
দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৪। এই বছরে কেমন গেছে খেলাধুলার জগৎটা? পেছন ফিরে তাকালে উঠে আসবে প্রাপ্তি-অপ্রাপ্তি-আনন্দ-বেদনার বর্ণিল এক উপাখ্যান। শুরুটা টেনিস দিয়েই হোক না...
২০১৪ সালটা র্যাকেট হাতে কে নিজের করে নিয়েছেন? নির্দিষ্ট কারও কথা মনে পড়ছে? না পড়ারই কথা। ১৯৯৮ সালের পর এই প্রথম ছেলে আর মেয়েদের আটটি গ্র্যান্ড স্লাম যে এবার আটজন আলাদা খেলোয়াড় জিতেছেন! বছরটাকে তাই যেমন জোকোভিচ-নাদালদের কারও বলা যাচ্ছে না, তেমনি সেরেনা-শারাপোভাদের কাউকেও এককভাবে বরমাল্য তুলে দেওয়া যাচ্ছে না।
ওলটপালটের শুরু অস্ট্রেলিয়ান ওপেন থেকেই। স্বদেশি রজার ফেদেরারের ছায়ায় দীর্ঘদিন ঢাকা পড়ে ছিলেন সুইস স্তানিস্লাস ভাভরিঙ্কা। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে দিলেন তা থেকে বেরিয়ে আসার আভাস। কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচ, সেমিফাইনালে টমাস বার্ডিচের পর ফাইনালে রাফায়েল নাদালকেও হারিয়ে দিলেন ২৮ বছর বয়সী সুইস। নাদাল ও জোকোভিচকে একই টুর্নামেন্টে এর আগে কেউ হারাতে পারেনি।
ফ্রেঞ্চ ওপেনে অবশ্য বিজয়ী হিসেবে সেই চেনা মুখই। আবারও রাফায়েল নাদাল। সর্বশেষ কবে অন্য কেউ ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সেটা মনে করাই তো কঠিন। গত ১০ বছরে নয়বার এবং এবার টানা পঞ্চমবার জিতে নাদাল তো ট্রফিটাকে একরকম নিজের সম্পত্তিই করে নিয়েছেন। তবে এ বছর নাদালের সুখস্মৃতি বলতে শুধু এটিই। চোট-আঘাতে বছরের বেশির ভাগ সময় কোর্টের বাইরেই থাকতে হয়েছে। উইম্বলডনে টিনএজার নিক কিরগিয়সের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের পর খেলেছেনই মাত্র সাতটি ম্যাচ।
সেই হিসেবে নোভাক জোকোভিচকে সফলই বলতে হবে। উইম্বলডনটা এ বছর তাঁর একমাত্র গ্র্যান্ড স্লাম, তবে সবসুুদ্ধ সাতটি শিরোপা জিতে বছর শেষ করেছেন এক নম্বর হয়েই। ব্যক্তিগত জীবনেও বছরটাকে চিরদিন মনে রাখবেন, বিয়ে করেছেন, ঘর আলো করে এসেছে প্রথম সন্তান।
‘বিগ ফোরের’ বাকি দুজন রজার ফেদেরার ও অ্যান্ডি মারের জন্য বছরটি বিস্মরণযোগ্যই বলা যায়। আগের বছরের ১৭টি গ্র্যান্ড স্লামের সঙ্গে একটাও যোগ করতে পারেননি ‘ফেডেক্স’, কাছাকাছি গিয়েছিলেন উইম্বলডনে। নিজের প্রিয় ঘাসের কোর্টে মহাকাব্যিক এক ফাইনালে হেরে যান জোকোভিচের কাছে। মারে প্রতিটি গ্র্যান্ড স্লামেরই অন্তত কোয়ার্টার ফাইনালে উঠেছেন, কিন্তু ফাইনালে ওঠা হয়নি একবারও। ও হ্যাঁ, ফেদেরারের বলার মতো একটা অর্জন আছে, ১৬ বছর চেষ্টার পর অধরা ডেভিস কাপ জিতেছেন সুইজারল্যান্ডের হয়ে।
‘বিগ ফোরের’ যুগ শেষ হয়ে আসার একটা লক্ষণ বছর শেষেই মিলেছে। প্রথম এশিয়ান পুরুষ হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন জাপানের কেই নিশিকোরি। যদিও সেখানে মারিন চিলিচের কাছে একদমই পাত্তা পাননি। ২০০৫ সালের পর বিগ ফোরের বাইরে এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনাল হলো, দুজন মিলে ইতিহাস অবশ্য গড়া হয়ে গেছে ঠিকই।
মেয়েদের টেনিসেও এবার পাদপ্রদীপের আলোয় কেউ একা নয়। তবে সেরেনা যেভাবে বছর শেষ করেছেন, তাতে ইঙ্গিত দিয়েছেন পরের বছরটাও নিজের করে নেওয়ার। টানা ১৪টি সেট জিতে দোর্দণ্ড প্রতাপে হাতে নিয়েছেন ইউএস ওপেনের ট্রফি, ৩৩ বছর বয়সেও মেয়েদের এক নম্বরও তিনিই। ১৮টি গ্র্যান্ড স্লাম জিতে মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টের সঙ্গে সেরেনা এখন একই সমতায়।
এই বছরেই নিজেদের আগমনধ্বনি শুনিয়েছেন রোমানিয়ার সিমোনে হালেপ ও কানাডার ইউজিনি বুশার। প্রথমজনের চমক ফ্রেঞ্চ ওপেনে, দ্বিতীয়জন মাতিয়েছেন উইম্বলডন। হালেপ হেরেছেন মারিয়া শারাপোভার কাছে, বুশারের স্বপ্নযাত্রা পূর্ণতা পেতে দেননি পেত্রা কেভিতোভা।
অন্য সব বছরের মতোই অনেকে যেমন আলো ছড়িয়েছেন, তেমনি খসে গেছে তারাও। কে ভেবেছিল, অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছর শুরু করা লি না সেপ্টেম্বরেই অবসর নিয়ে নেবেন! বিদায়বেলায় চীনের এই টেনিস খেলোয়াড় নিজেই শুধু কাঁদেননি, কাঁদিয়েছেন অনেককেও। রয়টার্স।
এক নজরে বছরের চার গ্র্যান্ড স্লাম
পুরুষ নারী
অস্ট্রেলিয়ান ওপেন স্তানিসলাস ভাবরিঙ্কা লি না
ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাদাল মারিয়া শারাপোভা
উইম্বলডন নোভাক জোকোভিচ পেত্রা কেভিতোভা
ইউএস ওপেন মারিন চিলিচ সেরেনা উইলিয়ামস