিয়ে ভাবি। আমার তো মনে হয় আমি স্মার্ট টেনিস খেলি।’
র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় ফাইনালের আগে হালেপ এগিয়ে থাকলেও ‘হারানোর কিছু নেই’ মন্ত্রে উজ্জীবিত ওস্তাপেঙ্কো। অকপটেই স্বীকার করেছেন, ‘যখন এখানে আসি, ফাইনালের কথা ভাবিইনি। প্রথম ম্যাচটা কঠিন ছিল। সেটি জয়ের পর আত্মবিশ্বাস পেয়ে যাই। এরপর প্রতিটি ম্যাচই উত্তরোত্তর ভালো খেলেছি। আরও বেশি আত্মবিশ্বাসী হয়েছি।’
ফাইনালে এই আত্মবিশ্বাসই বড় শক্তি ২০ বছর বয়সী ওস্তাপেঙ্কোর। স্বপ্নযাত্রার শেষটা আরও রাঙাতে পারবেন? এএফপি।