আবারও জোকোভিচের সামনে মারে

ক্লান্তি? না অভিজ্ঞতার অভাব?
পুরো চার সেট জুড়ে অ্যান্ডি মারের সঙ্গে সমানতালে লড়ে গেলেন মিলোচ রাওনিচ। কিন্তু শেষ সেটে এসে একেবারেই হারিয়ে গেলেন ২৫ বছর বয়সী কানাডিয়ান টেনিস খেলোয়াড়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে তাঁকে ৪-৬, ৭-৫, ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-২ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন মারে।
এই ম্যাচের আগের ছয় সাক্ষাতে দুজনই জিতেছিলেন তিনটি করে ম্যাচ। আজও দুজনের মধ্যে যেন একই প্রতিজ্ঞা—বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী! এক সেট রাওনিচ, তো পরের সেট মারে— প্রথম চার সেটে ম্যাচের ভাগ্যটা দুলেছে পেন্ডুলামের মতো। প্রথম সেটটা মারের সার্ভিস ভেঙে ৬-৪-এ জিতে নেন রাওনিচ। দ্বিতীয় সেটের শেষ গেমে আবার রাওনিচকে একই স্বাদ দিলেন মারে। র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে থাকা কানাডিয়ান খেলোয়াড়টির সার্ভ ব্রেক করে ম্যাচে সমতা আনলেন মারে।
তৃতীয় সেটে আবারও এগিয়ে গেলেন রাওনিচ। যদিও সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়তে হয়েছে তাঁকে। ৬-৬ গেমে সমতায় থাকায় সেটটি গড়ায় টাইব্রেকারে। তাতে মারেকে ৭-৪ এ হারিয়ে দেন রাওনিচ। কিন্তু তাতে যেন আঁতে ঘা লাগল র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা মারের। চতুর্থ সেট আবার জিতে নিলেন তিনি।
টুর্নামেন্টে এই প্রথম কোনো ম্যাচে তিনের বেশি সেট খেলতে হলো মারেকে। ক্লান্ত হয়ে পড়ার কথা তো তাঁরই। কিন্তু উল্টো ক্লান্তি পেয়ে বসল রাওনিচকে। নাকি একটু স্নায়ুচাপ ঘিরে ধরেছিল তাঁকে? ক্যারিয়ারে এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালের এত কাছে গিয়ে যেন ভেঙে পড়লেন চাপের কাছে। আর সেই সুযোগে অনেকটা হেসে-খেলেই শেষ সেট জিতে নিলেন দ্বিতীয় বাছাই ব্রিটিশ। কোনো শিশু যেমন উড়ন্ত প্রজাপতি ধরতে পারলে পেলে প্রথমে ছিঁড়ে দেয় সেটির ডানা, অনেকটা তেমন করেই দুর্দান্ত খেলতে থাকা রাওনিচকে বশে নিয়ে এলেন মারে।
রাওনিচের নিজেরও কিছু ভুল ছিল। গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু আনফোর্সড এরর করেছেন। কখনো আবার বল জালে লেগে তাঁর নাগালের বাইরে চলে যায়। মুখে যতটা কঠিন ভাব, ভেতরে যেন ঠিক ততটাই মুষড়ে পড়েছিলেন ২৫ বছর বয়সী কানাডিয়ান। এত এত গ্র্যান্ড স্লাম খেলা মারে আর সেই সুযোগ হাতছাড়া হতে দেননি। নিজের কাজটা ঠিকই গুছিয়ে নিয়ে পঞ্চম সেটটি জিতে নেন ৬-২ গেমে।
এ নিয়ে মোট পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন মারে, টানা দ্বিতীয়বার। এর আগের চারবারই হেরেছেন, তিনবারই ফাইনালের প্রতিপক্ষ নোভাক জোকোভিচের কাছে। দুজনের বয়সের ব্যবধান মাত্র এক সপ্তাহ। দুজন এক সময় প্রশিক্ষণও নিয়েছিলেন একসঙ্গে। কিন্তু ফাইনালে সেই বন্ধুতা থাকার কথা নয়। তবে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম শিরোপা জিততে মারে নিশ্চয়ই ভাগ্যকে খুব করে চাইছেন পাশে। সনি-ইএসপিএন।