রেগে গেলেন তো হেরে গেলেন! ভিক্টোরিয়া আজারেঙ্কা রেগে গিয়েছিলেন, তবে ম্যাচটা তিনি হারেননি। পরশু ইউএস ওপেনের প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের লুসি রাদেসকার বিপক্ষে জিতেছেন ৬-১, ৬-২ গেমে। রাগটা দেখিয়েছেন ম্যাচের চেয়ার আম্পায়ার অরেলি টুরটের প্রতি। টুরটের একটা ‘লাইন কল’ পছন্দ হয়নি সাবেক অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আজারেঙ্কার। রেগে গিয়ে আম্পায়ারকে জিজ্ঞেস করে বসেন, ‘তুমি কি কখনো টেনিস খেলেছ?’ আম্পায়ার ‘হ্যাঁ, খেলেছি’ বলার পর আজারেঙ্কা বলে দিলেন, ‘তাহলে তুমি নিশ্চয়ই খুব ভালো খেলোয়াড় ছিলে না।’ মাঠে মাথা গরম করার অভ্যাসটা অবশ্য নতুন নয় আজারেঙ্কার জন্য। আর সেটি শুধু আম্পায়ারদের সঙ্গে নয়, প্রতিপক্ষের সঙ্গেও। এই তো গত মে মাসে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে মাঠেই কথার লড়াই শুরু হয়ে গিয়েছিল সেরেনা উইলিয়ামসের সঙ্গে। ওই ম্যাচটা অবশ্য হেরেছিলেন আজারেঙ্কা। ফক্স স্পোর্টস।