আবার মুখোমুখি তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস ওপেনের শেষ আট নিশ্চিত হওয়ার পর দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামস। পরশু চতুর্থ রাউন্ডের নিজ নিজ খেলায় বড় বোন ভেনাস যুক্তরাষ্ট্রেরই ম্যাডিসন কিসকে এবং সেরেনা এস্তোনিয়ার অ্যানেত কন্তাভেতকে হারিয়েছেন l এএফপি
ইউএস ওপেনের শেষ আট নিশ্চিত হওয়ার পর দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামস। পরশু চতুর্থ রাউন্ডের নিজ নিজ খেলায় বড় বোন ভেনাস যুক্তরাষ্ট্রেরই ম্যাডিসন কিসকে এবং সেরেনা এস্তোনিয়ার অ্যানেত কন্তাভেতকে হারিয়েছেন l এএফপি

সেরেনা উইলিয়ামসের র্যা ঙ্কিং ১, ভেনাস উইলিয়ামসের ২৩। ২১টি গ্র্যান্ড স্লাম সেরেনার, ভেনাসের ৭টি। আজ আরেকটি ‘অল উইলিয়ামস’ ম্যাচের আগে তাই যোজন যোজন এগিয়ে উইলিয়ামস বোনদের ছোটজন। সেরেনার যে ধারাবাহিকতা, তাতে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে বড় বোনকে হারিয়ে তাঁর সেমিফাইনালে ওঠাটা শুধুই সময়ের ব্যাপার!
কাগজে-কলমে ব্যাপারটা সে রকম হলেও সেরেনার কাছে ‘বাস্তবতা’ ভিন্ন। মেয়েদের টেনিসে মরিন কনোলি (১৯৫৩), মার্গারেট কোর্ট (১৯৭০), স্টেফি গ্রাফের (১৯৮৮) পর ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম অর্জনের জন্য সবাই যখন তাঁর দিকে তাকিয়ে, তখন চাপে থাকার কথা বলছেন টেনিসের এক নম্বর। সেরেনার কাছে এই চাপের নাম ৩৫ বছর বয়সী ভেনাস, ‘পরের ম্যাচে ভেনাসের বিপক্ষে খেলতে হবে আমাকে। প্রথমে এই চাপটাই সামাল দিতে হবে আমাকে।’
কেন চাপ, সে ব্যাখ্যাও আছে সেরেনার কথায়, ‘সে-ই একমাত্র খেলোয়াড়, যার সঙ্গে আমি খেলতে চাই না। সে আমার বড় বোন শুধু এটাই কারণ নয়, আমার কাছে সে সেরা খেলোয়াড়ও। সে আমাকে অনেকবার হারিয়েছে। সে এমন খেলোয়াড়, যে জানে কীভাবে জিততে হয়, কীভাবে আমাকে হারাতে হয় এবং অন্যদের চেয়ে বেশি ভালো করে জানে কোথায় কোথায় আমার দুর্বলতা।’
১৭ বছর আগে কোর্টে প্রথম মুখোমুখি হয়েছিলেন দুই বোন। প্রথম তিনটি ম্যাচে ভেনাস জিতলেও পরে বড়র ওপর প্রতিষ্ঠা হয়েছে ছোটর রাজ। ২৬টি দ্বৈরথের ১৫টিই জিতেছেন সেরেনা। ভেনাসের বিপক্ষে টানা ৬টি জয়ের রেকর্ডও আছে সেরেনার। তবু ভেনাস তাঁর কাছে কঠিন এক প্রতিপক্ষ, ‘আমরা অনেক টেনিস খেলেছি। তার খেলাটাও আমার মতো। আমি দ্রুত খেলি, সে-ও। সে জোরে বলে হিট করে। আমিও জোরে হিট করি। সে জোরে সার্ভ করে। আমিও জোরে সার্ভ করি। ব্যাপারটা এমন যেন আমি আয়নার সামনে খেলছি।’
ঠিক ১৪ বছর আগে যে দিনে আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে দেখা হয়েছিল দুই বোনের, সেই একই দিনে গ্র্যান্ড স্লামে দুজনের ১৪তম ম্যাচ! কাকতালীয় তো বটেই। আবার বড় বোনকে সামনে পেয়ে সেরেনা মিশ্র অনুভূতিতে আক্রান্ত, ‘যদি হারতেই হয়, অন্য কারও চেয়ে ভেনাসের কাছেই হারতে চাইব। যদিও হারাটা আমি একদমই পছন্দ করি না।’ উন্মুক্ত যুগে স্টেফি গ্রাফের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার পর ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম অর্জনের সামনে দাঁড়িয়ে আজকের যে সেরেনা, এর পেছনেও ‘প্রতিপক্ষ’ ভেনাসের অবদান অকুণ্ঠে স্বীকার করেন তিনি, ‘আমার তৈরি হওয়ার পেছনে অবশ্যই তার অবদান আছে বলে বিশ্বাস করি আমি। সে সব সময়ই জিতত। আমার মনে পড়ে, আমি ওকে হারাতেই পারতাম না।’ সেই সেরেনা এখন বলতে গেলে হারেনই না! গ্র্যান্ড স্লামে টানা ৩২টি ম্যাচ জিতেছেন, ইউএস ওপেনে টানা ২৫টি।
ছোট বোনের এই স্বপ্নযাত্রার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে ভেনাস কী ভাবছেন? তাঁকে যেন একটু দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে, ‘আমি মনে করি না, উৎসবটাকে কেউ ভন্ডুল করে দিতে চাইবে। ইতিহাস তৈরি হোক, মানুষও তা চাইছে বলেই আমার বিশ্বাস।’ ভেনাসের ৭টি গ্র্যান্ড স্লামের দুটি এই ইউএস ওপেনেই (২০০০ ও ২০০১)। বাকি ৫টিই উইম্বলডনে, সর্বশেষটি সেই ২০০৮ সালে। আবার গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে ভাসতে কি ইচ্ছা করছে না তাঁর? ভেনাস বলছেন, ‘অবশ্যই আমি জিততে চাই, তবে এটি বলার চেয়ে করে দেখানোটা বেশি কঠিন।’
সবচেয়ে কঠিন বোধ হয় অপ্রতিরোধ্য সেরেনাকে ঠেকানো! এএফপি।
সেরেনা                 ভেনাস
৯    হার্ডকোর্টে             ৮
২    ক্লে কোর্টে             ১
৪    গ্রাস কোর্টে           ২
৮    গ্র্যান্ড স্লামে           ৫
৬  গ্র্যান্ড স্লাম ফাইনালে   ২