আজ শুরু অস্ট্রেলিয়ান ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ

শিরোপা জিতলে অস্ট্রেলিয়ার রয় এমারসনকে পেরিয়ে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড গড়বেন নোভাক জোকোভিচ (৭টি)। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড অবশ্য করে ফেলেছেন। ৬ বার ফাইনালে উঠে জিতেছেন ৬ বারই।  

গত সাত বছরে পাঁচবার ফাইনালে উঠে সব কটিতেই হেরেছেন অ্যান্ডি মারে। মারে ছাড়া গ্র্যান্ড স্লামে ৫টি ফাইনালে হারের যন্ত্রণা পেয়েছেন শুধু তাঁর কোচ ইভান লেন্ডল, সেটি ইউএস ওপেনে। লেন্ডলকে নিশ্চয়ই ছাড়িয়ে যেতে চাইবেন না মারে!     

উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি সেরেনা উইলিয়ামসের সামনে। জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের সমান ২২টি শিরোপা সেরেনার। উন্মুক্ত যুগে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সর্বোচ্চ ৬ বার। 

১৭টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ টুর্নামেন্টের ১৭তম বাছাই রজার ফেদেরারের সামনে। ২০০২ সালের ইউএস ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামে শীর্ষ দশ বাছাইয়ে নেই চোট কাটিয়ে ফেরা সুইস টেনিস তারকা।

‘জোকোভিচ বনাম মারে’ ফাইনাল হলে তা হবে কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালে দুজনের অষ্টম দ্বৈরথ। তাতে ছোঁয়া হবে গ্র্যান্ড স্লাম ফাইনালে ‘ফেদেরার বনাম নাদাল’ সর্বোচ্চ আট দ্বৈরথের রেকর্ড।